রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে আইন বিভাগ তথা সংসদ হচ্ছে সবচেয়ে দৃশ্যমান ও জনপ্রতিনিধিত্বশীল এবং প্রায় গণতন্ত্রের মূল চালিকাশক্তি হিসেবে বিশেষভাবে বিবেচিত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সংসদের বিশেষ গুরুত্ব প্রতিষ্ঠা পায় এই প্রতিষ্ঠানের প্রধান কর্মকাণ্ডের মাধ্যমে। যার মধ্যে রয়েছে আইন প্রণয়ন, প্রতিনিধিত্ব, নির্বাহীর দায়িত্বশীলতা দাবি, স্বচ্ছ সিদ্ধান্ত-প্রক্রিয়া ও তদারকব্যবস্থা। বর্তমান বিশ্বে পশ্চিম ইউরোপে, বিশেষত ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিযাত্রায় আইনসভাগুলোর ঐতিহাসিক বিকাশ ঘটেছিল নির্বাহীরই প্রয়োজনে এবং প্রধানত পরামর্শক সভা হিসেবে তারা দায়িত্ব পালন করত। কালক্রমে এই দুই রাষ্ট্রীয় অঙ্গের মধ্যে ক্ষমতা-সম্পর্কের পরিবর্তন ঘটে এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারায় সর্বাত্মক রাজতন্ত্রের ক্ষমতাকে সীমিত করে রাষ্ট্রীয় ক্ষমতা স্থানান্তরিত হয় জননির্বাচিত প্রতিনিধিত্বশীল সংসদীয় কাঠামোতে। বিভিন্ন দেশে সংসদগুলোর গঠন, কাঠামো, ক্ষমতা, মর্যাদা ও কর্মসম্পাদনের ক্ষেত্রে সাদৃশ্য ও পার্থক্য রয়েছে, যা নির্ভর করে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সংবিধানের বৈশিষ্ট্য, প্রতিনিধিত্বের প্রকৃতি, দলীয় ব্যবস্থা, আর্থসামাজিক অবস্থান, রাজনৈতিক সংস্কৃতির মাত্রা ইত্যাদির ওপর। বলাবাহুল্য, সংসদ গণতান্ত্রিক শাসনব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং সংসদীয় গণতন্ত্রে এর প্রধান উপাদানগুলো হচ্ছে সংসদে নির্বাহীর দায়বদ্ধতা ও আস্থা অর্জন, আইন প্রণয়নে সংসদের কর্তৃত্ব, সংখ্যাগরিষ্ঠের প্রাধান্যসহ সংখ্যালঘু বিরোধীপক্ষের মতামতের মর্যাদা দান, কমিটি-ব্যবস্থার ক্রিয়াশীলতা, সংসদ ও সিভিল সমাজের কার্যকর সম্পর্ক, সামাজিক ইনফুট সরবরাহ এবং ক্ষমতা কেন্দ্রীকরণের বিপক্ষে ভারসাম্য প্রতিষ্ঠা। এসব উপাদানের অন্তর্নিহিত অর্থ হলো সংসদের দায়িত্ব রাষ্ট্রশাসন নয়, বরং রাষ্ট্রযন্ত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহীকে নিয়ন্ত্রণ, সরকারি কর্মসম্পাদনের চুলচেরা বিচার-বিশ্লেষণ, জনগণের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও দাবি-দাওয়ার প্রকাশ ঘটানো; যা সাংসদেরা তাঁদের একক ও যৌথ সংসদীয় কর্মকাণ্ডের মাধ্যমে সম্পন্ন করেন। উল্লেখ্য, ওয়েস্টমিনস্টার পদ্ধতির সংসদীয় ব্যবস্থায় ‘ফিউশন অব পাওয়ার’ বা ক্ষমতার মিশ্র রূপ থাকে এবং সংসদ ও নির্বাহী বিভাগের নৈকট্য পারস্পরিক নির্ভরশীলতায় প্রতিষ্ঠিত। নির্বাহী সংসদের বর্ধিত অংশ এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংসদ ও রাষ্ট্র পরিচালনার উভয় দায়িত্বে নিয়োজিত। তবে নির্বাহীকে সংসদের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হয়। এ ব্যবস্থার আরেকটি অনন্য কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংসদে বিরোধী দলের স্বীকৃত মর্যাদা, সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, ছায়া সরকার গঠন, নির্বাহীর দৈনন্দিন তৎপরতার তদারক ও জবাবদিহি দাবি। উপরিউক্ত সব ক্রিয়া-প্রতিক্রিয়া প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যকার সহনশীল ভূমিকার মাধ্যমে সম্পাদন সংসদীয় গণতন্ত্রের মূল পূর্বশর্ত। বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকালে প্রবর্তিত সংসদীয় ব্যবস্থা স্বল্পস্থায়ী থাকে। দীর্ঘ ১৬ বছর পর ১৯৯০ সালে সামরিক স্বৈরাচারের পতনের পর সর্বসম্মতিক্রমে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় এবং সেই থেকে অদ্যাবধি পঞ্চম, সপ্তম, অষ্টম ও বর্তমানের নবম জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হয়। তবে ওপরে বর্ণিত সংসদীয় গণতন্ত্রের অন্তর্নিহিত মূল্যবোধ, বৈশিষ্ট্য ও পূর্বশর্তগুলো বাংলাদেশে অনেকাংশে পরিদৃষ্ট হয়নি; ফলে জাতীয় সংসদগুলোর যথাযথ ভূমিকা পালন, বহুমুখী জটিলতা ও সমস্যার আবর্তে ঘুরপাক খায়। ১৯৭২ সালের সংবিধান সংসদ ও নির্বাহীর মিশ্র ক্ষমতার কাঠামোয় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করলেও সাংবিধানিক সংশোধনী ও অন্যান্য মেকানিজমে নির্বাহীর ক্ষমতাকে অপ্রতিরোধ্য করে তোলে। ১৯৭৫-৯০ সময়ে রাষ্ট্রপতি কাঠামোতে তা আরও সম্প্রসারিত হয়। সংবিধানের দ্বাদশ সংশোধনী মারফত সংসদীয় ব্যবস্থা পুনরায় চালু হলেও আগের রুলস অব বিজনেসের প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় প্রধানমন্ত্রীর অফিস অতিমাত্রায় কর্তৃত্বপূর্ণ থেকে যায় এবং এ ব্যবস্থা জাতীয় সংসদ ও নির্বাহী বিভাগের অসম ক্ষমতা সম্পর্ক নির্দেশ করে। অতিরিক্তভাবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থা ও কঠোর দলীয় প্রভাব-শৃঙ্খলা ‘প্রধানমন্ত্রীর সরকার’ প্রতিষ্ঠা করে; যা সংসদ ও সংসদীয় রাজনীতিকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে চলে এবং সংসদীয় কর্তৃত্বকে সীমিত করে। এ ব্যবস্থাধীনেই ’৯১-পরবর্তী জাতীয় সংসদগুলো কর্মরত থাকে এবং নেতিবাচক উপাদান হিসেবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিশেষত সরকার ও প্রধান বিরোধী দলের পারস্পরিক অবিশ্বাস, দ্বন্দ্ব, অসহনশীলতা এবং সংঘাতের রাজনৈতিক সংস্কৃতির ক্রমাগতভাবে লালন প্রভাবক ভূমিকা পালন করে। ২০০৬ সালের অক্টোবর মাসে অষ্টম জাতীয় সংসদ মেয়াদপূর্তির পর তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন প্রশ্নে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক পক্ষের মধ্যে ব্যাপক কলহ ও মতানৈক্যের পরিপ্রেক্ষিতে ‘ওয়ান ইলেভেন’ ও জরুরি অবস্থা জারি হলে সংসদীয় গণতন্ত্রের যাত্রা চরমভাবে ব্যাহত হয়। অবশেষে দুই বছরের রাজনৈতিক অচলাবস্থা শেষে ২৯ ডিসেম্বর ২০০৮ সাধারণ নির্বাচনের পর নবম জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হয় এবং ২৫ জানুয়ারি ২০০৯ তারিখে এর প্রথম অধিবেশন বসে। সেই থেকে নবম জাতীয় সংসদ সচল রয়েছে এবং ইতিমধ্যে এ সংসদের ১৫তম অধিবেশন যথারীতি শেষ হয়েছে। সপ্তম ও অষ্টম সংসদের মতো এর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছে। শুরুতে নবম জাতীয় সংসদ এর গতিশীলতা ও ইতিবাচক কিছু কর্মকাণ্ডের স্বাক্ষর রেখেছে। প্রথম অধিবেশনে সংসদের নির্বাচনী কাজ হিসেবে স্পিকার, ডেপুটি স্পিকার ও পরে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। বিশেষ করে প্রথমবারের মতো প্রথম অধিবেশনেই ৪৮টি সংসদীয় কমিটি গঠন করা হয়, যা অতীতে লক্ষ করা যায়নি। সংসদের কমিটি-ব্যবস্থায় সংস্কারের ফলে নবম সংসদ মন্ত্রীর বদলে কিছু জ্যেষ্ঠ সাংসদকে কমিটির প্রধান করে এবং দুটি কমিটির প্রধান বিরোধী দল থেকে নেওয়া হয়। উপকমিটির সংখ্যা ১৩২টি। এ সংসদের ফ্লোরে উত্থাপিত বিলগুলো সংশ্লিষ্ট কমিটিতে যথাযথভাবে পাঠানো হয়েছে এবং বিগত চার বছরে ১৯০টির অধিক বিল নবম সংসদ পাস করেছে। সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে এ সংসদে সরকারি ও বিরোধী সাংসদেরা প্রশ্ন-উত্তর পর্ব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, সংক্ষিপ্ত আলোচনা, জনগুরুত্ব সম্পর্কে আলোচনা, মুলতবি প্রস্তাব ইত্যাদির ওপর অসংখ্য নোটিশ দেন। আলোচিত বিষয়ের প্রকৃতিতে রয়েছে এলাকাভিত্তিক নীতির সুবিধা অর্জন, নীতির ব্যর্থতায় ব্যাখ্যা দাবি, প্রশাসনিক অব্যবস্থাপনার ব্যাখ্যা দাবি, সমাধানের পদক্ষেপ, নীতির শুদ্ধতা দাবিসহ অন্যান্য প্রসঙ্গ। অতীতের সংসদগুলোর মতো নবম জাতীয় সংসদে সাংসদেরাও তাঁদের নিজস্ব নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণের বিষয়ে অধিক মনোযোগী থাকেন। বিল-প্রক্রিয়া, বাজেট ও তদারক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয়তা ও তৎপরতা বেশি প্রত্যাশিত ছিল, যা সন্তোষজনকভাবে ঘটেনি। সংসদের কমিটি অধিবেশন পর্যালোচনা করলে দেখা যায় যে মন্ত্রণালয়, কমিটি ও উপকমিটিগুলো হাজারবারের অধিক সভায় মিলিত হয়েছে এবং তিন ডজন প্রতিবেদন পেশ করেছে, যা আগের সংসদগুলোর চেয়ে সংখ্যা বেশি। অর্থসংক্রান্ত কমিটিগুলোর মধ্যে জনহিসাব কমিটির নিয়মিত সভা অনুষ্ঠান ও প্রতিবেদন পেশ লক্ষণীয়। সংসদীয় গণতন্ত্রের মূলমন্ত্র সংসদে নির্বাহীর তদারক ও নিত্য দায়িত্বশীলতা দাবি প্রধানত অফিশিয়াল অপোজিশন তথা বিরোধী দলের ওপর বর্তায়। কিন্তু ’৯১-পরবর্তী সব সংসদে বিরোধী পক্ষ বিভিন্ন রাজনৈতিক দাবি আদায়ে সংসদ থেকে ওয়াকআউট এবং সংসদ বর্জন অব্যাহত রাখে। একইভাবে নবম সংসদের ১৪টি অধিবেশনের ২৭৩ কার্যদিবসে প্রধান বিরোধী দল মাত্র ৫৪ দিন উপস্থিত থেকেছে। সংসদে সরকার ও বিরোধী সাংসদদের মধ্যকার পারস্পরিক অসহনশীল আচরণ ও অসংসদীয় পরিভাষার ব্যবহার সংসদের মান ক্ষুণ্ন করতে বিশেষ অবদান রেখেছে। দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় দুটি প্রধান দলের চলমান সংঘাত ও দ্বন্দ্ব সংসদের ফ্লোরে ও কমিটির কার্যক্রমে একইভাবে প্রতিফলিত হয়েছে। সংসদে ব্যাক-বেঞ্চার সাংসদ ও নারী সাংসদদের ভূমিকা আগেকার মতো ফলপ্রসূ হয়নি। একইভাবে বিরোধী দলের ক্রমাগত সংসদ বর্জনের কারণে নবম জাতীয় সংসদ একদলীয় সংসদে পরিণত হয়েছে, যা দায়িত্বশীল সরকার ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনোক্রমেই সহায়ক নয়। নবম জাতীয় সংসদে বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুমোদন করা হলে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপ করা হলে প্রধান বিরোধী দল এ ব্যবস্থা পুনঃস্থাপনের দাবিতে অটল হয়ে হরতাল পালনসহ আন্দোলন ও কর্মসূচি পালন করছে। সংসদ বর্জন অব্যাহত রেখেছে। দৃশ্যত এ সংকট মোচনে সংসদের ফ্লোরে সংলাপের মাধ্যমে সমঝোতার সব পথ রুদ্ধ হয়েছে। এ ক্ষেত্রে সরকারি দলের বদান্যতা প্রদর্শন ও বিরোধীপক্ষের যথাযথ সাড়া দান জরুরি। নবম সংসদের অন্য প্রধান সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যে রয়েছে কোরাম সংকট, বাজেট-প্রক্রিয়ায় যথাযথ অংশগ্রহণের অভাব, সংসদে প্রকৃত রাজনীতিবিদদের প্রতিনিধিত্বশীলতার সংকট, নারী সাংসদদের প্রান্তিক অবস্থান, সংসদীয় ককাস গঠনে ও কার্যক্রমে মন্থরগতি, কমিটি-প্রক্রিয়ার সংশ্লিষ্ট দুর্বলতা, সংসদের কার্যপ্রণালি বিধির যথাযথ প্রয়োগের অভাব, সংসদীয় কর্তৃত্বে নির্বাহীর প্রভাব এবং কাঠামোগত সমন্বয়হীনতা। গণতন্ত্র বিনির্মাণ তথা সুশাসন ও সরকারকে সুষ্ঠু রাখার জন্য ক্রিয়াশীল জাতীয় সংসদ একান্তভাবে আবশ্যক। বাংলাদেশের সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি মোতাবেক জাতীয় সংসদ নিজ পরিসরে কর্তৃত্ব সম্পন্ন হলেও এ প্রতিষ্ঠানটি ওপরে বর্ণিত কারণে আইন প্রণয়ন, প্রতিনিধিত্ব ও তদারক বা ওভারসাইট—সংসদের এই তিনটি প্রধান দায়িত্ব পালন যথাযথভাবে কার্যকর হতে পারেনি। ফলে রাজনৈতিক ব্যবস্থার সংহতি, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ও হচ্ছে। বাংলাদেশে বহু কষ্টের বিনিময়ে অর্জিত সংসদীয় গণতন্ত্র ও সংসদকে কার্যকর করার বিকল্প নেই। সরকারি ও সংসদীয় কর্মকাণ্ডের অবিরাম নিরীক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি সংসদীয় ও দলীয় এবং নির্বাহীর কাঠামোগত সংস্কারের প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। দলমত-নির্বিশেষে সচেতন নাগরিক গোষ্ঠী, সিভিল সমাজসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গ্রহণ ও সাফল্য ইতিবাচক ভবিষ্যতের সন্ধান দিতে পারে।ড. আল মাসুদ হাসানউজ্জামান: অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।