বুধবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ’ শিরোনামের প্রতিবেদন থেকে স্পষ্ট হয়েছে যে ঠাকুরগাঁও-২ আসনের সরকারদলীয় সাংসদ দবিরুল ইসলাম ও তাঁর ছেলে মাজহারুল ইসলাম কয়েকটি হিন্দু পরিবারের জমি জবরদখলের চেষ্টা করছেন। ওই সাংসদ ও তাঁর ছেলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন, কিন্তু তাঁদের পরস্পরবিরোধী কথাবার্তায় স্পষ্ট হয়েছে যে তাঁরা সত্য বলেননি।
ক্ষমতাসীন দলের সাংসদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সাধারণত এত প্রবল হয় যে সাধারণ মানুষ তাঁদের সঙ্গে বিবাদে জড়াতে চায় না। আর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাজুক অবস্থার কথা বলাই বাহুল্য। ১০টি হিন্দু পরিবারের সদস্যরা সাংসদ দবিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন—দবিরুলের এই দাবি মোটেও বিশ্বাসযোগ্য নয়। উপরন্তু তিনি যে ওই পরিবারগুলোর জমি নিজের চা-বাগানের অংশ করে নেওয়ার চেষ্টায় জবরদখল করতে কিংবা নামমাত্র মূল্যে তাঁর কাছে বিক্রি করতে তাদের বাধ্য করতে চাইছেন—এমন অভিযোগ করা হয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
জমি দখলের প্রচেষ্টায় সাংসদ সেখানকার হিন্দু পরিবারগুলোর মধ্যে ত্রাস সৃষ্টি করেছেন। তাঁর পেটোয়া লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ১৯ জুন সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে, জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। কয়েকটি পরিবার ভয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অন্য পরিবারগুলো আতঙ্কে আছে, তারা রাতের বেলা ঘর থেকে বের হচ্ছে না।
ক্ষমতাসীন দলের সাংসদ বলেই দবিরুল ইসলাম এ রকম সন্ত্রাসী পন্থায় সংখ্যালঘুদের জমি জবরদখলের চেষ্টায় নেমেছেন। সুতরাং এ বিষয়টি আওয়ামী লীগকে গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে। একজন সাংসদের এমন আচরণ খোদ জাতীয় সংসদের জন্যও অবমাননাকর। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে কী পদক্ষেপ নিতে যাচ্ছে, সেটা একটা বড় কৌতূহলের বিষয়। আমরা আশা করব, ওই সাংসদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যাতে ক্ষমতাসীন দলের অন্য প্রভাবশালী ব্যক্তিরাও এ ধরনের প্রবণতা ত্যাগ করেন।