সংবাদমাধ্যমের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার দুপুরে ঢাকার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কার্যালয়ের সামনে থাকা একটি মাইক্রোবাসে কয়েকজন সশস্ত্র ব্যক্তি আগুন ধরিয়ে দিলে মাইক্রোবাসটি পুড়ে গিয়ে পত্রিকাটির কার্যালয়ের নিচতলায় ছাপাখানার কাগজে তা ছড়িয়ে পড়ে। পত্রিকাটির কর্মচারী ও স্থানীয় লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলেন। ফলে একটি বড় রকমের অগ্নিকাণ্ড থেকে পত্রিকাটির কার্যালয় রক্ষা পেয়েছে। এ ঘটনা স্বভাবতই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। এর সঙ্গে শাহবাগে চলমান তরুণ সমাজের আন্দোলনকে জড়িয়ে কেউ কেউ বক্তব্য দিচ্ছেন। কিন্তু পুলিশ এই অগ্নিসংযোগের সঙ্গে শাহবাগ আন্দোলনের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। উল্লেখ্য, নয়া দিগন্ত অফিসের সামনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কাছাকাছি সময়ে শিবিরের কর্মীরা মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছেন। সাংবাদিক সংগঠন ও ইউনিয়নগুলোর বিএনপি-জামায়াত সমর্থক নেতাদের এক যৌথ বিবৃতিতে ওই অগ্নিসংযোগের ঘটনাকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের ‘সূত্র ধরে আক্রমণের আলামত’ বলে মন্তব্য করা হয়েছে। কিন্তু ঘটনাটি সম্পর্কে কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য করা সমীচীন নয় বলে আমরা মনে করি। সংবাদমাধ্যমের নিরাপদে, নির্বিঘ্নে ক্রিয়াশীল থাকার স্বাধীনতা দলীয় বিষয় নয়। আমরা মনে করি, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি সংবাদপত্রের কপি পোড়ানো ও বিপণনে বাধা দেওয়াসহ জবরদস্তিমূলক যেসব আচরণের অভিযোগ পাওয়া যাচ্ছে, তা-ও নিন্দনীয়। শাহবাগ আন্দোলনের বৈশিষ্ট্য হলো এটি শান্তিপূর্ণ, সম্পূর্ণভাবে অহিংস। আন্দোলনের এই চরিত্র যেন শেষ পর্যন্ত বজায় থাকে—এ বিষয়েও সংগঠকদের সর্বোচ্চ মনোযোগ থাকা প্রয়োজন। একইভাবে সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও গোয়েন্দা বিভাগকে।রাজনৈতিক মতনির্বিশেষে সমগ্র সংবাদমাধ্যমের শর্তহীন স্বাধীনতা এবং পরিপূর্ণ নিরাপত্তায় সংবাদমাধ্যমের কাজ করার অধিকার সমুন্নত রাখতে হবে। এই দাবি জানানোর পাশাপাশি আমরা বলি, মতপ্রকাশ বা আদর্শের প্রচারণায় সবাই যেমন স্বাধীন, তেমনি তথ্য প্রকাশে বস্তুনিষ্ঠতা রক্ষা করাও সংবাদমাধ্যমের প্রাথমিক দায়িত্ব। শাহবাগ আন্দোলন সম্পর্কে ভিত্তিহীন খবর, গুজব ও উসকানিমূলক মন্তব্য প্রচার থেকে বিরত থাকাই শ্রেয়।