গত শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি কোনো এক সময়ে সিঙ্গাপুরে নুরুল কাদের খানের সঙ্গে দেখা হলো। ঝিলু নামে সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অধিকতর পরিচিত নুরুল কাদের খান পাকিস্তান আমলে ছিলেন তরুণ আমলা, যাঁদের আমরা সিএসপি অফিসার বলতাম। দু-একটি ব্যতিক্রম ব্যতীত বাঙালি জাতীয়তাবাদে দৃঢ় বিশ্বাসী ছিলেন তখনকার দিনের সব বাঙালি প্রবীণ ও তরুণ আমলা। বঙ্গবন্ধুর ছয় দফা, একাত্তরের মার্চের অসহযোগ আন্দোলনের সময় তাঁদের মাঝে যাঁরা পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন, তাঁরা কেন্দ্রের বৈষম্যের নানা তথ্য সরবরাহ করতেন বঙ্গবন্ধুকে। আবার অনেকে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে কর্মরত অবস্থায় নেপথ্যে বিভিন্ন জাতীয়তাবাদী গণ-আন্দোলনে সক্রিয় সহযোগিতা করতেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁদের মধ্যে যাঁরা মফস্বল শহরে মহকুমা অফিসার, জেলা প্রশাসক অথবা সমমর্যাদার আসনে ছিলেন, তাঁরা প্রায় সবাই সীমান্ত পেরিয়ে মুজিবনগর সরকারে যোগ দেন।মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অথবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্যকারী এসব আমলা স্বাধীন বাংলাদেশে প্রশাসনের কর্তব্য পালনে বঙ্গবন্ধুর দেশ পুনর্গঠনের কাজে সহযোগী হলেন। কিন্তু নুরুল কাদের খান ওরফে ঝিলু কেন জানি সরকারি পদে যোগ না দিয়ে নতুন ধরনের এক ব্যবসার সূচনা করলেন। সেটিই এখন পোশাকশিল্প নামে পরিচিত, আলোচিত ও স্বাধীন বাংলার অর্থনৈতিক অগ্রগতির সর্ববৃহৎ অংশীদার বলে পরিচিত। সেই শিল্পটি এখন ধ্বংস করার এক জঘন্য পন্থা অনুসরণ করছে কোনো এক মহল। বাস্তবে বলা যায়, পুড়ে ছাই করে দিচ্ছে, শ্রমিক-কর্মচারীদের জীবন্ত দাহ করছে। প্রধানমন্ত্রী বলেছেন, এ হচ্ছে এক বিরাট ষড়যন্ত্রেরই অংশ। তাঁর বক্তব্য অনুসরণে এই শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে তথাকথিত দেশি শিল্পোদ্যোক্তাদের একটি অংশ জড়িত বলে সন্দেহ করা হচ্ছে কেন, তার বিশদ আলোচনা প্রয়োজন।সিঙ্গাপুরে বন্ধুর বাসায় আড্ডাকালীন ঝিলু আমাকে জানালেন, তিনি বাংলাদেশে পোশাক তৈরির কারখানা স্থাপন করবেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ কোরিয়া ঘুরে এসেছেন, যেখানে ছোট আকারে এ শিল্পের সূচনা হয়েছে। ঝিলু তাদের কাছ থেকে সব শুনে যে পরিকল্পনা করেছিলেন, তা ছিল বাইরে থেকে কাপড় এনে বাংলাদেশে সেসব দিয়ে বিভিন্ন ধরনের পোশাক যেমন—বিভিন্ন মাপের শার্ট, প্যান্ট, সোয়েটার ইত্যাদি তৈরি পোশাক বা ফিনিশড গুডস বিদেশে রপ্তানি করা হবে। ব্যাক-টু-ব্যাক এলসি, অর্থাৎ বিনা শুল্কে আমদানি-রপ্তানির প্যাঁচালো বিষয়টি পুরোপুরি বুঝতে পারিনি। প্রাথমিক পর্যায়ে এটি ছিল মূলত ব্যাপক আকারে সস্তায় দরজিগিরির কাজ। বছর খানেক পর দেশে ফিরে আশির দশকের শুরুতে জানতে পারলাম, নুরুল কাদের খান এই প্রক্রিয়ায় ‘দেশ গার্মেন্টস’ নামে বাংলাদেশে একটি ছোট পোশাকশিল্প প্রতিষ্ঠা করেছেন।ছোট আকারের সেই দরজিশিল্পটিকে ভিত্তি করে দেশে বস্ত্র তৈরির ছোট-বড় অনেক পোশাক তৈরি ও রপ্তানিভিত্তিক কারখানা গড়ে উঠল। তারপর কাপড় এনে শুধু সেলাই করা নয়, পূর্ব পাকিস্তানের এককালের বিলুপ্ত টেক্সটাইল মিল নবরূপে প্রতিষ্ঠিত হলো ও বিস্তৃতি লাভ করল। পূর্ববর্তী জামানার পাটশিল্প ও সুদূর অতীতের সামান্য অবয়বের বস্ত্রশিল্পকে ছাড়িয়ে দেশের প্রধানতম ও বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নতুন নামের পোশাকশিল্প। কর্মসংস্থান হয়েছে কয়েক লাখের, প্রধানত মেয়েদের। সর্বশেষ নিশ্চিন্তপুরে, তারও আগে কয়েকটি স্থানে ছোট-বড়-মাঝারি পোশাকশিল্পটির ওপর আঘাত এসেছে। প্রশ্ন দেখা দিয়েছে, কারা ও কেন এই শিল্পটি ধ্বংসের অপকর্মটি শুরু করেছে?বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যে অশুভ তৎপরতা চলেছে, যা আমি একটি আলোচনা সভায় বলেছি ‘ফরমালিন’ মেশানো হচ্ছে। এখন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। এ নিয়ে দেশের অর্থনীতি বিশেষজ্ঞরা, রাজনৈতিক সাধু মহল, সুশীল সমাজ, ক্ষমতাসীন সরকার ও জনগণের মনে দুশ্চিন্তার উদ্ভব ঘটিয়েছে। এই ষড়যন্ত্রের কারণে শিল্পটি আগুনে পুড়ে ছাই হচ্ছে। অগণিত প্রাণহানি হচ্ছে, এমনিভাবে কয়েক শ বছর আগে এ দেশের গর্ব, বিশ্বের অনন্য বস্ত্র তৈরির নৈপুণ্য মসলিন ধ্বংস করেছিল ঔপনিবেশিক শাসক ইংরেজ। উল্লেখ্য, তাদের শাসনামলেই কালের প্রয়োজনে পাশ্চাত্য প্রযুক্তিতে দেশীয় উদ্যোগে এ দেশের বস্ত্রশিল্প প্রধানত নদীবন্দর নারায়ণগঞ্জকে ঘিরে গড়ে উঠেছিল। অবিভক্ত ভারতে বিস্তার ঘটেছিল বোম্বাই ও বেনারসে। ব্রিটিশ বেনিয়া আর শাসক নিজেরাই সেসব ধ্বংস অথবা পঙ্গু করে দিল বিলেতের ম্যাঞ্চেকার্টার লিভারপুলের বিলেতি কাপড় বিক্রি করার জন্য। এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই গান্ধীজি তাঁর অসহযোগ আন্দোলন শুরু করেন। মূলত, তা ছিল বিলেতি বস্ত্র পরিহারের আহ্বান জানানো। তখনই গান্ধীবাদীদের প্রচেষ্টায় চরকা ব্যবহার, কার্পাস তুলা চাষ, খাদি ও খদ্দরের প্রচলন ঘটেছিল।প্রসঙ্গত, বর্তমানের পোশাকশিল্পে নারীদের প্রাধান্যের সঙ্গে তৎকালীন সময়ে গান্ধীজির অনুসারীদের গ্রামে গ্রামে বয়স্ক ও বেকার নারীদের মধ্যে চরকায় সুতা কাটার প্রচলনের মিল দেখতে পাচ্ছি। আমাদের নোয়াখালীর বজরা, এমনকি ফেনীর ফুলগাজীর নতুন মুন্সিরহাটে এখনো তার রেশ রয়ে গেছে। দুটিকে গান্ধী আশ্রমের ভগ্নাবশেষও বলা যায়। গ্রামের প্রধানত বয়স্কা ও বিধবা নারীদের আশ্রম থেকে কার্পাস তুলা ও চরকা সরবরাহ করা হতো। তাঁদের তৈরি সুতা আশ্রমই কিনে নিত; খদ্দরের চাদর, কুর্তা আর শাড়ি তাঁতে বানিয়ে বিক্রি করা হতো। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, ফেনীর মীর্জানগরের এককালীন বনাঞ্চল মহেশপুষ্করিণী ও উত্তরবঙ্গের দিনাজপুর এলাকায় তুলার চাষ শুরু হলো। পরবর্তী সময়ে ব্রিটিশ বস্ত্রের আগ্রাসনে সেসব চাষ আর খদ্দেরের তাঁত কবেই বন্ধ হয়ে গেছে। এই বন্ধ করাটাও ছিল একধরনের ষড়যন্ত্র, স্বনির্ভর বাঙালিকে আর্থিক গোলামির শৃঙ্খলে আবদ্ধ করার অশুভ পরিকল্পনা। একই তৎপরতার ধারাবাহিকতায় একসময়ে আমাদের পাটশিল্প, পাটকল আর বস্ত্র কারখানাগুলো ধ্বংস করে দেওয়া হয়। সেই ষড়যন্ত্রের মারাত্মক পরিণতিতেই পাকিস্তান আমলে ‘ডিসপ্যারিটি’ তথা অর্থনৈতিক বৈষম্যের সূচনা হয়। বঙ্গবন্ধুর ছয় দফা ও পরবর্তী সময়ে স্বাধীনতাসংগ্রামের সূচনাটির মূলে ছিল এই বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের উত্থান।পূর্ব বাংলার অর্থনীতি ধ্বংসের পরবর্তী ইতিহাস এ দেশে পাট ও বস্ত্রশিল্পের ধ্বংসে পাকিস্তানি আমলে নব্য পাঞ্জাবি শিল্পপতিদের ধারাভিত্তিক ষড়যন্ত্র। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পদাঙ্ক অনুসরণ করেই করাচি-পিন্ডির শাসকেরা আমাদের পাটশিল্পকে শুধু নয়, পাট চাষকে ধ্বংস করেছে। ব্রিটিশ আমলে পাটকলগুলো ছিল প্রধানত কলকাতা ও আশপাশে, পাট যেত পূর্ব বাংলা থেকে। দেশ বিভাগের সূচনালগ্নে পাকিস্তানি শাসকেরা ভারতে পাট রপ্তানি ধীরে ধীরে বন্ধ করে দিলেন। পূর্ব পাকিস্তান থেকে কাঁচা পাট অন্যত্র রপ্তানি করে অর্জিত অর্থে ধূসর মরুভূমির দেশ পশ্চিম পাঞ্জাবে বিভিন্ন শিল্প, বিশেষ করে বস্ত্রকলে অর্থ বিনিয়োগ করতে লাগলেন। শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ভৈরবের তীরের কলগুলো পাট জোগান না পেয়ে অকেজো হয়ে গেল। একইভাবে বাংলাদেশ থেকে বিলেতের স্কটল্যান্ডের ডান্ডিতেও পাটকলগুলোতে পাট সরবরাহ বন্ধ হলো।একই পন্থায় নারায়ণগঞ্জের দেশবন্ধু ও ঢাকার চিত্তরঞ্জন, কুষ্টিয়ার মোহিনী, চট্টগ্রামের এ কে খান ও অন্যান্য বস্ত্রকলে সুতা সরবরাহ বন্ধ করে পাঞ্জাবের লায়ালপুর, মিয়ানওয়ালি; গুজরাটের বাওয়ানী-সায়গল-আদমজী মিসর থেকে সুতা এনে বস্ত্রকল চালু করল। পরবর্তী সময়ে এসব বস্ত্রকলের জন্য সিন্ধু নদের অববাহিকায় উন্নত মানের তুলা চাষ করা হলো। মোদ্দা কথা হচ্ছে, এখন যেমন পোশাকশিল্প ধ্বংসের পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করার জন্য তা ছিল পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র। আজকে নেপথ্যের বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে একই কায়দায় হাত মিলিয়েছে রাষ্ট্রীয় ও সরকারি মদদপুষ্ট ক্ষমতাসীন তথাকথিত শিল্পোদ্যোক্তারা আমাদের অর্থনীতির প্রাণভোমরাকে হত্যা করার জন্য।শুধু বর্তমানের পোশাকশিল্প নয়, স্বাধীন বাংলাদেশের ছোট-বড় অন্যান্য শিল্পের ওপর আঘাতের সূচনার কিছু বিবরণ দিতে হয়। জয়দেবপুরের মেশিন টুলস কারখানায় ‘হোন্ডা’ তৈরি ও সংযোজন বন্ধ হলো জাপানি ও ভারতীয় মোটরসাইকেলের বাজার তৈরির জন্য? চট্টগ্রামের ‘প্রগতি’ সমগ্র অখণ্ড পাকিস্তানে ছোট ভক্সহল ভিভা গাড়ি ও বিলেতের কোম্পানি জেনারেল মোটরসের বাস-ট্রাক তৈরি হয়ে সারা দেশে ও বিদেশে রপ্তানি হতো। আমার মনে পড়ছে, ১৯৭২ সালে বঙ্গবন্ধু একটি ‘প্রগতির ভিভা’ গাড়ি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে উপহার দিয়েছিলেন। তখন প্রগতির প্রধান পরিচালক ছিলেন পরবর্তী সময়ে জেনারেল জিয়াউর রহমানের মন্ত্রী হাবিবউল্লাহ খান। সেই প্রগতি এখন কেন ল্যাংড়া? কাদের স্বার্থে সেটির সম্প্রসারণ না করে জাপানি পুরোনো গাড়ি মেরামত করে আমদানির ব্যবস্থা করা হলো? উল্লেখ্য, এসবই করা হয়েছে প্রথম আওয়ামী শাসন উৎখাত করে যাঁরা বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার গর্ব করেন, তাঁদের আমলে। বাংলাদেশের জন্মের অব্যবহিত পর বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর শাসনামলে বিদেশি গাড়ি, বস্ত্র, প্রসাধনী, বিস্কুট-চকলেট আমদানি বন্ধ করে স্বদেশি প্রতিষ্ঠানগুলোকে এগুলো তৈরির জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী সময়ে দেশীয় স্বার্থ বিসর্জন দিয়ে কারা ‘মানি ইজ নো প্রবলেম’ বলে বিদেশি মালামাল আমদানির পথ খুলে দিয়ে দেশি ক্ষুদ্র-বৃহৎ শিল্পের বিকাশ বন্ধ করে দিল? বর্তমানে পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র এসবের ধারাবাহিকতা বলা যায় না?সব মিলিয়ে অতীতের ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে আলোচনার ইতি ঘটলেও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূতের সংশ্লিষ্ট বক্তব্যটিকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। রাষ্ট্রদূত মজীনা বলেছেন, ‘এসব দুর্ঘটনার দায় সরকার ও শিল্পমালিকেরা এড়াতে পারেন না।’ অতি সত্যি কথা, দায় চাপানোর অভিযোগ মেনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তাঁর শিল্পমন্ত্রী, বস্ত্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করব। অতীতে এত বৃহৎ আকারে না হলেও মাঝারি আকারের দুর্ঘটনা ও অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটেছিল, সেগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? কখনো কোনো মালিককে, তাঁর অধীন ব্যবস্থাপককে দায়ী করে কোনো প্রকারে শায়েস্তা করার কোনো উদাহরণ নেই। আমাদের গর্বের শিল্প ধ্বংসের ষড়যন্ত্রটি ইতিপূর্বে সরকারের কেউ জ্ঞাত হননি, এমনটি কি বিশ্বাস করা যায়? অথবা বলা যায়, জ্ঞাত হয়েও ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রশ্রয় বা সংশ্লিষ্টতার কারণে আমলে নেওয়া হয়নি। আসল প্রশ্ন, রাজনৈতিক প্রতিপক্ষের অনেক তথাকথিত কর্মকাণ্ডের ক্ষেত্রে বর্তমান সরকারের ত্বরিত কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে, নিশ্চিন্তপুর অথবা তেজগাঁও, সাভার, আশুলিয়ায় ইতিপূর্বে সংঘটিত ছোট-বড়-মাঝারি অনুরূপ অগ্নিকাণ্ড প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণে অনীহা, পরবর্তী সময়ে শায়েস্তা করার অনিচ্ছা দেখিয়েছে যারা, সেসব ষড়যন্ত্রকারী কারা? নেপথ্যের ক্ষমতাসীন প্রশ্রয়দাতারা হচ্ছেন ষড়যন্ত্রের সরষের মাঝের ভূত, তা অবশ্য প্রধানমন্ত্রী জানেন। অগ্নির দাবদাহ থেকে শ্রমিকদের রক্ষার জন্য বিভিন্ন সাবধানতামূলক ব্যবস্থার অভাবের জন্য দায়ী ব্যক্তিদের কাউকে আজ পর্যন্ত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা ব্যর্থ কেন? এ প্রশ্নের উত্তর না দিয়ে প্রধানমন্ত্রী কি তাঁর ‘ষড়যন্ত্রতত্ত্বের’ কথা বলেই দায়দায়িত্ব এড়াতে পারবেন? ২০ হাজার টাকা নিয়ে আগুন লাগানোর তথাকথিত অপচেষ্টার জন্য একজন নারী শ্রমিককে বেঁধে নেওয়া হলো, অথচ যিনি বা যাঁরা আগে ও বর্তমানে শ্রমিকদের আপৎকালীন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, অবহেলা করেছেন, তাঁদের এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই তো ষড়যন্ত্রের হোতাদের খুঁজে পাওয়া যাবে। ইংরেজিতে একটি কথা চালু আছে, ‘শুট ফার্স্ট আস্্ক্্ কোশ্চেন নেক্সট।’ ‘আগে তো বাঁধো, তার পরে গ্রেপ্তার বা রিমান্ড।’ সাম্প্রতিক কালে ও সবশেষে শ্রমিক পোড়ানোর ঘটনায় পোশাক কারখানার মালিক ও তাঁদের মুরব্বিদের আইন ও বিচারের আওতায় না আনলে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ‘ষড়যন্ত্রতত্ত্বের’ রূপরেখা ও পরিকল্পনাকারীদের অপকর্মের দুর্নামের বোঝা বইতে হবে। সারকথা হচ্ছে, সরষের মাঝের ভূত তাড়ানোর দায়িত্ব পালনে ব্যর্থ হলে, অনীহা দেখালে প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রতত্ত্ব কথার কথা তথা নিঃসাড় রাজনৈতিক বক্তব্য মনে হবে। এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।