স্নায়ুযুদ্ধ অবসানের পর পৃথিবীর দেশে দেশে গণতন্ত্র, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিকাশের যে প্রত্যাশা করা হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে তা ঘটেনি। শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা নস্যাৎ হয়েছে সংঘাত ও সহিংসতা বৃদ্ধির মধ্য দিয়ে। এই সমস্ত কিছুর নেতিবাচক প্রভাবে সংকুচিত হয়ে এসেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা। যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ফ্রিডম হাউস হিসাব দিচ্ছে, বৈশ্বিক পরিসরে সংবাদমাধ্যমের স্বাধীনতা গত ১২ বছরের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে।
সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক বেসরকারি সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তার ২০১৬ সালের গ্লোবাল ইমপিউনিটি ইনডেক্সে এমন কয়েকটি দেশের চিত্র তুলে ধরেছে, যেখানে সাংবাদিকদের খুন করে বিচারের বাইরে থেকে যাওয়ার ঘটনা বেড়েছে। সংস্থাটি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ১৩টি দেশের নাম উল্লেখ করেছে, তাদের তালিকায় বাংলাদেশও আছে। রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) তাদের ২০১৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সের শিরোনামেই মন্তব্য করেছে, ‘লিডার্স প্যারানোয়েড অ্যাবাউট জার্নালিস্টস’। অর্থাৎ পৃথিবীর দেশে দেশে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের নেতারা সাংবাদিকদের দিক থেকে ভীতি-বাতিকগ্রস্ততায় আক্রান্ত। এর ফলে সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর চাপ বেড়েছে এবং তাদের স্বাধীনতা সংকুচিত হয়েছে।
ফ্রিডম হাউসের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর মাত্র ১৩ শতাংশ মানুষ সংবাদমাধ্যমের স্বাধীনতা ভোগ করছে। পক্ষান্তরে ৪৬ শতাংশ মানুষ এমন দেশে, এমন পরিবেশে বাস করছে, যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। ২০১৫ সাল পর্যন্ত যেসব দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে, সেগুলোর তালিকায় বাংলাদেশের নামও আছে। আরও আছে তুরস্ক, বুরুন্ডি, ফ্রান্স, সার্বিয়া, ইয়েমেন, মিসর, মেসিডোনিয়া ও জিম্বাবুয়ের নাম। সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান নেমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা লেখক, প্রকাশক ও ব্লগার হত্যা, লেখকদের হুমকি দেওয়া, বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের ওপর আইনি হয়রানি, কিছু সংবাদপ্রতিষ্ঠানের ওপর সরকার-আরোপিত অর্থনৈতিক চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ।
এ রকম পরিবেশ ও পরিস্থিতিতে প্রথম আলোর প্রকাশনার ১৮ বছর পূর্ণ হচ্ছে। সংবাদমাধ্যম ও সাংবাদিকতার পেশাগত ও নৈতিক দায়িত্ব-কর্তব্য পালনের জন্য যে ন্যূনতম পরিবেশ প্রয়োজন, বৈশ্বিক, আঞ্চলিক ও দেশীয় প্রেক্ষাপটে তার সংকোচন সত্ত্বেও প্রথম আলো তার দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। এই সংবাদপত্রের অগণিত পাঠকের শুভেচ্ছা, সমর্থন ও সহযোগিতাই আমাদের শক্তি।