শয়নকক্ষে হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি তাঁদের নিজ শয্যা বা শয়নকক্ষে নিহত হওয়ার পর কেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন, শয়নকক্ষে পাহারা দেওয়ার ব্যবস্থা সরকার করতে পারে না। মানুষের জীবনে যেমন অদৃষ্টের পরিহাস বলে একটা কথা আছে, তেমনি রাষ্ট্রীয় জীবনেও। প্রধানমন্ত্রীর স্বীকারোক্তিকে সত্য প্রমাণিত করার জন্যই যেন ডাকাতদের হাতে নিহত হলেন বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসকনেতা নারায়ণ চন্দ্র দত্ত (৪৭)। তিনি নিজ শয়নকক্ষে নির্মমভাবে নিহত হলেন গত বৃহস্পতিবার ভোররাতে। ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনির নিজ শয্যাকক্ষে নিহত হওয়া ও চিকিৎসক নারায়ণের হত্যাকাণ্ডের মাঝখানের সময়টুকুতে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে একই নিয়মে—কোনো কোনোটি শয্যাকক্ষে না হলেও বাসগৃহের মধ্যে। ফলে নাগরিক নিরাপত্তাবোধের শেষ আশ্রয়টি হুমকির মুখে পড়ায় দেশবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সপরিবারে নিজ বাসগৃহে নিহত হয়েছিলেন, যদিও তিনি সিঁড়িতে নিহত হয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে সাম্প্রতিক কালে শয্যাকক্ষে খুনের ঘটনাগুলো যোগ করলে ধরে নিতে হবে, শয্যাকক্ষের প্রতীকী গুরুত্ব যেন বদলে গেছে। সাধারণভাবে বাসগৃহের মধ্যে শয্যাকক্ষ সর্বোত্তম নিরাপদ প্রকোষ্ঠ বলে বিবেচিত হয়। কিন্তু এখন সেটা হয়ে পড়ছে সে কামরাটি, যেখানে মানুষ জীবিত অবস্থা থেকে মৃত্যুর জগতে চলে যাচ্ছে। শয্যাকক্ষের নিরাপদ তন্দ্রা থেকে চিরনিদ্রার অবস্থানে চলে যাওয়ার প্রতীকী ব্যবহার শেক্সপিয়ার তাঁর ম্যাকবেথ নাটকে করেছেন। রাজা ডানকান ম্যাকবেথের অতিথি হিসেবে নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিলেন শয্যাকক্ষে। তাঁকে ঘুমের মধ্যেই ছুরি চালিয়ে হত্যা করলেন ম্যাকবেথ, যাঁর গৃহস্বামী হিসেবে মৌলিক দায়িত্ব ছিল অতিথিকে রক্ষা করা, হত্যা করা নয়। হত্যা করার পর ম্যাকবেথের বিবেক জেগে উঠল, তিনি অনুভব করলেন যে রাজা ডানকানকে হত্যার মধ্য দিয়ে আসলে তিনি নিজের মনের শান্তি বা ঘুমকে হত্যা করেছেন। চিৎকার করে বললেন, আর ঘুমিয়ো না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। ঠিক সে রকম বঙ্গবন্ধুর পরিবার, সাগর-রুনি, চিকিৎসক নারায়ণসহ আর যাঁরা শয্যাকক্ষে নিহত হয়েছেন, তাঁরা একটি কথাই প্রমাণ করছেন যে বালিশে মাথা রেখে জাতি নিশ্চিন্তে ঘুমোতে পারবে, সে অবস্থা বোধ হয় আর রইল না। সাগর-রুনি হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর উক্তিটি জাতিকে সে জন্য চমকে দিয়েছিল। সেদিন নিশ্চয় তাঁর অবচেতন মনে এ অনুভূতি কাজ করেছিল যে যেখানে জাতির পিতা এবং তাঁর পরিবারকে শয্যাকক্ষ নিরাপত্তা দিতে পারেনি, সেখানে সাধারণ নাগরিকেরা কীভাবে নিরাপত্তা পাবে! পত্রিকা পড়ে জানলাম, ‘রাজধানীর কাঁঠালবাগানে নিজ বাসায় ঢাকা ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম (৩৫) খুন হয়েছেন। রোববার সকালে খাটের ওপর থেকে তাঁর রক্তাক্ত ও গামছা দিয়ে দুই হাত বাঁধা লাশ উদ্ধার করে কলাবাগান থানার পুলিশ।’ (প্রথম আলো, ২৭ আগস্ট, শেষের পাতা)। কিন্তু অদৃষ্টের পরিহাস এই যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখন তিনিই সে নিরাপত্তার জিম্মাদার। শয্যাকক্ষে হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়ার ঘটনা সে জন্য দেশের যেকোনো নাগরিকের চেয়ে বেশি বিমূঢ় করবে তাঁকে। তিনি বিমূঢ় আর স্বরাষ্ট্রমন্ত্রীর শিরঃপীড়ার কারণ এটা যে চিকিৎসক নারায়ণ নিহত হয়েছেন তাঁর সরকারি বাসভবনে। তাঁর দোতলা ঘরের দ্বিতল বারান্দার গ্রিল মচকে ঢুকে পড়েছিল সাতজন ডাকাত। তারা মনে করেছিল, ঘর খালি আছে। কিন্তু নারায়ণ ঘুমিয়ে ছিলেন। তিনি প্রতিরোধ দিলে ডাকাতদল তাঁকে ছুরি চালিয়ে মেরে ফেলে। ডিবি পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো: পেদা মাসুদ (৩০), মো. ফয়সাল (৩০), পিচ্চি কালাম (২৬) ও সাইদুল ইসলাম (৩৭)। র‌্যাবও একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম কামাল। কামালের স্বীকারোক্তি অনুযায়ী, নারায়ণের শোবার কামরা থেকে তারা ৫০ ভরি স্বর্ণ ও ১৫ লাখ টাকা চুরি করে। পুলিশ এ ব্যাখ্যা দিলেও অন্য ব্যাখ্যাটিও তদন্ত করতে প্রস্তুত যে নারায়ণ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কি না। তা হলে দেখা যাচ্ছে, নাগরিকের সাধারণ শয্যাকক্ষ শুধু নয়, সরকারি বাসভবনের শয্যাকক্ষও নিরাপদ নয়। কোনো সমাজে কোনো সরকার দেশব্যাপী নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় সৃষ্টি করতে পারে না, এটা সবাই জানে। শয্যাকক্ষে স্বামী যদি স্ত্রীকে মেরে ফেলে, সেখানে সরকার কী করবে? কিন্তু সরকারের কাজ হলো অপরাধ দমনের কার্যকর ব্যবস্থা করা। দৃষ্টান্তমূলক শাস্তি হলে গড়পড়তা অপরাধপ্রবণতা কমে যাবে। স্ত্রীকে হত্যার দায়ে একজন স্বামীর ফাঁসির অর্থ হলো বিপথগামী অন্য স্বামীদের সতর্ক হয়ে যাওয়া। আমাদের দেশে স্ত্রী-হন্তারক স্বামীরা তবু ফাঁসিকাষ্ঠে ঝুলেছে দু-একবার, যেমন ডা. ইকবাল (সালেহার স্বামী) এবং মুনির (শারমিন রীমার স্বামী), কিন্তু রাজনৈতিক ও পরিকল্পিত হত্যাকাণ্ডগুলোর শাস্তি প্রায় হচ্ছেই না। যেমন, আলামতে বোঝা যাচ্ছে চিকিৎসক নারায়ণের হত্যাকাণ্ডের অভিযোগে যাঁরা ধরা পড়েছেন, তাঁরা হয়তো শেষ পর্যন্ত শাস্তি পাবেন। যদিও এ প্রশ্নটারও উত্তর পাওয়া দরকার যে নারায়ণের শয্যাকক্ষে যে অত টাকা এবং স্বর্ণ ছিল, এ তথ্য খুনিদের কাছে গেল কী করে! সাধারণত অপরাধীরা—ছিনতাইকারী হোক বা ডাকাত বা খুনি হোক—আগাম খবর না নিয়ে টার্গেট ঠিক করে না। পুলিশ নিশ্চয় আগাম খবর পাওয়াটা কীভাবে হলো, সেটা উদ্ঘাটন করতে পারবে। নারায়ণের হত্যাকাণ্ডের তুলনায় সাগর-রুনির হত্যাকাণ্ড জটিল মনে হচ্ছে (ঠিক যেমনটি বিএনপির নেতা ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার ঘটনাটাও জটিল), কেননা নারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে—ধারণা করছি—সরাসরি দারিদ্র্য জড়িত, যাঁরা তাঁর শয্যাকক্ষে গিয়েছিলেন তাঁরা চুরি করতে গিয়েছিলেন। কিন্তু সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের কূল-কিনারা সরকারি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংস্থাগুলো এখনো করে উঠতে পারেনি। সম্প্রতি র‌্যাবের উদ্যোগে আমেরিকার অপরাধ চিহ্নিতকরণ সংস্থার সহায়তায় ডিএনএ পরীক্ষা করে অপরাধী শনাক্তকরণ কাজ এগিয়ে চলছে। এ ব্যাপারে সফলতা লাভ করলে ভবিষ্যতের অপরাধকাণ্ডে ডিএনএ পরীক্ষার মারফত অপরাধী শনাক্তকরণ পদ্ধতির ব্যবহার বাড়বে। তার পরও সাগর-রুনির হত্যাকাণ্ডটি খুবই সংবেদনশীল বলে প্রতীয়মান হচ্ছে এ জন্য যে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে আসামি ধরার আশা করেছিলেন, সেখানে ছয় মাস পর্যন্ত কিছুই না হওয়ায় ঘটনার পেছনে নানা স্তরের প্রভাবশালী মহল জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁরা দুজনই যেহেতু মিডিয়ার লোক ছিলেন, খবর প্রকাশ করা যেহেতু তাঁদের পেশাগত দায়িত্ব ছিল, তাই ধারণা করা হচ্ছে, এমন একটা সংবাদ তাঁদের হাতে ছিল, যেটা প্রকাশ পাক এটা হয়তো ক্ষমতাশালী সমাজপতিদের কোনো কোনো মহল চায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা তাই নারায়ণ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাধারণভাবে প্রস্ফুটিত, কিন্তু সাগর-রুনির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চূড়ান্তভাবে প্রস্ফুটিত। কারণ, এর সঙ্গে আইনশৃঙ্খলার প্রতি সরকারের অভিব্যক্তির চারিত্রসম্পর্কিত। নারায়ণ হত্যাকাণ্ডের পর পুলিশ পাশের মহাখালী বস্তিতে হানা দিল এবং সাতজনের মধ্যে ঠিকই পাঁচজনকে গ্রেপ্তার করল, যাঁরা—তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী—ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ঠিক একইভাবে একই রকম দক্ষতা প্রয়োগ করে সাগর-রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ হত্যাকারী হিসেবে যারা সাগর-রুনির শয্যাকক্ষে উপস্থিত ছিল, তাদের ধরতে পারল না কেন, সে প্রশ্নটা উঠে আসবে। যদি ধরতেও পারত, ধরল না কেন, কোথায় আটকাল—এসব প্রশ্ন যখন উঠে আসে, তখন বোঝা যায়, আরও শক্তিশালী মহল এ ঘটনার সঙ্গে জড়িত। অপরাধকাণ্ড উদ্ঘাটনের সময় ফিল্ডে কর্মরত সৎ পুলিশ অফিসারের তৎপরতার সঙ্গে তাঁর ওপর মহলের আপসকামিতার মধ্যে বিরোধ হলিউড ও বলিউডের বহু ছবির একটি প্রিয় বিষয় (যেমন—ক্লিন্ট ইস্টউড অভিনীত ডার্টি হ্যারি), কিন্তু চলচ্চিত্রের বাস্তব রূপায়ণ আমাদের দেশেও হয়তো হচ্ছে, যদিও আমরা জানতে পারছি না।অপরাধ দমনে সরকারের ব্যর্থতা নির্ণীত হবে হত্যাকাণ্ড উদ্ঘাটনপর্বে তার আন্তরিকতা নিয়ে যখন জনমনে প্রশ্ন দেখা দেবে। জনমনে যদি একবার এ সন্দেহের উদ্রেক হয় যে দুষ্টের লালন হচ্ছে, তা হলে নিজের শয্যাকক্ষে রাতে ঘুমোতে যেতে আতঙ্কিত বোধ করবেন অনেক শান্তিকামী নাগরিকই। আর যেসব মহল বা শক্তির লালন-পালনের কারণে সাগর-রুনির হত্যাকাণ্ডের উদ্ঘাটন ধীরগতিতে এগোচ্ছে, তারা সরকার বিপদে পড়লে কী ভূমিকা পালন করবে, সেটা বুঝতে হলে সরকারকে অনুরোধ করি ১৫ আগস্টে বঙ্গবন্ধু যখন স্বগৃহে নিহত হয়েছিলেন, তখন বঙ্গবন্ধুর বিশ্বস্ত বিভিন্ন স্তরের লোক কী ভূমিকা পালন করেছিলেন, সেটি জানতে। এসব লোকের ভূমিকার একটি বিস্তৃত বয়ান দিয়েছেন ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান ১৫ আগস্ট ২০১২, জাতীয় শোক দিবস উপলক্ষে পত্রিকাটির প্রকাশিত সাময়িকীর একটি নিবন্ধে, যেটা সরকারি দলের অনেকে নিশ্চয় পড়েছেন। যেকোনো সরকারের ব্যর্থতা একটা জাতীয় ব্যর্থতাও বটে। কাজেই সাধু সাবধান।অধ্যাপক ড. মোহীত উল আলম: বিভাগীয় প্রধান, ইংরেজি, ইউল্যাব, ঢাকা।