যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রমিকদের স্বার্থে ১৯ জুলাই যে ‘বাংলাদেশ কর্মপরিকল্পনা ২০১৩’ ঘোষণা করেছে, তা অন্তত দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, শ্রমিকদের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা না হলে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় মানসম্পন্ন কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। শ্রমিকেরা কম বেতনে, সীমিত অধিকার নিয়ে, ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করবেন আর আগুনে পুড়ে মরবেন, এটা চলতে দেওয়া যায় না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার জন্য এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের শর্ত আরোপ করায় বাংলাদেশের ভিন্ন চিন্তার অবকাশ সীমিত।কর্মপরিকল্পনার মূল কথা হলো শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধ্য করার জন্য শর্ত আরোপ। এগুলো খুবই প্রাথমিক ধরনের। যেমন: শ্রম, অগ্নিনির্বাপণব্যবস্থা ও কারখানা পরিদর্শকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো, তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা, তাঁদের পরিদর্শন প্রতিবেদন নিয়ে প্রকাশ্য তথ্যভান্ডার গড়ে তোলা, আইন না মানলে কারখানার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা, লাইসেন্স বাতিল প্রভৃতি। শ্রমিক অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য শর্ত হলো, শ্রমিক ইউনিয়নের অধিকার আরও অবাধ করা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানাগুলোতেও শ্রমিক ইউনিয়ন করার পূর্ণ অধিকার, শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা প্রভৃতি।এর আগে ৮ জুলাই জেনেভায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ইইউ-বাংলাদেশ-আইএলওর ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে আগামী দেড় বছরব্যাপী কার্যক্রমের মাধ্যমে শ্রমিকস্বার্থ সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নের পদক্ষেপ গ্রহণের কর্মসূচি গৃহীত হয়। যুক্তরাষ্ট্র এই ত্রিপক্ষীয় উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। ফলে, আন্তর্জাতিক উদ্যোগগুলো নতুন মাত্রা অর্জন করল। এই সমন্বিত উদ্যোগের বৈশিষ্ট্য হলো, এটা শুধু নির্দেশনামূলক নয়, সহযোগিতামূলকও।বাংলাদেশে পোশাকশিল্প খাত চমকপ্রদ সাফল্য লাভ করলেও শ্রমিকদের দিকটি আগাগোড়া অবহেলিত থেকে গেছে। রানা প্লাজা, স্পেকট্রাম ভবন, ফিনিক্স ভবন ধস, তাজরীন ফ্যাশনসে আগুনসহ অনেক বিয়োগান্ত ঘটনায় দেখা গেছে, শ্রমিকদের জীবন কত অনিরাপদ। কিন্তু পোশাকশিল্পের মালিক ও কর্তৃপক্ষ বারবার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়। এর চেয়ে উদ্বেগের বিষয় আর কী হতে পারে!সুতরাং, আর কালক্ষেপণের সুযোগ নেই। বিদেশের নয়, মাথাব্যথা আমাদেরই হতে হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, এ পর্যন্ত দেশীয় শিল্পমালিক ও কর্তৃপক্ষ এ বিষয়ে ঔদাসীন্য দেখিয়ে আসছে। বাংলাদেশ যদি দ্রুত পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে এর পরিণাম হবে ভয়াবহ।সরকার সম্প্রতি শ্রম আইন সংশোধন করেছে। কিন্তু এটা যথেষ্ট নয়। গতকাল রোববার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতিও স্বীকার করেছেন যে শ্রমিকের স্বার্থে আরও কিছু করা দরকার। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানাগুলোতে শ্রমিক ইউনিয়ন করার সুযোগ নিশ্চিত করার কথা তিনিও বলেছেন।শ্রমিকের স্বার্থ নিশ্চিত করার জন্য তো বটেই, সেই সঙ্গে জিএসপি সুবিধা ফিরিয়ে আনার জন্যও এদিকে নজর দেওয়া দরকার।