বিএনপির নোয়াখালী জেলা কমিটির ডাকা বৃহস্পতিবারের হরতালের সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদি নাশকতার পাশাপাশি যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো সংবাদপত্র পোড়ানো। হরতালের সমর্থনে পিকেটাররা সংবাদপত্র বহনকারী গাড়ির ওপর হামলা চালিয়ে অধিকাংশ সংবাদপত্রের কপি নামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তারা যে তিনটি সংবাদপত্রের কপি পোড়ায়নি, সেগুলো হলো নয়া দিগন্ত, আমার দেশ ও সংগ্রাম। দৈনিকসংগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত। অন্য দুটি দৈনিক কোনো রাজনৈতিক দলের মুখপত্র নয়, তবে বিএনপি-জামায়াতের রাজনীতির সমর্থক হিসেবে পরিচিত। সংবাদপত্রের কপি পুড়িয়ে যারা হরতালের ‘সাফল্য’ প্রতিপন্ন করতে চেয়েছে, তাদের এই ‘নির্দিষ্ট পত্রিকাগুলোয় অগ্নিসংযোগ’-এর মধ্য দিয়ে এটাও পরিষ্কার হয়েছে, বাংলাদেশের সিংহ ভাগ জাতীয় দৈনিক সংবাদপত্রকে তারা বৈরী বলে মনে করে।এটি কোনো সমস্যা নয়। কারণ, সাংবাদিকতায় রাজনৈতিক পক্ষপাত স্বীকৃত বিষয়। অতি উন্নত গণতান্ত্রিক দেশগুলোর প্রথম সারির অনেক সংবাদপত্রও নিজেদের রাজনৈতিক পছন্দ-অপছন্দ গোপন রাখে না। কোনো কোনো সংবাদপত্র প্রকাশ্যেই কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন ব্যক্ত করে। কিন্তু সে জন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ওই সংবাদপত্র বিপণনে বাধা দেওয়া বা সেটির কপি পুড়িয়ে ঘৃণা প্রকাশের মতো আচরণ করেন না—যেমনটি নোয়াখালীতে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা করেছেন। জবরদস্তিমূলক ও খানিকটা সহিংস এ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নিয়মতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ ধরনের অগণতান্ত্রিক আচরণে লিপ্ত হলে সেই দলটি নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করতে পারে না।এর আগে শাহবাগ আন্দোলনের প্রবল উত্তেজনাময় সময় দেশের কয়েকটি স্থানে নয়া দিগন্ত, আমার দেশ, ইনকিলাব পত্রিকার বিপণনে বাধা দেওয়া এবং পত্রিকাগুলোর কপি পোড়ানোর সংবাদ পেয়ে আমরা সম্পাদকীয় নিবন্ধে এসবের প্রতিবাদ জানিয়েছি। কারণ, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। এই স্বাধীনতা রাজনৈতিক বা দলীয় মতাদর্শ-নির্বিশেষে সব সংবাদমাধ্যমের জন্য সমানভাবে প্রযোজ্য।সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্রতি আমাদের আহ্বান: সংবাদপত্রের বিপণনে বাধাদান, পত্রিকার কপি পোড়ানো, সংবাদপ্রতিষ্ঠানের যানবাহন ভাঙচুর করা ও সংবাদকর্মীদের ওপর আক্রমণ বন্ধ করুন।