ছাই ফেলতে যেমন ভাঙা কুলো, তেমনি গরিব মানুষের ঈদ-বাহন হলো লক্কড়-ঝক্কড় লোকাল বাস। ঢাকা শহরে যেসব বাস চলে, ঈদের সময় সেগুলো দিয়েই চলে যাত্রী পরিবহনের ব্যবসা। এসব গাড়িতে করে গরিব মানুষের বাড়ি যাওয়া-আসার খরচ কমে বটে, কিন্তু জীবনের ঝুঁকি বাড়ে। গত ঈদেও সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এবারও কি সে রকম প্রাণহানির ঝুঁকি চেয়ে চেয়ে দেখবে সরকার?
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমজীবী মানুষের ঈদ পরিবহন বলে কিছু নেই। এ সময় বাসের ভাড়া বাড়ে, টিকিট পাওয়াও কঠিন। অন্যদিকে, রেলে আসন পাওয়া যায় না। এ অবস্থায় রাজধানীর লোকাল বাসই তাঁদের শেষ ভরসা। গতকাল মঙ্গলবারের প্রথম আলোয় এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনাটি এ কারণে উদ্বেগজনক যে এসব ফিটনেসবিহীন স্বল্পপাল্লার গাড়িকে ব্যস্ত মহাসড়কে ওঠানো সমস্যাজনক। এসব গাড়ি দূর গন্তব্যে যাত্রী নিয়ে যাওয়ার জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ।
অথচ সরকার এই শ্রমজীবী মানুষদের জন্য—যাঁরা রিকশা চালান, দিনমজুরি খাটেন অথবা তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত—বিকল্প ব্যবস্থা করতে পারত। অযোগ্য ও স্বল্পপাল্লার বাসকে, তথা ঢাকা থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। তবে এটা করতে হবে বিকল্প ব্যবস্থা করার পরই। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কেন আগেভাগেই বিকল্প ব্যবস্থা করে রাখেনি? যেসব কারখানার নিজস্ব পরিবহন ছিল, সেগুলোকেও সরকার যাত্রী পরিবহনের জন্য ‘রিক্যুইজিশন’ করতে পারত।
আমরা আশা করব, পুলিশ ও ট্রাফিক পুলিশের তদারকির মাধ্যমে মহাসড়কে চলাচল অনুপযোগী বাসগুলোকে উঠতে দেওয়া হবে না। দ্বিতীয়ত, অল্প সময়ের মধ্যে যাত্রীদের সেবায় বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হবে। কিন্তু ঘাড়ের ওপর সমস্যা এসে না পড়লে তারা নড়ে না। আর যখন নড়ে, তখন মুখে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া তেমন কিছুই করার থাকে না।
আরও পড়ুন