সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনটি একটি অনুসরণীয় ঘটনা হয়ে থাকতে পারত। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) সময়োচিত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারা এবং ক্ষেত্রবিশেষে ক্ষমতাসীন দলের বাড়াবাড়ির কারণেই সেটি সম্ভব হয়নি। নির্বাচনে বিজয়ী ও পরাজিত পক্ষ একে অপরের বিরুদ্ধে যতই অভিযোগ–পাল্টা অভিযোগ করুক না কেন, এর একটা বড় দায় ইসি এড়াতে পারে না।
একটি বৈরী রাজনৈতিক পরিবেশে প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় ভোটের উত্তাপ যে বাড়তে পারে, সেটি আমলে নিয়ে নির্বাচন কমিশনের উচিত ছিল আগাম প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেপরোয়া আচরণ নির্বাচনের পরিবেশকে অসহনীয় করে তুললেও ইসির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। কোনো কোনো ঘটনায় তারা দেরিতে এবং অপর্যাপ্ত কিছু ব্যবস্থা নিলেও সার্বিক পরিস্থিতির অবনতি ঠেকানো যায়নি।
সারা দেশে ধরপাকড়, হয়রানিমূলক গ্রেপ্তার ও মামলা দায়েরের অভিযোগের মধ্যেও বিএনপি নির্বাচনী প্রতিযোগিতায় ফিরে এসেছে এবং অনেকের আশঙ্কা অমূলক প্রমাণ করে তারা কোনো অজুহাত তুলে সরেও দাঁড়ায়নি। তারা কথা রেখেছে। কিন্তু নির্বাচন কমিশন যে জাতির কাছে একটি অবাধ নির্বাচনের ওয়াদা করেছিল, সেটি রাখতে পারেনি। বিভিন্ন গণমাধ্যমে যেসব চিত্র প্রকাশিত ও প্রচারিত হয়েছে, তাতে ইসির অপারগতাই প্রকট হয়ে উঠেছে।
নির্বাচনের আগে বিভিন্ন স্থানে যে হানাহানির ঘটনা ঘটেছে, সেটি সামাল দিতে পারলে হয়তো মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে পারত।
বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ফল প্রত্যাখ্যানের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা কোনো ফল দেবে বলে মনে হয় না। বরং তাদের উচিত হবে প্রতিটি অনিয়মের বিষয়ে আলাদাভাবে আপিল করা। আইনি লড়াই চললে ইসির ওপর চাপ তৈরি হবে। পৌর নির্বাচন বিরোধপূর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে যে নতুন করে ঝোড়ো হাওয়া তৈরি করেছে, তার প্রতিকারে নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন জরুরি। নির্বাচন কমিশনকেও জরুরি ভিত্তিতে নিজেদের কার্যক্রমের মূল্যায়ন করতে হবে