দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশের শীর্ষ পর্যায়ের নেতার সফর গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। পারস্পরিক আস্থা বাড়াতে এর প্রয়োজনীয়তা আছে। এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার তিন দিনের ঢাকা সফর কূটনৈতিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে আশা করা যায়, বিশেষ করে যখন দক্ষিণ এশীয় দেশগুলোর সম্পর্কে একধরনের টানাপোড়েন চলছে।
প্রেসিডেন্ট সিরিসেনার সফরকালে একটি মাত্র চুক্তি সই হয়েছে, যাতে ভিসা ছাড়াই কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা একে অপরের দেশ সফর করতে পারবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের চুক্তির প্রয়োজনীয়তা অস্বীকার করা না গেলেও এ থেকে বৃহত্তর জনগোষ্ঠী লাভবান হবে না। সার্কের আওতায় সদস্য সব দেশের সঙ্গেই এই চুক্তি হতে পারত। দুর্ভাগ্যজনক হলো সার্ক এখন কার্যত ‘মৃত ঘোড়া’।
তবে সিরিসেনার সফরের সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে কৃষি, উচ্চশিক্ষা, উপকূলীয় জাহাজ চলাচল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কেন্দ্রীয় ব্যাংক, ফরেন সার্ভিস ইনস্টিটিউট, রেডিও, ফিল্ম ও টিভির সম্প্রচার, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (এসএলএসআই), সংবাদ সংস্থাসহ বহু বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে। অপেক্ষাকৃত উন্নত অর্থনীতি ও দক্ষ জনশক্তির দেশ শ্রীলঙ্কার কাছ থেকে এসব ক্ষেত্রে সহযোগিতা আমাদের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে আশা করা যায়। কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কিংবা এর বাইরে আমরা দেশটি থেকে কী কী সুবিধা নিতে পারি, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও পরিকল্পনা থাকতে হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরের সময় দুই দেশ চলতি বছরের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের বিষয়েও একমত হয়েছে। এটি হবে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের প্রথম চুক্তি। আমাদের ব্যবসায়ী নেতারাও দ্রুত চুক্তি সইয়ের তাগিদ দিয়েছেন। প্রস্তাবিত চুক্তির সুবিধা পেতে হলে আমাদের এমন পণ্য উৎপাদন ও রপ্তানির দিকে নজর দিতে হবে, শ্রীলঙ্কায় যার প্রচুর চাহিদা আছে। কয়েক বছর আগেও দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশের অনুকূলে ছিল, বর্তমানে শ্রীলঙ্কার। এ অবস্থায় মুক্তবাণিজ্য চুক্তির সুবিধা পেতে হলে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশে শ্রীলঙ্কার বিনিয়োগ বাড়ানোর চেষ্টাও অব্যাহত রাখতে হবে।