শ্রীলঙ্কায় গণতন্ত্রের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী মাইথ্রিপালা সিরিসেনার কাছে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পরাজয় এই সত্যই আমাদের সামনে তুলে ধরে যে কর্তৃত্ববাদী শাসন দিয়ে কিংবা কেবল অতীতের কোনো সাফল্যকে পুঁজি করে নির্বাচনী বৈতরণি পার হওয়া যায় না।
অস্বীকার করার উপায় নেই যে রাজাপক্ষে শ্রীলঙ্কার একজন অভিজ্ঞ রাজনীতিক। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৯ সালে তিনি তামিল বিদ্রোহ দমনের মাধ্যমে আড়াই দশক স্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটান। সেটি তাঁর শাসনামলে একটি সাফল্যের পালক হলেও ব্যর্থতার পাল্লাই ভারী বলে বিশ্লেষকেরা মনে করেন। প্রথমত, যে সেনাধ্যক্ষের অধীনে তামিলবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল, ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রাজাপক্ষের প্রতিদ্বন্দ্বী হওয়ার পর কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। রাজনৈতিক বিরোধীদের প্রতি রাজাপক্ষে বরাবরই কঠোর ছিলেন। গণমাধ্যমও তাঁর রোষানল থেকে রেহাই পায়নি। নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে তিনি সংবিধান সংশোধন করতেও দ্বিধা করেননি।
সর্বোপরি তাঁর কর্তৃতবাদী শাসন যে দল–মতনির্বিশেষে সব বিরোধীপক্ষকে এককাট্টা করেছিল, নির্বাচনী ফলাফলে তারই প্রমাণ মেলে। রাজাপক্ষের এককালীন স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
২০১০ সালের নির্বাচনে তাঁর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে যে তামিল বিদ্রোহ দমনের ভূমিকা রেখেছিল, তাতে সন্দেহ নেই। তবে সাম্প্রতিক কালে পণ্যের মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
আমরা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে রাজাপক্ষেও ধন্যবাদ পেতে পারেন এ কারণে যে তিনি নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। নির্বাচনের আগে বিরোধীদের তীব্র বিষোদ্গার করলেও এখন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর কথা বলেছেন। এটি গণতন্ত্রের বিজয়।
এই নির্বাচন থেকে আমাদের দেশের রাজনীতিকদেরও অনেক শিক্ষণীয় আছে। একটি ঝঞ্ঝাবিক্ষুব্ধ দেশে যদি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে পারে, আমাদের দেশে কেন পারবে না?