শ্রমিকদের ক্ষোভ প্রশমনের দায়িত্ব সরকারেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে বিপুল প্রাণহানির ঘটনায় চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করে সরকারের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এখন সরকারের উচিত হবে স্বজন হারানো ও সহকর্মীদের অকালমৃত্যুতে ব্যথিত কর্মীদের মনে ন্যায়বিচারের প্রশ্নে আস্থা ফিরিয়ে আনা। দায়িত্বশীল মহল থেকে এ অভাবনীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে এ পর্যন্ত যেসব বক্তৃতা-বিবৃতি দেওয়া হয়েছে, তাকে দ্ব্যর্থহীন ও সুনির্দিষ্ট মনে করা কঠিন। সরকার শিথিল মনোভাব দেখাচ্ছে বলেই অভিযোগ আছে। তাদের এ মনোভাবের পরিবর্তন না ঘটলে শ্রমিক অসন্তোষ আরও তীব্র হতে পারে।ক্ষমতাসীন দলকে বুঝতে হবে, অবৈধ ও ত্রুটিপূর্ণভাবে নির্মিত রানা প্লাজার মালিক যুবলীগের নেতা বলেই সংবেদনশীলতা সৃষ্টি হয়নি। ফাটল ধরার পরও কর্মীদের কাজে যোগ দিতে বাধ্য করার মতো পাষণ্ডতা আগে দেখা যায়নি। তদন্ত কমিটির মুলা ঝুলিয়ে লাভ নেই। এটা বিস্ময়কর যে, অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও একটি তদন্ত কমিটির সদস্য করা হয়েছিল। খোদ শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে তাঁকে বাদ দিতে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে হয়েছে। অন্যদিকে সোহেল রানাকে পালিয়ে যেতে স্থানীয় সাংসদের কথিত সহায়তারও খবর বেরিয়েছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতীয় সংসদকে অবহিত করেন যে রানা প্লাজার মালিককে যুবলীগার হিসেবে বর্ণনা করা হলেও তিনি সেখানকার কমিটিতে তাঁর নাম দেখতে পাননি। এ কথা উচ্চারণের পর তিনি সনাতনি মন্তব্য করেছেন, ‘অপরাধী যে-ই হোক, তাঁকে গ্রেপ্তার করা হবে।’ এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ‘ধাক্কাধাক্কি’-তত্ত্বও নিশ্চয় বিক্ষুব্ধ কর্মীসহ জনমনে ন্যায়বিচার লাভের ধারণা তৈরির জন্য সহায়ক নয়।আইনের কোথাও বলা নেই যে অপরাধীদের গ্রেপ্তারে আলাদা করে নির্দেশ দিতে হবে। অথচ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে মিডিয়া খবর দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে শুক্রবার নির্দেশ দিয়েছেন। পোশাকশিল্পের কর্মীদের ক্ষোভের সঙ্গে গোটা দেশ একাত্ম। সুতরাং, তাঁদের উচিত জ্বলাও-পোড়াও না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা। কোনো কারখানায় হামলা বা তা বন্ধ করতে বাধ্য করার মতো কর্মসূচি কাউকে সুফল দেবে না।