আমার সদ্য প্রকাশিত বই নির্বাচন কমিশনে পাঁচ বছর-এ ২০০৭-০৮ সালে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংস্কার নিয়ে বিভিন্ন দলের সঙ্গে তিন দফার সংলাপের আলোচনা স্থান পেয়েছে। ওই বইয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচন কমিশনের তিন দফা আলোচনার বিবরণ এবং আমার কিছু মূল্যায়নও স্থান পেয়েছে। ২০০৭ সালের ২৫ অক্টোবর তৎকালীন নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রথম দফা বৈঠক হয়। বৈঠক শেষে দলের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ যুদ্ধাপরাধী বিষয়ের ওপর যে বক্তব্য দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমার ডায়েরিতে ওই দিন লিখেছিলাম, ‘এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ উক্তির মধ্য দিয়ে জামায়াতে ইসলামী নিজেরাই নিজেদের ওপর বিপদ ত্বরান্বিত করেছে।’ আরও লিখেছিলাম, ‘ওই দিন হতেই জামায়াতে ইসলামীর জন্য এ দেশের রাজনীতি কঠিন হতে শুরু করেছিল। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের রাজনীতির অবস্থান কী হয়, তা দেখার বিষয় হবে।’আমার এই উপলব্ধির পর খুব বেশি সময় লাগেনি, যখন শাহবাগে জমায়েত তরুণ প্রজন্মের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি আর জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছিল। এ দাবির মুখে সরকার ট্রাইব্যুনালের আইনের সংশোধনীর সঙ্গে সঙ্গে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের জন্য সংগঠনের বিচারের আইনও যুক্ত করেছে। নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের আইনের অভিজ্ঞতা প্রথম বলেই এর প্রয়োগে কী ধরনের সাক্ষীসাবুদ লাগবে বা প্রচলিত এভিডেন্স অ্যাক্টে বিচার হবে কি না, তা পরিষ্কার নয়। যে বিষয়টি পরিষ্কার তা হলো, এই আইন প্রয়োগ করে বিচারের মাধ্যমে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। বলা নিষপ্রয়োজন, এ আইনে বিচার হলে দলটি নিষিদ্ধও হয়ে যেতে পারে।জামায়াতে ইসলামীর রাজনীতি সত্যিই কঠিন হয়ে উঠেছে। আওয়ামী লীগ এই রাজনীতির বিরোধিতা বহু বছর থেকে করে আসছে, বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পর চারদলীয় জোটে শামিল জামায়াতের দুজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার পর থেকে। বর্তমানে মহাজোট সরকারের সঙ্গে এ দাবির পক্ষে যুক্ত হয়েছে বামপন্থী দলগুলো। অপর দিকে চলমান আন্দোলনের মুখে বিএনপিও জামায়াতে ইসলামী থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলেছে। অন্যদিকে বেশির ভাগ ইসলামি দল জামায়াতের রাজনীতির সমর্থক নয়। এমনকি বৃহত্তর আলেম সমাজও তাদের পক্ষে নেই। কাজেই জামায়াতের সঙ্গে অন্যান্য ইসলামি দলকে গুলিয়ে ফেলা ঠিক নয়।জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তা নিয়ে সরকার দোটানায় রয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, চলমান সংকট তথা আন্তর্জাতিক অবস্থা নিয়ে সরকারের ভেতরে বিশ্লেষণ রয়েছে বলে মনে হয়। এ বিষয়ে ভালো হবে সব দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণের বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই নির্বাচন কমিশন এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে বিবৃতি-পাল্টাবিবৃতি চলমান রয়েছে। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল ও দল নিষিদ্ধকরণের বিষয়টিকে একভাবে দেখতে চাইছেন। অপর দিকে নির্বাচন কমিশন আইনের বিধান সাপেক্ষে এবং যৌক্তিকভাবে জানিয়েছে যে আইনের আওতায় না হলে কোনো দলের নিবন্ধন বাতিল করার তাৎক্ষণিক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। তার পরও এমনটা করতে গেলে দীর্ঘ প্রক্রিয়া ও পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে এগোতে হবে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সঠিক বক্তব্যেই দিয়ে যাচ্ছে। নিবন্ধনের আইনটি এমনভাবেই তৈরি।আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশের আইনটি শুধু নিবন্ধন প্রদান এবং কোনো কোনো ক্ষেত্রে নিবন্ধন বাতিলের জন্য প্রযোজ্য। নিবন্ধনের সংশ্লিষ্টতা শুধু নির্বাচনে অংশগ্রহণের জন্যই। দেশে কোনো দলের রাজনীতি করার বা না করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নয়। সে দায়িত্ব সরকারের। দেশে এমনও বহু দল রয়েছে, যারা নিবন্ধিত না হলেও রাজনৈতিক অঙ্গনে সরব রয়েছে। এমন বহু দল উভয় জোটের সহায়ক হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় আছে। কাজেই এ ক্ষেত্রে নিষিদ্ধ করার দায়দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়।অনেকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের এই ধারাসহ অনেক ধারাকে আরও শক্ত করা উচিত ছিল। বেশ কিছু পত্রিকাও এমন মন্তব্য করেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধনের বিষয়টি শুরুতে অনেক রাজনৈতিক দল সহজভাবে নেয়নি। বহু বিশিষ্ট রাজনীতিবিদ এ সংযোজনকে ‘বিরাজনীতিকরণের’ চেষ্টা বলেও আখ্যায়িত করেছিলেন। ২০০১ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে এ ধারা যুক্ত করার পর বাধ্যতামূলক নিবন্ধনকে ঐচ্ছিক করা হয়েছিল দেশের বড় দলগুলোর চাপে। এমনকি ২০০১ সালের ৮ আগস্ট এ গণপ্রতিনিধিত্ব আদেশের যে সংশোধনী করা হয়, তাতে ওই ধারা সাদামাটাভাবে সংযোজিত ছিল। ২০০৮ সালের সংস্কার ছিল আরও শক্ত। বহু কঠিন শর্তের বেড়াজালে নিবন্ধন শুধু বাধ্যতামূলকই নয়, যৌক্তিক পর্যায়ে বেশ কঠিন করা হয়েছিল। পরবর্তী সময়ে বর্তমান সংসদে আইন হিসেবে বিনা ওজর-আপত্তি ছাড়াই অনুমোদিত করা হয়েছিল। গণতান্ত্রিক পরিমণ্ডলে এ ধরনের কোনো আইনেই তাৎক্ষণিক শাস্তিবিধানের ব্যবস্থা রাখা হয় না। এ ধরনের আইন প্রয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তি উত্থাপনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির মতোই দলকে বক্তব্য প্রদানের এবং শুনানির সুযোগ দেওয়া হয়। কাজেই নির্বাচন কমিশনের পক্ষে নিবন্ধন বাতিল করা, আইনানুগভাবে নিলেও সময়সাপেক্ষ বিষয়। তা ছাড়া কোনো দলের গঠনতন্ত্রের মৌলিক বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে অথবা গণপ্রতিনিধিত্ব আদেশে নির্ধারিত ধারার যথাযথ প্রতিপালন না হলেও কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইনের চোখে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন একটি আধাবিচারিক সাংবিধানিক প্রতিষ্ঠান। কাজেই এই প্রতিষ্ঠানটি আবেগ দ্বারা প্রভাবিত বা পরিচালিত হয় না।উল্লিখিত বক্তব্যের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর সংশোধিত গঠনতন্ত্র যদি বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয় অথবা নিবন্ধনের শর্তের পরিপন্থী না হয়, তবে নির্বাচন কমিশন আইনানুগভাবে নিবন্ধন বাতিল করতে পারবে না। তা ছাড়া ২০০৯ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধনের ওপরে উচ্চ আদালতে একটি রিট মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সে ক্ষেত্রে ওই রিটের নিষ্পত্তির অপেক্ষায় থাকতে হবে নির্বাচন কমিশনকে।আমরা দেখছি, ২০০৯ সাল থেকে বিভিন্নভাবে ও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠছে। এমনকি একাধিক মন্ত্রীও তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন। কয়েকজন মন্ত্রী শাহবাগে তরুণ প্রজন্মের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন যে আদালত অথবা নির্বাচন কমিশন এ দায়িত্ব নিলে সরকার সহযোগিতা করবে। অথচ শাহবাগ চত্বরের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার সংগঠনের বিচারের আইন করেছে। কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার সরকারের রয়েছে। অবশ্য সে ক্ষেত্রে ধারাবাহিকতা না থাকলে ওই নিষেধাজ্ঞার ভবিষ্যৎ কী হবে, তা-ও ভাবার বিষয়। এর জ্বলন্ত উদাহরণ মিসরের ‘ইসলামি ব্রাদারহুড’। হয়তো মহাজোট সরকার একটি স্থায়ী ব্যবস্থা চাইছে বলে উল্লিখিত আইনের প্রয়োগকে সঠিক বলে মনে করছে। জামায়াতে ইসলামী প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিতে যুক্ত এবং সংসদীয় গণতন্ত্রেও। শুধু ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১৯৮৮ সালের নির্বাচন ছাড়া সব সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রতিটি সংসদে আসনও পেয়েছে। তবে ২০০৮ সালে জামায়াতে ইসলামীর বিপর্যয় হয়েছে বলা যায়। কারণ, ৩৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল ওই দলটি। ওই নির্বাচনে, নবম জাতীয় সংসদ নির্বাচন, ৩৯ আসনের বিপরীতে ভোট পেয়েছিল ৩২,০৯২২৬। বাকি আসনগুলোতে জামায়াতের সমর্থক ভোট অন্য দলের প্রার্থীদের পক্ষে গিয়ে থাকতে পারে। ৩৯ আসনের হিসাবে ২০০৮ সালের নির্বাচনে শতকরা ৪ দশমিক ২৯ শতাংশ ভোট তারা পেয়েছিল। তবে ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, জামায়াতে ইসলামী তাদের আসনের পক্ষে যে ভোট পেয়েছে, তার গড় ৯ শতাংশের কাছাকাছি। পরিসংখ্যানের বিশ্লেষণে প্রতীয়মান, সারা দেশে জামায়াতে ইসলামীর আনুমানিক সমর্থক ভোটের গড় ৫ শতাংশ। কারণ, জামায়াতে ইসলামী এককভাবে কখনোই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। সরকার দল হিসেবে যদি জামায়াতকে নিষিদ্ধ করে, তবে অবশ্যই এই দলের সমর্থক ভোটারদের ভোটের বিষয়টি রাজনৈতিক বিবেচনায় আসবে। নিষিদ্ধ করার পরে জামায়াতের প্রতিক্রিয়া কী হবে বা কেমন হবে, সে বিবেচনায় না গিয়ে বলা যায়, ৪ থেকে ৫ অথবা তারও বেশি শতাংশ ভোটারের ভোট প্রদান কিন্তু নিষিদ্ধ হচ্ছে না। কাজেই সে ভোট কোন বাক্সে পড়বে, তা দেখার এবং রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হবে। এতসংখ্যক ভোট যেকোনো দিকের পাল্লা ভারী করবে, তাতে সন্দেহ নেই। দ্বিতীয় বিষয়টি হলো, নিষিদ্ধ করলে অন্য নামে অন্য আঙ্গিকে দল পুনর্গঠিত হওয়ার সম্ভাবনাই বেশি হবে; বেশ কিছু পত্রিকায় এমন সংবাদও পরিবেশিত হয়েছে। সে ক্ষেত্রে জামায়াতের অতীত মুছে যাবে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ হবে।জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও তাদের আদর্শ মানেই ইসলাম নয় অথবা অন্য ইসলামি দলগুলোও একমাত্র ইসলামের অনুসারী নয়। এ দেশের সিংহভাগ মানুষ এ ধর্মের অনুসারী। কোনো ব্যক্তি কোনো ধর্মে বিশ্বাস না-ও রাখতে পারেন, কিন্তু কোনো ধর্মের প্রতি কটূক্তি গ্রহণযোগ্য নয়। কোনো কোনো ব্লগার ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন—এমন অভিযোগ ওঠার পর চলমান শাহবাগ আন্দোলনের ওপর এর প্রভাব পড়েছে। তবে আন্দোলনকারীরা বারবার স্পষ্ট করেই বলেছে যে তাদের আন্দোলন কোনো ধর্ম, ইসলাম বা ইসলামি দলগুলোর বিরুদ্ধে নয়। আন্দোলন একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত জামায়াতের বিরুদ্ধে।বর্তমান পরিস্থিতি সরকার এবং দেশের জন্য গুরুতর অস্বস্তিকর, তাতে সন্দেহ নেই। এ দেশের সিংহভাগ ইসলামি দল ও চিন্তাবিদেরা জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক নন, কিন্তু পরিস্থিতি কখনো কখনো সে দূরত্ব কমিয়ে দেয়। দেশের এ সংঘাতময় মুহূর্তে সব সচেতন নাগরিকের কর্তব্য হবে উত্তেজনাকে প্রশমন করা। এ সময়ে প্রয়োজন সংকট নিরসনে জাতীয় ঐক্যের। এই ঐক্য সম্ভব রাজনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে। মনে রাখতে হবে, যত আন্দোলনই হোক, দেশ পরিচালিত হবে রাজনীতিবিদদের দ্বারা। কাজেই রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উপেক্ষা করলে দেশ সংকটে পড়বে। এমন পরিস্থিতি কাম্য নয়। এসব বিষয়ে দ্রুত সরকারকেই সব যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]