সংঘবদ্ধ শক্তির এই মাস্তানি বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার দোকানে বসার জায়গা নিয়ে দুই শিক্ষার্থীর বিরোধের জের ধরে এমন লঙ্কাকাণ্ড ছিল কল্পনারও অতীত। অথচ গত শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন গেরুয়া বাজারে সেই ঘটনাই ঘটালেন ছাত্রলীগের একশ্রেণির নেতা-কর্মী। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা একটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা কীভাবে এই আচরণ করেন?
প্রথম আলোর খবর অনুযায়ী, ঘটনার সূত্রপাত ছাত্রলীগের কর্মী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মো. নাহিদ হোসেন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের প্রাক্তন ছাত্র রাসেলের মধ্যে বসার জায়গা নিয়ে। দুজনের বিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। ঘটনা এখানেই শেষ নয়। নাহিদ হলে ফিরে গিয়ে ছাত্রলীগের অন্য কর্মীদের বিষয়টি জানান। এরপর হল থেকে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী রাসেলের খোঁজে গেরুয়া বাজারে যান এবং তাঁকে না পেয়ে রড, লোহার পাইপ, স্টাম্প দিয়ে ওই খাবারের দোকানসহ দুটি দোকান, একটি পিকআপ ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন।
হাতাহাতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রাক্তন ছাত্রের মধ্যে। কিন্তু খাবারের দোকান ও গাড়িগুলো কী দোষ করল? কেন সংঘবদ্ধ শক্তি নিরীহ দোকানদারের স্থাপনার ওপর ঝাঁপিয়ে পড়ল? কেনই-বা পাশে থাকা গাড়ি তারা ভাঙচুর করল? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যদি এভাবে মাস্তানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে লেখাপড়া না জানা মানুষ কী করবেন?
একজন প্রাক্তন ছাত্র যদি অন্যায় করেও থাকেন, তাঁরা আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে দোকান ভাঙচুর ও যানবাহন ভাঙচুর করার পর ছাত্রলীগ কর্মীরা পাশের মেস থেকে রাসেলকে খুঁজে বের করে মারধর করেছেন। আর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিও রাসেলকে আইনের হাতে সোপর্দ করে দায়িত্ব শেষ করেছে। প্রাক্তন শিক্ষার্থীর প্রতি প্রক্টরিয়াল বডির দায় না থাকলেও নিরীহ ব্যবসায়ী, তাঁদের স্থাপনা ও যানবাহনের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় এড়াতে পারে না। শিক্ষাঙ্গনে সব ধরনের মাস্তানি ও জবরদস্তি বন্ধ হোক।