জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর সুপারিশের ভিত্তিতে সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়ে নতুন বেতনকাঠামো ঘোষণা করেছে। ৩ জুলাই প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন বেতনকাঠামোটি অনুমোদিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের জন্য এটি একটি বড় সুখবর।
এর আগে একই কমিশনের সুপারিশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে এবং তাঁরা বর্ধিত বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা ইতিমধ্যেই পেয়ে আসছেন। রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের ক্ষেত্রে সিদ্ধান্তটি দেরিতে গৃহীত হলেও তাঁরা বর্ধিত হারে বেতন-ভাতা পেছনের তারিখ থেকে, অর্থাৎ ২০১৫ সালের জুলাই ও ২০১৬ সালের জুলাই থেকে পাবেন। শ্রমিকদের বেতন-ভাতাও প্রায় শতভাগ বাড়ানো হয়েছে।
জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সব শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা মেটানো হয় জনগণের করের টাকায়। তাই যখন তাঁদের বেতন-ভাতা বাড়ানো হয়, তখন তাঁদের কাছ থেকে জনগণের প্রাপ্য সেবার মান ও রাষ্ট্রায়ত্ত খাতের উৎপাদনশীলতা বাড়ানোর প্রশ্নটিও এসে যায়। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবস্থা ভালো নয়, অধিকাংশই লোকসানি প্রতিষ্ঠান। বছর বছর এই লোকসানের বোঝা টেনে চলে জনসাধারণ। তাই শ্রমিকদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ বাড়ানোর সঙ্গে সঙ্গে এই আশঙ্কাও বাড়ে যে উৎপাদনশীলতা না বাড়ালে এসব প্রতিষ্ঠানের লোকসানের বোঝা আরও ভারী হতে থাকবে। মজুরির সঙ্গে উৎপাদনশীলতার যৌক্তিক সম্পর্ক সংশ্লিষ্ট সবাইকেই মনে রাখতে হবে, কারণ উৎপাদনশীলতা না বাড়লে মজুরির যথার্থ সংস্থান সম্ভব হয় না। বছরের পর বছর ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠান চালানোর প্রক্রিয়া টেকসই হওয়া সম্ভব নয়।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের বেতন-ভাতা প্রায় শতভাগ বাড়ানোর ফলে এই খাতে কর্মোদ্দীপনা দ্বিগুণ বাড়া উচিত। অবশ্য শুধু
শ্রমিকদের ওপরই সবকিছু নির্ভর করে না, সার্বিক ব্যবস্থাপনায় যেসব ঘাটতি বা সীমাবদ্ধতা আছে, সেগুলো দূর করতে হবে। উৎপাদনশীলতা বাড়িয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান দূর করে লাভজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনের প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণের উদ্যোগ নিতে হবে। ব্যবস্থাপনার ক্ষেত্রে অদক্ষতা, সিস্টেম লস, অনিয়ম, দুর্নীতি দূর করার কার্যকর ব্যবস্থা প্রয়োজন। অতি প্রয়োজন জবাবদিহি নিশ্চিত করার। জবাবদিহির অভাব থেকেই দায়িত্ব পালনে অবহেলা ও অনিময়-দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ইত্যাদি কারণে কোনো শিল্পপ্রতিষ্ঠানের অগ্রগতি সাধন সম্ভব নয়। সুতরাং এগুলোও দূর করতে হবে।
রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের এই বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেসরকারি খাতের শ্রমিকদের বিষয়টিও বিবেচনায় আসা উচিত। কারণ, তাঁরাও সময়ের ব্যবধানে মূল্যস্ফীতির শিকার, তাঁদেরও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। রাষ্ট্রায়ত্ত খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরিও পুনর্নির্ধারণের সময় হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।