বাংলাদেশ আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক দল হিসেবে দাবি করে। সাত বছরের বেশি সময় ধরে একটানা সরকার পরিচালনা করছে সেই দল, কিন্তু সংখ্যালঘু ধর্ম-সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি।
সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপরে হামলা, নির্যাতন, তাঁদের উপাসনালয়-প্রতিমা ভাঙচুর, ঘরবাড়ি-দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনা প্রায়ই ঘটছে। তাঁদের জায়গা-জমি দখল করা কিংবা স্বল্পমূল্যে বিক্রি করতে বাধ্য করার মতো অভিযোগও অনেক পাওয়া যায়। জঙ্গিবাদী সহিংসতার শিকার হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে পুরোহিত, মঠের সেবায়েত, যাজক, ভিক্ষু আছেন বেশ কয়েকজন। খুন হওয়া লেখক-ব্লগারদের মধ্যেও উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী।
সর্বশেষ ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী খুন হওয়ার পর ওই জনপদে গভীর আতঙ্ক নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ৭ জুন, কিন্তু প্রায় তিন সপ্তাহ পরেও ওই অঞ্চলের পুরো হিন্দু জনগোষ্ঠী আতঙ্কমুক্ত হতে পারেনি। ভীতির পরিবেশ কাটেনি। তাঁদেরই একজনের কথায়, ‘সবাই ভয়ে আছে। পূজা-আচ্চা বন্ধ হওয়ার জোগাড়। পুরোহিত রামকৃষ্ণ বাবুকে এখন পাহারা দিয়া বাড়ি থ্যাকি নিয়া আসতে হয়। সইন্ধের পর ভক্তরাও আসতি চায় না।’
ওদিকে পিরোজপুরের সরদার মল্লিক ইউনিয়নের সাতটি গ্রামের হিন্দুরা ইউপি নির্বাচন শেষ হওয়ার তিন সপ্তাহ পরেও নিরাপত্তাহীনতার শঙ্কায় আছেন। কারণ, তাঁদের অভিযোগ, সেখানকার নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজন তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। মার্চ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট ছয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতার উল্লেখযোগ্য অংশ গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোর ওপর দিয়ে। কোথাও তাঁরা কোনো প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে নির্যাতনের শিকার হয়েছেন, কোথাও তাঁদের ওপর আক্রমণ এসেছে কোনো প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে।
আইনশৃঙ্খলার অবনতি, জঙ্গি তৎপরতা বৃদ্ধি, নির্বাচন—যেকোনো পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তার ওপর যেসব আঘাত আসছে, তা থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার বিষয়টি সরকারকে বিশেষ গুরুত্বের সঙ্গে নিতে হবে।