সংখ্যালঘু নিপীড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের নিপীড়ন প্রশ্নে একটি জাতিগত আত্মজিজ্ঞাসার তাগিদ সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ড. কামাল হোসেন বলেছেন, এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীসহ সব সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই সংখ্যাগুরু আর একাত্তরের পরাজিতরাই মূলত সংখ্যালঘু। তাঁর এই বক্তব্যে সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা যদি বাস্তবতা হতো, তাহলে হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নামে একটি আলাদা সংগঠন থাকারই দরকার হতো না। বিএনপির নেতা এম কে আনোয়ারের এই আত্মোপলব্ধি সমর্থনযোগ্য যে সাম্প্রদায়িক ঘটনাগুলো আমাদের ওপর কলঙ্ক লেপন করেছে। সেগুলো মোচন করা দরকার। কিন্তু সে জন্য দরকার রাজনৈতিক অঙ্গীকার এবং হামলাগুলোর সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি। কিন্তু মৌখিক বক্তব্য কিছুটা পাওয়া গেলেও এ ক্ষেত্রে কার্যকর কিছু করতে কার্পণ্য প্রবল।সম্মেলনে প্রধান দলগুলোর নেতাদের উপস্থিতি অনেকটা তাই পরিহাসমূলক মনে হয়। সংখ্যালঘুদের তাঁরা কতটা ভোটব্যাংক হিসেবে বিবেচনা করে আর কতটা তাদের মানবাধিকারের প্রতি সংবেদনশীল, তা স্পষ্ট নয়। ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু বিচার তো দূরের কথা, ওই ঘটনার তদন্ত করতেও তখন সরকারি মহল অস্বীকৃতি ও শিথিলতা দেখিয়েছে। সেই ঘটনার তদন্তে বর্তমান সরকার একটি কমিশন সম্পন্ন করলেও তার চূড়ান্ত কোনো বিহিত হয়নি। এখন আবার আমরা দেখছি, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে সৃষ্ট পটভূমিতে সংখ্যালঘুরা আবারও নিষ্ঠুর নিপীড়নের শিকার হচ্ছে। এবারের পরিস্থিতি আরও জটিল। কারণ, ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল দেশের বিভিন্ন স্থানে ও মন্দিরে হামলা, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ইত্যাদি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এখন তাই সন্দেহ আরও গভীর যে আদৌ এর কোনো বিচার হবে কি না। এখন প্রকৃত চ্যালেঞ্জ, হামলাকারী যে-ই হোক, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।১৯ এপ্রিলের সম্মেলনের বক্তাদের সঙ্গে আমরা একমত যে এই ক্রান্তিকালে অসাম্প্রদায়িক শক্তির ঐক্যের বিকল্প নেই। কিন্তু সর্প হয়ে দংশন করা এবং ওঝা হয়ে ঝাড়ার ভূমিকায় শুধু একটি গোষ্ঠীই জড়িত, সে কথা বিশ্বাস করা কঠিন। এই সন্দেহ-সংশয়ের অবসান দরকার। আর সেটা কার্যকরভাবে সম্ভব হতে পারে কেবলই প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে। হয়রানিমূলক বা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দায়ের, পাইকারি গ্রেপ্তার ইত্যাদি থেকে সরকারি দলকে নিবৃত্ত থাকতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা যাতে প্রতিটি হামলার ঘটনায় সত্যিকারভাবে অভিযোগপত্র দায়ের করতে পারে এবং বিচার বিভাগ নির্বিঘ্নে দ্রুততম সময়ে বিচার করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতিটা স্মরণ করিয়ে দেয়, তারা বুঝি সকলের ভাগের মা, তাই গঙ্গা পায় না।