সংঘাত নয়, আলোচনায় নিষ্পত্তি বাঞ্ছনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্বিশ্বে অনেক কিছু ঘটে যাচ্ছে, যা আপাতত আমাদের চোখে পড়ছে না, বা পড়লেও জাতীয় ইস্যুগুলোর ওপরে স্থান পাচ্ছে না। অথচ ওই সব ইস্যু আমাদের জাতীয় জীবনে ব্যাপক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসনের পরিবর্তে মিট রমনি প্রশাসন এলে আমরা আবার যুক্তরাষ্ট্রের আগ্রাসন দেখব বলে মনে হচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। এখনই ইসরায়েল আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছে বলে খবরে প্রকাশ। বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি মন্ত্রিসভার অনেকেই মনে করেন, আক্রমণের এখনই সময়। ইরানের ওপর আক্রমণ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম কতখানি বাড়বে, তা এখনই বলা সম্ভব নয়। হরমুজ প্রণালিতে কিঞ্চিৎ সংকট তেলের বাজার অস্থিতিশীল করবে। ইরানও ছেড়ে দিয়ে কথা বলবে বলে মনে হয় না। তবে যত দিন সিরিয়ায় আসাদ সরকার ক্ষমতায় ঝুলে থাকবে, হয়তো তত দিন ইরানের দিকে তেমন নজর নাও দিতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।মধ্যপ্রাচ্য-সংকটের নেতিবাচক প্রভাব যে বাংলাদেশে প্রভাব পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা হতে শুরু করে ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এতে জীবনযাত্রার ওপর কী প্রভাব পড়ছে, তা ভুক্তভোগীরাই জানে। এ সময়ে মধ্যপ্রাচ্যে জ্বালানি-সংকট আরও ঘনীভূত হলে আমাদের অর্থনীতিতে চাপ পড়বে। এসবের জের রাজনৈতিক অঙ্গনে পড়বে কি না—তা এ মুহূর্তে বোঝা যাচ্ছে না; কারণ বাজারদর বা মানুষের জীবনযাত্রার ব্যাকুলতা এখন আমাদের রাজনীতির মুখ্য বিষয় নয়। আন্তর্জাতিক কোনো বিষয়ই আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে ধর্তব্যের মধ্যে নেই।রাজনীতিবিদদের মধ্যে এখন ইস্যু মূলত একটাই: ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকা, বা পুনঃপ্রতিষ্ঠিত হওয়া। মাঝেমধ্যে অতিগুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যেমন পদ্মা সেতু অথবা গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়। তবে এখন মুখ্য আলোচনার বিষয় আগামী সংসদ নির্বাচন, কী ধরনের সরকারের অধীনে তা অনুষ্ঠিত হবে। অবশ্য পদ্ধতিটা সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে পরিষ্কারভাবে উল্লিখিত আছে, নির্বাচন কমিশনও ওই সংশোধনীর অনুচ্ছেদ ১২৩(৩)(ক) মোতাবেক নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। তার মানে, দলীয় সরকারের অধীনে সংসদ বিলুপ্ত হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ এবং সংসদ সদস্য পদ বহাল রেখে মন্ত্রিসভার তত্ত্বাবধানে নির্বাচন হবে, এর বাইরে এখনো চিন্তা করার তেমন কিছু উপাদান পাওয়া যাচ্ছে না। তবে অবশ্য তুরুপের তাস হিসেবে অনুচ্ছেদ ১২৩(৩)(খ) ব্যবহূত হতে পারে। দুই সপ্তাহ অথবা তারও আগে সংসদ বিলুপ্ত হলে সে ক্ষেত্রে নির্বাচন ৯০ দিন পর হবে। তার মানে সংসদ সদস্যদের পদ থাকবে না। যা স্বভাবতই কাম্য। সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন আসবে।১২৩(৩)(ক) বহাল রেখে নির্বাচন করতে গেলে সেই নির্বাচন কেমন হবে, তা যাঁদের অতীত নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তাঁরা ভালোভাবেই উপলব্ধি করছেন। আমি একাধিকবার বলেছি যে ওই পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন হবে দুরূহ ব্যাপার। বিগত সব তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশের নির্বাচনগুলো স্বচ্ছ-নিরপেক্ষ হলেও পরাজিত দল ওই ফলাফল গ্রহণ করতে কুণ্ঠিত হয়েছে আর দলীয় সরকার অথবা সংসদ বহাল রেখে নির্বাচনের ফলাফল কীভাবে পরাজিত দল মানবে, তা বুঝতে বেগ পেতে হয় না।এসবই এখনো জটিল আলোচনার বিষয় হয়ে রয়েছে। এত দিন সরকারও এসব বিষয়ে অনমনীয় ছিল, তবে হালে প্রধানমন্ত্রীর বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারের মন্তব্য নিয়ে আলোচনা সরস হয়ে উঠেছে। তিনি বলেন যে বিএনপি চাইলে ‘অন্তর্বর্তীকালীন’ সরকারে যোগ দিতে পারে। অবশ্য এর আর কোনো ব্যাখ্যা তিনি দেননি। ব্যাখ্যা দেননি সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের কোন উপ-দফা অনুযায়ী নির্বাচন হবে। ধরে নিই, সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারা সংসদ বহাল রেখেই নির্বাচনের প্রাক্কালে যে সরকার গঠন হবে, সেখানে যদি বিরোধীদলীয় বা জোটের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়, এমনকি প্রধানমন্ত্রীও বদল হয়; তা হলেও কি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা নির্বাচন কমিশনসহ কেউ দিতে পারবেন? আমার অভিজ্ঞতা বলে, এমন নিশ্চয়তা দেওয়া খুব কঠিন। যদি ধরে নেওয়া যায় এই ধারাতেই নির্বাচন হবে, তবে সেই অবস্থায় নির্বাচনোত্তর সংকট যেভাবে ঘনীভূত হবে, তা হবে আরও ভয়াবহ।প্রধানমন্ত্রী কোন সরকার পদ্ধতিতে নির্বাচন হবে, তা খোলাসা করেননি বলে এ বিষয়েও এখনো অনিশ্চয়তা কাটেনি। কাজেই সরকারপ্রধানের এ বক্তব্যের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকেই একটি পূর্ণাঙ্গ প্রস্তাব না পাওয়া পর্যন্ত এমন সংশয় থেকেই যাবে। এ কথা অনস্বীকার্য যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একদিকে যেমন কিছুটা বরফ গলার আভাস দিচ্ছে, তেমনি আরও আলোচনার পথ উন্মুক্ত করেছে। অবশ্য আলোচনার ক্ষেত্র তৈরি করতে আরও অনেক পথ এগোতে হবে। সরকারকে খোলাসা করতে হবে, সংবিধানের কোন ধারার পরিপ্রেক্ষিতে এই আলোচনা হবে।সরকারপ্রধানের বিবিসিতে দেওয়া বক্তব্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকেই একে বড় ধরনের ছাড় বললেও বিরোধীদলীয় প্রধান নির্দলীয় সরকারের বিষয়ে অনড় রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের অথবা অন্য কোনো নামে, দাবি থেকে এখনো সরে আসেননি। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল দুই দলের কোনো দলই একবাক্যে মেনে নেয়নি। তত্ত্বাবধায়ক সরকার হলেই সেই নির্বাচনী ফলাফল সবাই মানবেন, এমন নিশ্চয়তা কোথায়? নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা যে পৃথিবীতে নেই এমন কথাও নয়, তবে ওই সরকারের নির্বাচনও হয় সব দলের মতামতের ভিত্তিতে। এই আলোচনায় শুধু নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা নির্বাচনকে স্বচ্ছ করবে না। প্রয়োজন হবে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর।প্রতিটি দলই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে একমত, কিন্তু উপাদানগুলো কী হবে, তা আমরা পাঁচ বছরেও কোনো দলের তরফ থেকে সুপারিশ হিসেবে পাইনি। এমনকি যে সুপারিশ বিগত নির্বাচন কমিশন সবার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে করেছিল, সেগুলোও আইন মন্ত্রণালয় বর্তমান কমিশনের কাছে ফেরত পাঠিয়েছে। পত্রপত্রিকার ভাষ্য অনুযায়ী, বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছে, ওই সব সংস্কার ছাড়াই নির্বাচন কমিশন শক্তিশালী রয়েছে। এমন বক্তব্য বাস্তবসম্মত নয়। অনেকখানি শক্তিশালী থাকলেও পূর্বতন অভিজ্ঞতার আলোকে বলতেই হয় যে অনেকটা পথচলা বাকি রয়েছে। যে ধরনের সরকারই থাকুক না কেন, নির্বাচনে নির্বাচন কমিশনের পূর্ণ কর্তৃত্ব না থাকলে নির্বাচন করানো আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার মধ্যে বেজায় ফারাক থেকে যাবে।তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা অন্য কোনো ধরনের সরকার হোক, বা বিশ্বের সংসদীয় গণতন্ত্রে যে পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকে, তেমন সরকারই হোক, অথবা ওই ধাঁচের অংশীদারির সরকারই হোক, নির্বাচন কমিশনকে নির্বাচনবিষয়ক পূর্ণ কর্তৃত্ব দিতেই হবে। যে ধরনের সরকারই হোক, নির্বাচন কমিশনকে অধিক দায়িত্ব হিসেবে অনেকগুলো মন্ত্রণালয়ের পরামর্শক হিসেবে দায়িত্ব অর্পণ করতে হবে। এসবের পরিপ্রেক্ষিতেই বিগত নির্বাচন কমিশন চারটি মন্ত্রণালয়ের কথা উল্লেখ করে গণপ্রতিনিধিত্ব আইনে সংশোধনী আনার সুপারিশ করেছিল। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আরও দুটি মন্ত্রণালয়, যথা—অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তালিকায় যুক্ত করার প্রয়োজন হবে। এসব মন্ত্রণালয়ের ওই সময়ের মন্ত্রী বা মন্ত্রীর সমমর্যাদার ব্যক্তি দ্বারা পরিচালিত হলেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের মতামত নেওয়া বাধ্যতামূলক করতে হবে। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এমন নয় যে বিষয়টি একেবারে নতুন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে নির্বাচনকালীন এ ধরনের ব্যবস্থাই চালু রয়েছে। শুধু মন্ত্রণালয়ের বিষয়ই নয়, আরও অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি বাড়াতে হবে। এর অনেকগুলোই সুপারিশ আকারে, মেয়াদ পূর্ণ হওয়ার আগে, পূর্বতন কমিশন চূড়ান্ত করেছিল। এসব সুপারিশের বাইরে আরও কিছু বিষয় নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।আগামী নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে—এটা ছাড়াও বহু আনুষঙ্গিক বিষয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবচেয়ে জরুরি বিষয় হলো রাজনৈতিক ও দলীয় সংস্কৃতি। যেসব নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করে বা করবে; তারা যদি নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায়, তাহলে এত বিতর্কের প্রয়োজন হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই সংস্কৃতি গড়ে উঠবে কি না, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। প্রকৃতপক্ষে নির্বাচন গ্রহণযোগ্য করার একাধিক বিষয় রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আলোচনা শুধু সরকারব্যবস্থা আর নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকলেই সব সমস্যার সমাধান হবে না। আলোচনা হতে হবে নির্বাচনকালীন রাজনৈতিক দলের আচরণ, বিভিন্ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও নির্বাচনী বিষয়ে। আইন অনুসরণ করে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ইত্যাদি বিষয়ে সরকারের তরফ থেকে যে ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাতে মনে হয় সরকারকে অবশ্যই আলোচনার টেবিলেই মীমাংসা করতে হবে। যে কারণেই, যে প্রস্তাবই আসুক না কেন, তা পরিষ্কার ও বিস্তারিতভাবেই উপস্থাপন করা উচিত—যাতে জনমনেও কোনো সংশয় না থাকে। রাজনৈতিক যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করাই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। রাজপথে আপাতদৃষ্টে সমস্যার সমাধান হলেও তার জন্য চড়া মূল্য দিতে হয়। এ কথা আমাদের রাজনীতিবিদদের চেয়ে বেশি আর কেউ বুঝতে পারেন বলে মনে হয় না। তবে ১২৩(৩)(ক)-এর আওতায় যে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তা এখন সবাই উপলব্ধি করছেন। এই সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করা যায়, ততই মঙ্গল।ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার, কলাম লেখক এবং নিরাপত্তা বিশ্লেষক।[email protected]