সংখ্যালঘুদের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা–উদ্বেগ দেখা দেয়। কারণ, তাদের নির্বাচনকালীন অভিজ্ঞতা স্বস্তিদায়ক নয়। তারা নির্বাচনের আগের প্রচারণা পর্বে নানান ধরনের ভয়ভীতি ও চাপের শিকার হতে পারে, ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ–পরোক্ষ বাধার মুখে পড়তে পারে এবং ভোটের পরে আক্রান্ত হতে পারে। কিন্তু আইনের শাসন দ্বারা পরিচালিত কোনো গণতান্ত্রিক দেশে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঢাকায় এক নাগরিক সংলাপে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজ নিজ নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় এ বিষয়ে সতর্ক থাকার জন্য মানবাধিকারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। উভয় আহ্বানই যথাযথ ও প্রয়োজনীয়। রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আন্তরিক হলে এবং নির্বাচনী ইশতেহারের মাধ্যমে সেই প্রতিশ্রুতি প্রকাশ করলে সংখ্যালঘুদের শঙ্কা–উদ্বেগ কিছুটা লাঘব হতে পারে। যদিও এ দেশে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অনেক প্রতিশ্রুতিই পূরণ করে না, তবু লিখিত ও মুদ্রিত এই দলিলের অবশ্যই কিছু গুরুত্ব আছে। এটা তাদের জবাবদিহির পথ খোলা রাখে।

গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসন বা নির্বাচনী এলাকার মধ্যে ৯৬টিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছেন ১০ শতাংশের বেশি। এর মধ্যে প্রায় ৫৮টি নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের ওপর হামলার ঝুঁকি রয়েছে। গত মঙ্গলবার সেক্টরস কমান্ডারস ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাঁরা নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প্রতি আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ১৯৯০ সালের পরে বাংলাদেশে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচনগুলোর প্রায় প্রতিটির আগে ও পরে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে। আর এখন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, তাঁরা নিরাপত্তাহীনতার শঙ্কা ও উদ্বেগে ভুগছেন। শঙ্কা–উদ্বেগ থেকে কিছু এলাকার কিছু কিছু সংখ্যালঘু পরিবার দেশত্যাগ করছে বলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে খবর আসছে বলে সংগঠনটির সাধারণ সম্পাদক গতকাল টেলিফোনে প্রথম আলোর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। যাঁরা দেশত্যাগ করছেন, তাঁরা নির্বাচনের ফলাফল জানার পর সিদ্ধান্ত নেবেন, তাঁরা দেশে ফিরবেন কি ফিরবেন না।

রানা দাশগুপ্তর বক্তব্য থেকে উপলব্ধি করা যাচ্ছে নির্বাচন সামনে রেখে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনের অবস্থা কী। বিষয়টি সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এবং সব রাজনৈতিক দলের নেতাদের গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া একান্ত প্রয়োজন। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হলেও এবং নির্বাচনকালে সরকারের পক্ষ থেকে তার সব ধরনের সহযোগিতা পাওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব সরকারের হাতেই থেকে যায়। তাই নির্বাচনকালীন সরকারি প্রশাসন, বিশেষত পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের ওপর সরকারি প্রশাসনের দায়িত্ব–কর্তব্য কোনোভাবেই নির্ভরশীল হওয়া উচিত নয়; সরকার–নির্বিশেষে সব সময়ে সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের অপরিবর্তনীয় দায়িত্ব। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও বিরাট দায়িত্ব রয়েছে; তাদের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ নেতা–কর্মীদের প্রতি নির্দেশনা পাঠানো। ২০০১ সালের নির্বাচন–পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের পুনরাবৃত্তি অবশ্যই ঠেকাতে হবে।