সংবাদমাধ্যমের সামনে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে গত শনিবার রাজধানীতে আয়োজিত ‘সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে পৃথিবীর বিভিন্ন অংশের ১০টি দেশ থেকে আসা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিকতা-সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তি এবং এ দেশের সম্প্রচার ও মুদ্রিত সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের বক্তব্যে নানা কথার মধ্যে বারবার উচ্চারিত হয়েছে একটি শব্দ: সুসাংবাদিকতা। তাঁদের কথায় প্রতিধ্বনিত হলো প্রথম আলোর দর্শন ও পেশাগত আদর্শের একটি মৌলিক প্রত্যয়। প্রতিষ্ঠার শুরু থেকেই এ পত্রিকা সুসাংবাদিকতা অনুশীলনের চেষ্টা করে আসছে।
পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদমাধ্যমের ওপর সরকার, রাজনৈতিক শক্তি, করপোরেট মহল প্রভৃতির চাপের কথা বিভিন্ন বক্তা বলেছেন। যেমন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি বলেন, সংবাদমাধ্যমের ওপর সরকার ও রাজনৈতিক মহলের চাপ থাকবে। তারা কখনো আইনি ব্যবস্থা নেবে, কখনো অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। কিন্তু তাতে সংবাদমাধ্যমের দমে গেলে চলবে না; এসব চাপ মোকাবিলা করেই সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। বলাবাহুল্য, এসব চাপ মোকাবিলা করার সর্বোত্তম পন্থা হলো সুসাংবাদিকতা। পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠভাবে সঠিক সংবাদ ও যুক্তিপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করা।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক রাজ কমল ঝাসহ একাধিক বক্তা বলেছেন, ইন্টারনেট প্রযুক্তির প্রসারের ফলে প্রথাগত সংবাদমাধ্যমের সামনে নানা রকমের চ্যালেঞ্জ এসেছে, সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থার সংকটও দেখা দিয়েছে। জনগণের আস্থা ফিরে পাওয়ার উপায়ও সুসাংবাদিকতা।
সেমিনারের বক্তারা যথার্থই বলেছেন, সাংবাদিকতার সামনের চ্যালেঞ্জ চূড়ান্ত বিচারে শুধুই সাংবাদিক বা সংবাদমাধ্যমের চ্যালেঞ্জ নয়; পুরো সমাজ ও রাষ্ট্র, তার রাজনীতি, শাসনব্যবস্থা এবং সার্বিক সংস্কৃতিরও চ্যালেঞ্জ। কেননা, মুক্ত, স্বাধীন, দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য। সংবাদমাধ্যমের স্বাধীন ও বস্তুনিষ্ঠ আচরণ রাজনৈতিক, ব্যবসায়িক, করপোরেট কিংবা অন্য কোনো মহলের সংকীর্ণ স্বার্থের অনুকূল না হলেই সংবাদমাধ্যমকে বৈরী জ্ঞান করার প্রবণতা প্রকৃতপক্ষে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পক্ষে ক্ষতিকর হয়। কারণ, তার ফলে বাধাগ্রস্ত হয় গণতন্ত্র, আইনের শাসন, দায়িত্বশীলতা ও জবাবদিহির সংস্কৃতি। এদিক থেকে সংবাদমাধ্যমের চ্যালেঞ্জ আসলে গণতন্ত্রেরই চ্যালেঞ্জ।
কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর দেশে দেশে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতাধর পক্ষ সংবাদমাধ্যমের স্বাধীন আচরণ খর্ব করতে চায়। তবে কোনো দেশেই সংবাদমাধ্যম তাতে দমে যায় না; শত বাধা, শত চাপ সত্ত্বেও সে তার নিজের দায়িত্ব সর্বোত্তম পন্থায় পালন করার চেষ্টা যথাসাধ্য চালিয়ে যায়। বাংলাদেশ বা প্রথম আলো তার ব্যতিক্রম নয়।