শ্রমিকদের বঞ্চনার অবসান হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক দিবস শ্রমিকদের মধ্যে সংহতি বৃদ্ধি ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে প্রেরণা জুগিয়ে এসেছে। মে দিবসের পথ ধরেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার, বিশেষ করে মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা—এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে পোশাকশিল্প, জাহাজশিল্প, ইমারত নির্মাণশিল্পসহ বাংলাদেশের শ্রমবাজারে তার প্রতিফলন দেখা যায় না। অনেক শিল্পপ্রতিষ্ঠানই শ্রমিকদের বাড়তি সময় কাজ করিয়ে নিলেও ন্যায্য মজুরি দেয় না। দেশে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় শ্রমিকদের পক্ষে জোরদার দর-কষাকষিও করা সম্ভব হচ্ছে না। গত বছর মজুরি বৃদ্ধির আন্দোলনের কারণে তৈরি পোশাক খাতের অনেক শ্রমিককে কাজ হারাতে হয়েছে। প্রবাসী শ্রমিকদের ঝুঁকি ও অনিশ্চয়তা আরও বেশি।

এই প্রেক্ষাপটে সব খাতের শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা প্রয়োজন। সরকারি খাতের কর্মচারীদের বেতন বাড়ার পর বেসরকারি খাতের বেতন-মজুরি বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। শ্রমিকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে আইনি বাধা তুলে নেওয়ার পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়নই পারে দেশের শ্রমিকশ্রেণির স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে।

পয়লা মে সারা পৃথিবীতে বঞ্চনা ও শোষণ থেকে শ্রমজীবী মানুষের মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। এই দিবস পালন তখনই সার্থক হবে, যখন দেশের শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা পাবেন। মালিকদের উপলব্ধি করতে হবে শ্রমিকদের ঠকিয়ে শিল্পের বিকাশ বা মুনাফা আদায় করা যাবে না। দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে শ্রমিকশ্রেণির ওপর যে শোষণ ও বঞ্চনা চলছে, তার অবসান হোক।