সংবিধান নিয়ে প্রধানমন্ত্রীর ভুল ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে বাংলাদেশ সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়েছেন। স্পিকার, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর সংসদ ও সংবিধানবিষয়ক উপদেষ্টারা যথারীতি নীরবতা পালন করেছেন। না জানা কিংবা জেনেও উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে সংবিধানের ভুল ব্যাখ্যা দেওয়া আমাদের দেশে অবাক করা বিষয় নয়। তবে দেখার বিষয় হলো, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ বিষয়ে প্রধানমন্ত্রীর যথোচিত সমালোচনা করতে ব্যর্থ বলেই প্রতীয়মান হচ্ছে।দুই নেত্রী জেনেশুনে এ দেশের জাতীয় সংসদকে পঙ্গু বানিয়ে রেখেছেন। তাঁরা উভয়ে চেয়েছেন এবং চাইছেন, সংসদ শুধু তাঁদের কথায় উঠুক-বসুক। সে কারণে সংসদকে ব্যক্তির ক্রীড়নকে পরিণত করার ক্ষেত্রে খালেদা জিয়া দ্বাদশ সংশোধনীতে যে সর্বনাশ ঘটিয়েছিলেন ১৯৯১ সালে, শেখ হাসিনা তা নতুন করে সমুন্নত করেন ২০১১ সালে। তাঁরা স্থির করেছেন, সংসদ ভাঙা প্রশ্নে রাষ্ট্রপতি যেন কিছু বলতে না পারেন। আর এখন শেখ হাসিনা যখন অসত্য তথ্য দিচ্ছেন, তখন খালেদা জিয়া নীরব। কারণ, এ নিয়ে মুখ খুললে তাঁদের প্রত্যেকের থলের বিড়াল বেরিয়ে আসবে।মধ্যযুগীয় ইংল্যান্ডের রাজারা সংসদ ভাঙতে চাইতেন না। কারণ, সংসদ ভাঙলে নির্বাচন দিতে হয়। নির্বাচন ছিল তাঁদের চক্ষুশূল। রাজা জেমস টানা ১৭ বছর সংসদের বৈঠক ডাকেননি। তাই সংসদের মেয়াদ নির্দিষ্ট করে আইন হলো। প্রায় ৩০০ বছর ধরে সংসদ ভেঙে নির্বাচন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশের সংসদ ও সংবিধানে ওয়েস্টমিনস্টার মডেলের আদলে তৈরি করা। তাই তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন। আর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রিরোগেটিভ বা বিশেষ অধিকার প্রয়োগ করবেন। এটা অসত্য। সংসদ ভেঙে দিতে সংসদে সংসদ নেতার অপব্যাখ্যার বিরুদ্ধে বিএনপি নীরব। কারণ, এ বিষয়ে মুখ খুললেই মুখোশটা বেরিয়ে পড়বে।১৯৭২ সালে এমনভাবে সংবিধান রচিত হয়, যাতে সংসদ কখনোই ভেঙে না যায়। আগামী নির্বাচনে এ বিষয়টি যে একটি প্রভাব ফেলবে বা সুবিধামতো অপব্যবহারের চেষ্টা করা হতে পারে, সেই আশঙ্কা আমরা করেছিলাম। আর সে কারণেই সম্প্রতি এই কলামে পাঁচ পর্বের ধারাবাহিকে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে সংবিধান সংশোধন অপরিহার্য বলে আমরা অভিমত রেখেছিলাম। এই লেখার পরে দুটি বিষয় ঘটেছে। বিচারপতি এ বি এম খায়রুল হক সুপারিশ করেছেন যে মেয়াদ পুরো হওয়ার ৪২ দিন আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করা যেতে পারে।১৬ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রায়টি আসে। এর তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিয়ে নির্বাচন প্রশ্নে তাঁর লন্ডন ঘোষণা থেকে সরে আসেন। রাজনৈতিকভাবে তাঁর এই অবস্থান বদলকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই লেখায় আমরা কেবল সংসদ ভেঙে দিতে প্রধানমন্ত্রীর ঘোষণার সাংবিধানিক দিক খতিয়ে দেখব।ঐতিহ্যগতভাবে সংসদ ছিল রাজার আইনি পরিষদ। রাজার নিরঙ্কুশ ইচ্ছায় সংসদের সৃষ্টি ও বিলোপ। কিন্তু সংসদ যখন রাজার সার্বভৌমত্বের ধারণা জনগণের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ধারণ করল, তখন থেকে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাজার সংসদ ভাঙার ক্ষমতা রহিত হলো। কিন্তু মজাটা হলো, সংসদীয় গণতন্ত্র অনুশীলনরত সফল রাষ্ট্রগুলো তাদের রাজা, গভর্নর জেনারেল বা আধুনিক রাষ্ট্রপতিকে নিঃস্ব করেনি। তারা একধরনের আপসমূলক ব্যবস্থা রেখে দিয়েছে। যেমন—ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখন যদি মনমোহন সিংয়ের কাছ থেকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ পান, তা হলে তিনি তা অগ্র-পশ্চাৎ না ভেবে চোখ বুজে তা তামিল করবেন না। অন্য কোনো দলের কোনো নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন কি না, তা তিনি বাজিয়ে দেখবেন। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন পরামর্শ পেলে তাঁর সামনে দুটি বিকল্প থাকবে। প্রথমত, তিনি তর্কে না গিয়ে বিনা বাক্যব্যয়ে সংসদ ভেঙে দেবেন। দ্বিতীয়ত, সংসদ ভেঙে দেওয়া প্রশ্নে বাংলাদেশ সংবিধানে একটা গোঁজামিল কিংবা সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। উপযুক্ত দিকনির্দেশনা চেয়ে তিনি ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠাবেন। কিন্তু ছোট্ট শিশুটিও বুঝবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ পেলে এই রাষ্ট্রপতি কত দ্রুততার সঙ্গে তা তামিল করবেন।নিচে অসত্য ও সত্যগুলো একনজরে দেখুন:শেখ হাসিনা কার্যত নিজের সম্পর্কে বলছেন, ‘ওয়েস্টমিনস্টার টাইপ অব গভর্নমেন্টে সরকারপ্রধান সম্ভাব্য তারিখ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবেন।’ এটা সত্য নয়। তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি ঠিক করবেন, কবে ডিজলভ হবে।’ এটা সত্য নয়। সংবিধান রাষ্ট্রপতিকে এটা করার সুযোগই দেয়নি। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এক-আধটু সুযোগ যা বাহাত্তরের সংবিধানে রাখা হয়েছিল। দুই নেত্রী মিলে প্রধানত খালেদা জিয়া দ্বাদশ সংশোধনীতে তা কচুকাটা করেন। সংসদ প্রশ্নে যেখানে যত বিধান আছে, প্রতিটি স্থানে প্রধানমন্ত্রীর পরামর্শের স্থানে লিখিত পরামর্শ শব্দটি ঢোকানো হয়েছে। সুতরাং রাষ্ট্রপতির প্রতি এখন অতি ভক্তি, আনুগত্য কিংবা দরদ দেখানোর সাংবিধানিক পথ রুদ্ধ। অবশ্য বাস্তবে কখনো ঘটলেও ঘটতে পারে, কিন্তু সাংবিধানিকভাবে তা বিভ্রম তৈরি করবে।শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্রপতি ঠিক করবেন, সংসদ কবে ভেঙে দেবেন, কতজনের মন্ত্রিসভা থাকবে। তিনি যে নির্দেশ দেবেন, সে অনুযায়ী নির্বাচন হবে।’ এও সত্য নয়। সংবিধান বলছে, মন্ত্রিসভা কত জনের এবং তা কাদের নিয়ে ঠিক হবে, তা অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শে হতে হবে। তবে এখানেও প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি ইতিবাচক। এটা তাঁর পূর্ববর্তী অবস্থান থেকে কিছুটা হলেও পরিবর্তন।বিরোধী দলকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাকে আমরা নমনীয় হিসেবে দেখেছিলাম। এই মনোভাবকে আরও এক ধাপ অগ্রগতি হিসেবে দেখা চলে।সংসদে শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের জানামতে, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু নেই।’ এটা সত্য না অসত্য, তা আপেক্ষিক। তবে পাকিস্তান ছাড়াও কয়েকটি দেশ তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান তাদের সংবিধানে রেখেছে। গ্রিসের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আছে। সে কারণেই সম্প্রতি তাদের উচ্চ আদালতের একজন জ্যেষ্ঠ বিচারকের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার সাধারণ নির্বাচন করে দিয়েছে। নির্বাচিত সরকারের অধীনে সেখানে ঝুলন্ত সংসদ হয়েছিল। পরে বিরোধী দল বিদায়ী প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করতে অস্বীকৃতি জানায়। সংবিধান অনুযায়ী জ্যেষ্ঠ বিচারপতি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে কথা হলো, গ্রিসের চেয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রজাতি উন্নত দাবি করলে সেটা ভিন্ন কথা।প্রধানমন্ত্রী লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো বলেছিলেন, সংসদের মেয়াদ পূর্তির ৯০ দিন আগে নির্বাচন হবে। পরিহাস হলো, সেটাও ছিল সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ। সে কারণেই আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হলেও সংবিধান সংশোধনের সপক্ষে যুক্তি দিয়েছিলাম। এবং এখন তা আরও জোরালোভাবে দিচ্ছি। আমরা দাবি করেছিলাম, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনসংক্রান্ত সংবিধানের আধা ডজন অনুচ্ছেদ একটার সঙ্গে আরেকটা মারামারি বাধিয়ে বসে আছে। একজন সংবিধান বিশেষজ্ঞ যদিও বলছেন, আমরা যেটাকে বিরোধাত্মক বলে দাবি করছি, সেগুলো আসলে প্রধানমন্ত্রীর জন্য বিকল্প। তিনি যেটা খুশি বেছে নিতে পারেন। এখন প্রধানমন্ত্রী বলছেন, তিনি মাত্র প্রস্তাবক হবেন। রাষ্ট্রপতিই চূড়ান্ত করবেন। এই উভয় যুক্তি অগ্রহণযোগ্য ও অচল বটে। কারণ, ওই কথিত বিকল্পগুলোর কোনোটি ‘অথবা’ দিয়ে নেই বা ঐচ্ছিক হিসেবেও উল্লিখিত নেই।ত্রয়োদশ সংশোধনীর মামলার সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজ্ঞ লেখকের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার একমত হন যে বাংলাদেশের সংবিধান শুধু অনাস্থা ভোটে হারলে তবে প্রধানমন্ত্রীকে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দিতে বলেছে। এখন প্রধানমন্ত্রী যা বলছেন, তাতেও সংবিধানের সংশোধনী লাগবে। তবে সংবিধান সংশোধন না করে প্রধানমন্ত্রী যদি এখন ত্রয়োদশ সংশোধনীর রায় থেকে বৈধতা নেন, তা হলে অবাক হব না। কারণ, ক্ষমতাসীন দল গত সাড়ে তিন বছরে সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় নিজেদের সুবিধামতো ব্যাখ্যা এবং তা ব্যবহারের ক্ষেত্রে বাজে নজির স্থাপন করেছে।২০১১ সালের পরে ওয়েস্টমিনস্টার টাইপের মানে হচ্ছে, সংসদ ভেঙে দিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা হরণ। ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, কখন নির্বাচন হবে, সেটা নির্ধারণে প্রধানমন্ত্রীর যে ঐতিহ্যগত সুবিধা, তা আমি স্বেচ্ছায় বিসর্জন দিচ্ছি। এ কথা যাতে প্রধানমন্ত্রীরা আর কখনো মুখেই না আনতে পারেন, সে জন্য আইন পাস করা হয়েছে। কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রী হয়তো বলবেন, ‘এটা তো নতুন টাইপ। আমরা পুরাতন টাইপে চলব।’আরেকটি প্রকৃত সত্য হলো, দুই দল মিলে আমাদের সংসদকে দুই নেত্রীর ইচ্ছাপূরণের বায়োস্কোপে পরিণত করেছে। ১৯ সেপ্টেম্বর সংসদে প্রধানমন্ত্রী যে ধরনের বিজ্ঞপ্তি জারির কথা বলছেন, সেটা কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে অনুসরণ করা হয়ে থাকে। আমাদের কাউল অ্যান্ড শাকধারের বই দেখালে চলবে না। আগে ভারতের মতো করে সংবিধান পুনর্লিখন করতে হবে। তবে ভারত কেন, দুনিয়ার কোনো সংবিধানে এমন আজগুবি কথা লেখা নেই যে নতুন নির্বাচনের পরেও আগের সংসদ তার মেয়াদ পুরা করার জন্য ঝুলতে থাকবে।বোঝা যাচ্ছে, পদ্ধতির ওপরে ব্যক্তির স্থান নিশ্চিত করা এই কালাকানুন এ দেশে টিকে থাকছে। বিএনপি ক্ষমতাসীন দলের সঙ্গে সংঘাতে যাবে নির্বাচনে জিতে আসার মওকা নির্ধারণ প্রশ্নে। কিন্তু ১২৩ অনুচ্ছেদের তিন দফা, যেখানে একই সঙ্গে ৯০ দিন আগে এবং ৯০ দিন পরে সংসদ নির্বাচন করার মতো কালাকানুন আছে, সে বিষয়ে তারা চুপটি থাকবে।তবে আপাতত কথা এই, সংসদে প্রধানমন্ত্রী সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়েছেন। কাল পড়ুন: রায়টি বিএনপির হাতিয়ার হতে পারে মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]