গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ভারত, ভুটান ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচল-সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদনের খবরটি সবার জন্যই আশাব্যঞ্জক। ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে মোটরযান চুক্তি সই হওয়ার পর এটি কার্যকর হওয়ার কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-ট্রানজিট ও বন্দর ব্যবহার–সংক্রান্ত দুটি চুক্তিও রয়েছে। এসব চুক্তি কার্যকর হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এখন প্রশ্ন হলো যোগাযোগ খাতের এই পরিবর্তন থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে? দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিকদের মতে, যোগাযোগ খাতে বাংলাদেশের লাভবান হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করছে আমাদের দর-কষাকষির সক্ষমতার ওপর। চুক্তি অনুযায়ী যাত্রী ও পণ্যবাহী যান পরিবহনের জন্য সংশ্লিষ্ট দেশগুলো মাশুল পাবে। অবশ্য সেই মাশুলের পরিমাণ কী হবে, তা এখনই নির্ধারণ করা উচিত এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা লাভের প্রতিই বাংলাদেশকে মনোযোগী হতে হবে।
বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে যান চলবে সড়কপথেএ অঞ্চলে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুবিধাজনক। ভূমিবেষ্টিত দেশ নেপাল ও ভুটানকে সমুদ্রবন্দর ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হতে পারে। তবে সে ক্ষেত্রে ভারতের সক্রিয় সহযোগিতার প্রয়োজন। একইভাবে উত্তর-পূর্ব ভারতে পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল। তবে এর মাশুল আদায়ের ক্ষেত্রে পরিবহন ব্যয় ছাড়াও অবকাঠামো ও পরিবেশগত ক্ষতির বিষয়টি মাথায় রাখতে হবে। অন্যদিকে ভারতের একাংশ থেকে অপরাংশে পণ্য পরিবহনের ক্ষেত্রে তাদের যে আর্থিক সাশ্রয় হবে, তার একটি অংশও বাংলাদেশ পাওয়ার দাবি রাখে।
ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট বা কানেক্টিভিটি বা সংযোগের সুবিধা যাতে এ অঞ্চলের সব দেশ ও সব মানুষ সমভাবে পায়, সেই নিশ্চয়তা দিতে হবে সংশ্লিষ্ট সরকারগুলোকেই। বাংলাদেশের সড়ক, সমুদ্র, রেল ও নৌপথে অন্য দেশের যানবাহন যে শর্তে চলাচল করবে, সেই শর্তে অন্য দেশেও বাংলাদেশের যানবাহনের চলাচল নিশ্চিত করতে হবে।