সংকট নিরসনে সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংকট নিরসনে যেখানে শান্তিপূর্ণ উদ্যোগই সবার কাম্য, সেখানে সংলাপের প্রস্তাবকে সরকারের পক্ষ থেকে দৃশ্যত সরাসরি নাকচ করে দেওয়া আমাদের বিস্মিত করেছে। সংলাপ সব সময় কাঙ্ক্ষিত সুফল না দিলেও সহিষ্ণু পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। এমনকি ‘খুনি’কে খুন করা থেকে বিরত রাখতেও আলোচনা হতে পারে উত্তম পথ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে যা বলেছেন, তাতে তাঁর তরফে প্রাথমিকভাবে একটি নেতিবাচক মনোভাবই প্রকাশ পেয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে তিনি সংলাপের প্রয়োজনীয়তাকে একেবারে অস্বীকার করেননি। ‘কার সঙ্গে আলোচনা করব, খুনির সঙ্গে?’ এই খেদোক্তি উচ্চারণের পাশাপাশি তিনি এ–ও বলেছেন যে, ‘তারা (নাগরিক সমাজ) আগে খালেদা জিয়াকে মানুষ খুন করা থেকে বিরত থাকতে বলুক।’
‘শুভ উদ্যোগ’ নিনআমরা এ–ও মনে করি যে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের অবরোধ–হরতালকে কেন্দ্র করে যে মৃত্যুর মিছিল চলছে, তা নিন্দনীয় ও অমার্জনীয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় তারা এড়াতে পারে না। আন্দোলনের নামে এসব চলতে পারে না। একই সঙ্গে সরকারকেও সংকটের গুরুত্ব উপলব্ধি করতে হবে। নাগরিক সমাজ দুই পক্ষকে সমান করে দেখছে এই ধারণাও সঠিক নয়। প্রধানত হত্যা ও নাশকতা বন্ধ করতেই তারা সংলাপের তাগিদ বোধ করেছে। তাদের এই উদ্যোগকে নেতিবাচক দৃষ্টিতে দেখা কিংবা সবাইকে এক–এগারোর তথাকথিত কুশীলব আখ্যায়িত করে সংলাপ প্রত্যাখ্যান করা হবে আত্মঘাতী।
সংলাপের উদ্যোক্তাদের মধ্যে এমন ব্যক্তিরাও আছেন, যাঁরা কোনোভাবেই এক–এগারোর সুবিধাভোগী নন। বরং এক–এগারো পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনে আওয়ামী লীগ তঁাদের সহযাত্রী করে নিয়েছিল। তাঁদের সে সময়কার ভূমিকা তখন নন্দিত হলে এখন নিন্দিত হবে কেন?
কেবল আইনি প্রক্রিয়ায় নাশকতাকে মোকাবিলার পাশাপাশি একতরফা নির্বাচন থেকে উদ্ভূত সংকটকে কেবল অলোচনার মাধ্যমেই সুরাহা করতে হবে। কথা না বলার সংস্কৃতি গণতন্ত্রে অচল।