যা সাধারণত ঘটে না, তা-ই ঘটছে। যুদ্ধাপরাধীদের বিচারবিরোধী একটি পক্ষ দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্র পৌঁছতে বাধা সৃষ্টি করছে। কার্যত, সাংবাদিক, পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের স্থানীয় দপ্তর এবং অধিকাংশ জাতীয় দৈনিকের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে সত্য ও তথ্য জানার অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা কেবল নিন্দনীয়ই নয়, চরম গর্হিত কাজ। গত রোববার ১১ জেলায় সংবাদপত্র পৌঁছানোয় বাধা দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ওই দিন ভোরবেলা সিরাজগঞ্জের পর ধুনট-শেরপুর ও বগুড়া শহরের প্রবেশমুখে তাঁরা জাতীয় সংবাদপত্রবাহী গাড়িগুলো আটকে দেন এবং সেগুলো ঢাকায় ফেরত পাঠান। সব দলেরই নীতিগত অবস্থান হলো: সংবাদপত্র, সাংবাদিক ও গণমাধ্যমের কাজকর্ম হরতালের আওতার বাইরে থাকবে। এবারে তাঁরা সেই নীতি ছুড়ে ফেলে খোলাখুলি সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পছন্দসই দু-একটি পত্রিকা ও টিভি চ্যানেল ছাড়া বাদবাকি সব মাধ্যমের সাংবাদিক ও পত্রিকার এজেন্টদের তাঁরা ভয়ভীতির মধ্যে রেখেছেন। কোথাও যদি পত্রিকা পৌঁছায়ও, সেগুলো বিলি করায় বাধা দেওয়া হচ্ছে। মানুষ সংবাদপত্রের মাধ্যমে দেশের হালচাল জানে, তথ্য পায় এবং আলোকিত হয়। মুক্ত সমাজ ও গণতান্ত্রিক সংস্কৃতির দেহে সংবাদমাধ্যম রক্তপ্রবাহ নালির কাজ করে। দেশকে যারা অন্ধকারে রাখতে চায়, যারা চায় বিভ্রান্তির মাধ্যমে জনগণকে বিপথে পরিচালিত করতে, তারাই কেবল সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারে। পাঠকের জন্যই সংবাদপত্র মুদ্রিত ও প্রকাশিত হয়। পাঠকের অধিকার রয়েছে তাঁর পছন্দের সংবাদপত্র হাতে পাওয়ার। এ ক্ষেত্রে জবরদস্তির কোনো সুযোগ নেই। কোনো গোষ্ঠী বা পক্ষেরও উচিত নয়, সংবাদমাধ্যম ও সংবাদপত্রকে আক্রমণের লক্ষ্যবস্তু করা। মনে রাখতে হবে, জনগণকে অন্ধকারে রাখতে চাইলেই, জনগণ আর আলো খুঁজবে না, তা নয়। আজকের দুনিয়ায় সন্ত্রাস বা জবরদস্তি করে মানুষের কাছে সংবাদ পৌঁছানো বন্ধ করা যাবে না।আমরা আশা করব, এ ধরনের হঠকারী কাজ আর ঘটবে না। সংবাদমাধ্যম যেমন বস্তুনিষ্ঠভাবে তার দায়িত্ব পালন করে যাবে, তেমনি তার কণ্ঠরোধের চেষ্টাও কেউ করবে না।