শ্রমমন্ত্রীর নরসিংদী সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের নিজ নির্বাচনী এলাকা নরসিংদী সফর নিয়ে কয়েক দিন ধরেই তুলকালাম কাণ্ড ঘটেছে। মন্ত্রীর প্রতিপক্ষ গ্রুপ ‘জনবন্ধু লোকমান হোসেন সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে তাঁর সফর প্রতিহত করতে শনিবার বিক্ষোভ প্রদর্শন এবং রোববার হরতাল পালন করে। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নরসিংদীর মেয়র ও নিহত লোকমান হোসেনের ভাই কামরুজ্জামানসহ কয়েকজন আহত হন। এরপর বিক্ষুব্ধ কর্মীরা কয়েকটি বাসে ও ট্রাকে আগুন দেয় আর ঢাকা-নরসিংদী মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য অবরোধ করে রাখেন। অন্যদিকে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ পুলিশ ও র‌্যাব সদস্যদের সহায়তায় বিশাল আকারের মোটর ও গাড়িবহর নিয়ে নরসিংদীতে আওয়ামী লীগ অফিসের নতুন ভবন উদ্বোধন করেন। তিনি সেখানে এক জনসভায়ও ভাষণ দেন। মন্ত্রী তাঁর ভাষণে নিহত মেয়র লোকমান হত্যার বিচারের দাবি করলেও সেই মামলার একাধিক আসামি মঞ্চেই উপস্থিত ছিলেন। এমনকি মন্ত্রী যখন মঞ্চে ভাষণ দেন, তখন নিহত লোকমান হোসেনের ভাই ও মেয়র কামরুজ্জামানকে পুলিশ বাড়িতেই অন্তরীণ করে রাখে। মন্ত্রীর দাবি অনুযায়ী, লোকমান হোসেন যদি তাঁর ‘সৈনিকই’ হয়ে থাকেন, তা হলে তাঁর ভাইকে কেন তাঁর সফরের সময় বাসায় আটকে রাখা হলো? কেনই বা হত্যা মামলার আসামিদের নিয়ে তিনি জনসভা করলেন? আসামিদের মঞ্চে নিয়ে হত্যার বিচারের দাবি হাস্যকর।১১ মাস পর মন্ত্রী নিজের জেলা শহর বা নির্বাচনী এলাকা সফর করেছেন। এটি কোনো কৃতিত্বপূর্ণ কাজ নয়। অথচ তাঁর সফরকে কেন্দ্র করে ৮২টি তোরণ সাজানো হয়, বের করা হয় ৫০০ মোটরসাইকেল ও ৩০০ প্রাইভেট কারের শোভাযাত্রা। এই তোরণ ও গাড়িবহরের খরচ কারা জুগিয়েছেন, সেই প্রশ্নের উত্তর জানার অধিকার এলাকাবাসীর আছে। মন্ত্রীকে যদি তাঁর নির্বাচনী এলাকায় এভাবে পুলিশি পাহারায় যেতে হয়, সেটি তাঁর দুর্বলতারই প্রকাশ। একজন জনপ্রতিনিধি কেন পৌনে চার বছরের মাথায় এভাবে জনভীতিতে ভুগবেন? ১১ মাসে এলাকায় না যাওয়ার যুক্তি হিসেবে তিনি লোকমান হোসেন হত্যা মামলার তদন্ত প্রভাবিত না করার কথা বলেছেন। কিন্তু ১১ মাস পরে গিয়ে যখন তিনি তালিকাভুক্ত আসামিকে নিয়ে মঞ্চে ওঠেন, তখন মানুষ কী করে তাঁর কথা বিশ্বাস করবে? তাঁর ভাই ও এপিএস এই মামলার আসামি হলেও পুলিশ অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এর প্রতিকারে নারাজির আবেদনও করা হয়েছে।মন্ত্রী দাবি করেছেন, লোকমান হোসেন হত্যার সঙ্গে তাঁর বা তাঁর ভাইয়ের সম্পৃক্ততা নেই। প্রভাবমুক্তভাবে হত্যার বিচারই তাঁর এই বক্তব্য সঠিক কি না, তা প্রমাণ করবে। দেশবাসীর প্রত্যাশা, লোকমান হত্যার বিচার হবে, হত্যাকারীরা যত ক্ষমতাধরই হোক না কেন, তারা শাস্তি পাবে। মন্ত্রীর শোডাউন যাতে সেই বিচারের অন্তরায় না হয়, সেই নিশ্চয়তা সরকারকেই দিতে হবে।