শ্রমিকদের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মে ছিল মে দিবস। দিনটি হলো শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এই অধিকারগুলো (নিরাপত্তা, আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি, সুযোগ-সুবিধা) আদায় করতে ১৮৮৬ সালে প্রাণ দিতে হয়েছিল অনেক শ্রমিককে। যা আজও সবাই শ্রদ্ধাভরে স্মরণ করে। কিন্তু সাভারে রানা প্লাজা ধসে পাঁচ শতাধিক শ্রমিকের মৃত্যুতে সেই অধিকার লুণ্ঠিত হলো। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যু শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে লজ্জার মুখে ফেলেছে।রানা প্লাজা ধসে এত শ্রমিকের মৃত্যুতে জাতি আজ শোকাহত। এই অগণিত শ্রমিকের মৃত্যুতে সবার মাথা হেঁট হয়ে গেছে। তাই এত সব শ্রমিকের মৃত্যুর জন্য যারা দায়ী (মালিক থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিরা) তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে প্রশ্ন জাগে, শ্রমিকদের নিরাপত্তা বিধানে বিজিএমইএ কতটা দায়িত্ব পালন করছে? শ্রমিকদের স্বার্থ কতটা রক্ষা পাচ্ছে?একজন শ্রমিকের মৃত্যুও কখনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গড়ে উঠছে বিশাল বিশাল অট্টালিকা। সেই সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় তৈরি না করায় ভবনগুলো পড়ছে ঝুঁকির মুখে। প্রয়োজন এসব ভবন চিহ্নিত করে পরিত্যক্ত ঘোষণা করা এবং মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।রানা প্লাজা ধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে উদ্ধারকাজে দেখা গেছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও স্বল্পতা। আক্ষেপ রয়েছে আরও উন্নততর যন্ত্রপাতির। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটি নিয়ে ভাববে।২৬ এপ্রিল মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে গঠিত হয় ‘মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল’। ওই অনুষ্ঠানেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তহবিলে ৫৪ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন শ্রমিকের দায়িত্ব নিয়েছে ‘মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল। যত দিন তাঁরা হাসপাতালে থাকবেন, তত দিন তাঁদের চিকিৎসার ব্যয়ভার এই তহবিল থেকে বহন করা হবে।ধন্যবাদ জানাই মেরিল-প্রথম আলোকে আর্তমানবতার সেবায় অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য। প্রয়োজন সবাইকে এভাবে এগিয়ে আসার। সেই সঙ্গে এগিয়ে আসতে হবে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে জোরদার করার জন্য নানা কল্যাণমূলক পদক্ষেপে সহায়তা দেওয়ার।সঞ্জয় কুমার ভৌমিকসহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।