শ্রীপুরে ধুলামাটির সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধির খবর থেকে জানা যায়, শ্রীপুর চৌরাস্তা থেকে ঘুমটিঘর রেললাইন পর্যন্ত ১ দশমিক ৪০ কিলোমিটার সড়ক সংস্কার করা হলেও বাকি সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি অংশে শুধু ইটের সুরকি বিছিয়ে রাখা হয়েছিল। কিন্তু এখন অনেক স্থানে তা-ও খুঁজে পাওয়া যায় না। এর ফলে বৃষ্টি হলে কাদামাটি আর রোদ থাকলে ধুলার আস্তরণে ভরে থাকে সড়ক। ১৬ মে প্রথম আলোয়খবরের পাশাপাশি যে দুটি ছবি ছাপা হয়েছে, তার একটিতে দেখা যায়, বৃষ্টিতে জমে থাকা কাদা উজিয়ে ও অপরটিতে ধুলার দুর্গম পথ পাড়িয়ে যানবাহন চলাচল করছে।

কেন এমনটি হবে? গুরুত্বপূর্ণ শিল্প এলাকার সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি কেন সংস্কার হবে না? খোঁজখবর নিয়ে জানা গেছে, সড়কের মূল কাঠামোই দুর্বল। অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক মনে করে, বর্তমানে সড়কের যে কাঠামো আছে, তা ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। তাই নতুন দরপত্র আহ্বান করতে হবে।

একেই বলে ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। আরও অনেক প্রতিষ্ঠানের মতো স্থানীয় সরকার মন্ত্রণালয়ও সেই কাজটিই করেছে। এর ফলে পণ্যবাহী ভারী যানবাহন চলাচলই শুধু ব্যাহত হচ্ছে না, দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির বহু মানুষ। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১ হাজার ২০০ শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে। ইতিমধ্যে অনেকে শ্বাসকষ্ট, হাঁপানি, ঠান্ডা ও ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। সামনের বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও নাজুক হবে।

প্রদীপের পাশে এই অন্ধকার আর কত দিন? যথাসম্ভব দ্রুত নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা হোক।