শ্রীপুরে বর্জ্যে বেহাল জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় চারটি হচ্ছে বাংলাদেশের। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরও আছে। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স এ তালিকা প্রকাশ করেছে। শ্রীপুর কেন এ তালিকায় স্থান করে নিল, সেখানকার বর্জ্য ব্যবস্থাপনার দিকে তাকালে বিষয়টি সহজে বেরিয়ে আসে। আদতে দেশের অন্যান্য পৌরসভার মতো এখানেও নিজস্ব কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। খালের পাশে রাস্তার ওপরে বর্জ্য ফেলে রাখা হয়। এর মধ্যে বর্জ্যে আগুন লাগিয়ে দিয়ে ভয়াবহভাবে পরিবেশ দূষণ করা হচ্ছে। এমনকি পোড়া বর্জ্যের ধোঁয়ার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হয়। সেই ধোঁয়া শুধু জনজীবনকেই বিপর্যস্ত করছে না, সড়কে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও তৈরি করেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুখলা খালের ওপরে সাত বছর ধরে শ্রীপুর পৌরসভা এবং এর আশপাশজুড়ে ছড়িয়ে থাকা শিল্পকারখানার বর্জ্য ফেলা হচ্ছে। এর মধ্যে পরিবেশের বিশাল ক্ষতি হয়ে গেছে। প্রথম আলোর প্রতিনিধি জানালেন, দুখলার সঙ্গে সংযুক্ত গাজীপুরের সবচেয়ে বড় খাল লবলংও এই বর্জ্যের কারণে পুরোপুরি দূষিত হয়ে গেছে। অথচ একসময় এ খালগুলো ছিল পরিষ্কার ও স্বচ্ছ এবং মাছের আধার। দুখলা খালের সেতুর দুই পাশে ১০০ বিঘার মতো জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। আশপাশের শতাধিক বড় গাছ মৃতপ্রায়। সেখানকার কয়েকটি গ্রামের ঘরবাড়ির টিনও দুই বছরের বেশি টেকে না, বর্জ্যের বিষাক্ত গ্যাসের কারণে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।

পরিবেশ অধিদপ্তর জরিমানা করেও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে থামাতে পারছে না। একবার জরিমানার পর নির্দিষ্ট সময়ের আগে আবার জরিমানা করার সুযোগ না থাকায় রাতের আঁধারে ট্রাকে ট্রাকে বর্জ্য ফেলে তারা। যেখানে কয়েকটি হাসপাতাল-ক্লিনিকের মেডিকেল বর্জ্যও আছে। পৌরসভা কর্তৃপক্ষ বর্জ্য ডাম্পিং স্টেশন করার জন্য একটি জায়গা নির্ধারণ করলেও সেটি কখন বাস্তবায়িত হবে, তার কোনো ঠিক নেই। জায়গাটিতেই বর্জ্য ফেলার নির্দেশনা থাকলেও শহরের বাসাবাড়ির ময়লা সংগ্রহকারী সিন্ডিকেট ও শিল্পপ্রতিষ্ঠানগুলো দুখলার পাশেই বর্জ্য ফেলে যায়। এমনভাবে বর্জ্য ফেলা হয়, মহাসড়ক পর্যন্ত আটকে যায়। শ্রীপুরের ভয়াবহ এই অব্যবস্থাপনা নিয়ে প্রথম আলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে। স্থানীয় পরিবেশ সংগঠনগুলো বারবার রাস্তায় নেমেছে। এরপরও সেখানকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পৌরসভার মেয়র ও স্থানীয় প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই? বৈশ্বিক তালিকায় নাম উঠে যাওয়ার পরও কি তাদের কোনো বোধোদয় হবে না?