সাভারের ধসে যাওয়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে প্রায় পৌনে চার শ মানুষের লাশ উদ্ধার, ধ্বংসস্তূপের ভেতরে আরও অজানাসংখ্যক মানুষের লাশে পরিণত হওয়ার আশঙ্কা, সহস্রাধিক মানুষের আহত হওয়া, আহত ব্যক্তিদের একটি বড় অংশের চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা—সব মিলিয়ে বাংলাদেশে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার সংবাদ পরিবেশনে বাড়াবাড়ি করা হচ্ছে, এমন ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা নিষ্ঠুরতার প্রকাশ।এই নিষ্ঠুরতার প্রকাশ ঘটিয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম। গত শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসির বিশেষ সংলাপে তিনি বলেছেন, সাভারের ভবনধসের প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তৈরি পোশাকশিল্পের মালিকদের এই নেতা দেশের ভাবমূর্তি নিয়ে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে তাঁর কথাবার্তা শুনে মনে হচ্ছে, তিনি সংবাদমাধ্যমকে শেখাতে চান কীভাবে সংবাদ পরিবেশন করতে হয়। ‘কেন আমরা বারবার এসব দেখাচ্ছি’—এই প্রশ্নও তিনি তুলেছেন। তাঁর আপত্তির কারণ, ‘এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।...বিদেশিরা ২৪ ঘণ্টা টিভি চ্যানেলের সামনে বসে আছে।’কিন্তু এভাবে উদ্বেগ, দুশ্চিন্তা কিংবা সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করার চেয়ে নিজেদের দায়িত্বশীলতা বাড়ানোর প্রতি মনোযোগী হওয়া বেশি জরুরি। বাংলাদেশের সংবাদমাধ্যম তার দায়িত্ব নিজের সামর্থ্য অনুযায়ী পালন করেই যাবে। আর ইউরোপ-আমেরিকার যেসব নাগরিক বাংলাদেশের তৈরি পোশাক ব্যবহার করেন, তাঁরা এ দেশের সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল নন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাভারের ভবনধসের সচিত্র খবর, মন্তব্য, বিশ্লেষণী নিবন্ধ-প্রবন্ধ এমনকি সম্পাদকীয় বক্তব্যও প্রকাশিত হচ্ছে। শিল্প খাতের কোনো দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের হতাহত হওয়ার ঘটনা এর আগে ঘটেনি। এই দুর্ঘটনার মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি কত অবহেলিত—এসব কথা ইউরোপ-আমেরিকার প্রথম সারির দৈনিক সংবাদপত্রগুলোতে লেখা হচ্ছে।তাই এ দেশের সংবাদমাধ্যমের দোষ ধরার চেষ্টা করে পোশাকমালিকেরা সুফল পাবেন না, বরং শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা এবং সব রকম আইনের ঊর্ধ্বে থাকার মানসিকতা ত্যাগ করলে পরিস্থিতির কিছু উন্নতি ঘটতে পারে। গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের প্রাণহানির ঘটনাসহ তার আগের অনেক দুর্ঘটনায় অজস্র শ্রমিকের প্রাণহানি ঘটেছে, কিন্তু এ পর্যন্ত কোনো পোশাক কারখানার মালিকের শাস্তি হয়নি। ওই ঘটনায় মালিকদের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো পূরণ করা হয়নি। এ ছাড়া বিজিএমইএ হাতিরঝিল ভরাট করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করেছে, আদালতের আদেশে অবৈধ ঘোষিত হওয়ার পরও যেটি তাদের ঔদ্ধত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।রানা প্লাজার মালিকসহ ওই ভবনের তিনটি পোশাক কারখানার মালিকেরা যে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, তাতে যে সংবাদমাধ্যমে প্রকাশিত জনমতের প্রবল চাপেরও ভূমিকা রয়েছে—এটা অনস্বীকার্য। কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করে কেউই যেন পার পেয়ে যেতে না পারে—এ লক্ষ্যেই সংবাদমাধ্যম সংবাদ পরিবেশন করে।