প্রত্যন্ত অঞ্চলে ফসল কাটার মৌসুম ছাড়া খেটে খাওয়া মানুষের তেমন কাজ নেই বললেই চলে। সেখানে সরকারি প্রকল্পগুলো তাঁদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এমনকি সাধারণ মানুষের কথা মাথায় রেখেই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং কর্মসৃজন প্রকল্পের মতো নিয়মিত কিছু কার্যক্রম হাতে নিয়ে থাকে সরকার। তেমন একটি প্রকল্পে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এক মাসের বেশি সময় ধরে কাজ করেছেন দুই সহস্রাধিক শ্রমিক। কিন্তু যথাসময়ে মজুরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আরও বেশি দুর্ভোগের মুখে পড়েছেন খেটে খাওয়া এসব মানুষ।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বদরগঞ্জ উপজেলায় কর্মসৃজনের শ্রমিক রয়েছেন ১ হাজার ৫৭১ ও তারাগঞ্জে ৯০০ জন। প্রতিদিন একজন সাধারণ শ্রমিক মাটি কাটার কাজ করে পাবেন ৪০০ টাকা, দলনেতারা পাবেন ৪৫০ টাকা। বদরগঞ্জে কাজ শুরু হয় গত ৮ জানুয়ারি এবং তারাগঞ্জে ১৫ জানুয়ারি থেকে। বিধি অনুযায়ী, শ্রমিকেরা কাজ করবেন ৪০ দিন। ওই দুই উপজেলায় কর্মসৃজন প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকা। প্রকল্প হাতে নেওয়া হয়েছে ১৩৫টি। প্রকল্পের কাজ এখনো চলছে। ইতিমধ্যে বদরগঞ্জে ৩৫ দিন ও তারাগঞ্জে ২৯ দিন কাজ করেছেন শ্রমিকেরা। বিধি অনুযায়ী, তাঁদের প্রতি সপ্তাহে মজুরি পাওয়ার কথা। এখন পর্যন্ত এক দিনের মজুরিও না পাওয়ায় শ্রমিকেরা পরিবার নিয়ে অসহায় পরিস্থিতিতে পড়ে গেছেন।
বদরগঞ্জের দামোদরপুরের একজন শ্রমিক বলেন, রিকশা চালিয়ে তিনি পাঁচ সদস্যের সংসার চালাতেন। করোনার সময় রোজগার কমে যায়। বাধ্য হয়ে তিনি কর্মসৃজন প্রকল্পে নাম লেখান। তাঁর দৈনিক মজুরি পাওয়ার কথা ছিল ৪০০ টাকা। কিন্তু ৩৫ দিন কাজ করার পর একটি টাকাও পাননি। এতে পাঁচ সদস্যের পরিবারে খাবার জোগাতে পারছেন না। বদরগঞ্জের লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান রাকিব হাসান জানান, তাঁর ইউপিতে কর্মসৃজনের ১৬২ জন শ্রমিক কাজ করছেন। টাকা কবে দেবে, সেটা তাঁরাও বলতে পারছেন না।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাই বলছেন, টাকা বরাদ্দ আছে এবং সরকারি নির্দেশনা অনুসারে শ্রমিকদের মুঠোফোনে হিসাবও খুলে দেওয়া হয়েছে। তাহলে শ্রমিকদের মুঠোফোনে মজুরি হস্তান্তরে বিলম্ব হবে কেন? বিষয়টি দুঃখজনক। গড়িমসি না করে দ্রুত মজুরি দিয়ে দেওয়া হোক শ্রমিকদের। চলমান গোটা প্রকল্পে এ সমস্যা নিয়ে আবারও কোনো অভিযোগ উঠুক, এমনটি আমরা চাই না।