ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাওয়ায় এই সংশোধনী বাতিলের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের অবস্থান ও যুক্তির বিষয়টি পরিষ্কার হয়েছে।
সংবিধানের ষোড়শ সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল। এটা বিচার বিভাগের ওপর আইনসভা ও নির্বাহী বিভাগের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। অর্থাৎ রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে ভারসাম্যের পরিবর্তে বিচার বিভাগের ওপর অন্য দুই বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠার আশঙ্কা দেখা দিয়েছিল। সংবিধান স্বীকৃত মৌলিক কাঠামোর একটি দিক হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এটা পরিবর্তন করার সুযোগ নেই। আপিল বিভাগের রায়ে এই সংশোধনী তাই বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ও সংবিধানের লঙ্ঘন হিসেবেই বিবেচিত হয়েছে।
আমরা মনে করি, আপিল বিভাগের এই রায় সংবিধানের মূল চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইনের শাসন নিশ্চিত করার জন্য স্বাধীন বিচার বিভাগের কোনো বিকল্প নেই। তবে এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে যাওয়া ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহালকে রাষ্ট্রের কোনো বিভাগের জয় বা পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই। ক্ষমতার পৃথক্করণ নিশ্চিত করে রাষ্ট্রের তিনটি বিভাগের ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষার বিষয়টিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সাধারণ সূত্র মেনেই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলো পরিচালিত হয়।
রায়ে আপিল বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে বিচারকদের জন্য যে ৩৯ দফা নির্দেশনা দিয়েছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনের দিনের কর্মপদ্ধতিকে সহজ করে দেবে। আমরা আশা করব, এই রায় কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্রের তিনটি বিভাগ নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবে।
আপিল বিভাগের রায়ে দেশের ধারাবাহিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যে পর্যবেক্ষণগুলো এসেছে, সেই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। আমাদের বর্তমান গণতন্ত্রের দুর্বলতা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া, সংসদের যথাযথ ভূমিকা পালনের ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতা—এই দিকগুলো বিবেচনায় নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর আত্মোপলব্ধি জরুরি। গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখতে ও দেশে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণ নিয়ে আমাদের গভীর চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।