ষোড়শ সংশোধনী বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা সংশোধনীটির বৈধতা চ্যালেঞ্জ করতে আদালতের শরণাপন্ন হয়েছিলেন, তাঁরা এমন যুক্তিও দেখিয়েছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই ওই সংশোধনী। আমরা আশা করব যে নির্বাহী বিভাগ দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রতিষ্ঠিত রেওয়াজ অনুযায়ী গঠনমূলকভাবে গ্রহণ করবে এবং এ বিষয়ে জনগণের কাছে প্রতীয়মান থাকা চলমান বিরোধপূর্ণ বিতর্কের অবসান ঘটবে।

অ্যামিকাস কিউরিদের বক্তব্য ও হাইকোর্টের রায়ে এটা জোরালোভাবেই সমর্থিত যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিদ্যমান তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থার সংস্কার সাধনের সুযোগ রয়েছে। এর বড় কারণ সাংবিধানিকভাবে এটি গলদপূর্ণ। কাউন্সিল স্বাধীনভাবে উচ্চ আদালতের বিচারক, নির্বাচন কমিশনারসহ অন্য কিছু সাংবিধানিক পদধারীর আচরণ বা সামর্থ্যগত বিষয় তদন্তযোগ্য মনে করলেও তাঁরা কাজ শুরু করতে পারবেন না। তাঁদের কার্যত প্রধানমন্ত্রীর পূর্বানুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। এ ব্যবস্থার সংস্কার প্রয়োজন। সবচেয়ে বড় কথা, বিচারক অপসারণ নয়, বিচারক নিয়োগব্যবস্থা উন্নতকরণে মনোযোগ দিতে হবে। এ জন্য সরকার ও সংসদের চেয়ে সুপ্রিম কোর্টের নিজের ভূমিকা আরও বেশি কার্যকর ও স্বচ্ছ হওয়াটাই সময়ের দাবি। আশার কথা, ষোড়শ সংশোধনীর আপিল শুনানির সময়ে আদালত কিছু পর্যবেক্ষণ দেওয়ার কথা বলেছেন।

রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা বা সংসদ ও বিচার বিভাগ—কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়। ক্ষমতার ভারসাম্য বিধানে এই তিনটি অঙ্গের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তৃত্বের সীমা রয়েছে। সংসদ প্রণীত আইন আদালতের রায়ে বৈধতার স্বীকৃতি না পেলে তাতে সংসদের ভাবমূর্তি মোটেও ক্ষুণ্ন হয় না। অতীতে আদালতের রায়ে বাতিল হওয়া পঞ্চম, অষ্টম কিংবা ত্রয়োদশ সংশোধনীগুলোও জাতীয় সংসদেই পাস হয়েছিল। আমরা আশা করব, ষোড়শ সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হবে।