সংরক্ষিত নারী আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার জাতীয় সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মেয়াদ যে আরও ২৫ বছরের জন্য বাড়ানো হয়েছে, তাকে স্বাগত জানিয়েও কিছু প্রশ্ন তোলা জরুরি বলে মনে করি। আমাদের রাষ্ট্র ও রাজনীতিতে এখনো নারী সর্বক্ষেত্রে সমান অধিকার ভোগ করছেন বা সমান সুযোগ পাচ্ছেন, তা বলা যাবে না। সে ক্ষেত্রে জাতীয় সংসদে নারীর সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

তবে যেভাবে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধি নির্বাচন করা হয়, তাতে তাঁরা নারীর ক্ষমতায়নে কতটা ভূমিকা রাখতে পারেন, সেই প্রশ্ন উঠবেই। যাঁরাই জাতীয় সংসদের সদস্য হবেন, তাঁদের সবার সমান সুযোগ থাকা উচিত। কিন্তু এ বিষয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকেরা খুব ভেবেচিন্তে কাজ করছেন বলে মনে হয় না। প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত আসন ছিল ১৫, দ্বিতীয় দফায় এটি বাড়িয়ে ৩০ করা হয়। তৃতীয় ও চতুর্থ দফায় যথাক্রমে ৪৫ ও ৫০ করা হয়। বর্তমানে সাধারণ সদস্যদের প্রতিনিধিত্বের অনুপাতে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করে থাকে। আগে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে সংরক্ষিত আসনের সদস্যদের বেছে নিত। সেই বিবেচনায় বর্তমান ব্যবস্থা কিঞ্চিৎ ভারসাম্য এনেছে বলা যায়।

কিন্তু সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সাংসদদের মূল সমস্যার যে সুরাহা হয়নি, সাংসদ নূর ই হাসনা লিলি চৌধুরীর কথাতেই তা উঠে এসেছে। তিনি বলেছেন, ‘নারীরা যোগ্য হলেও অনেক সময় মনোনয়ন দিতে চায় না দলগুলো। মনে করে নারীদের অর্থবিত্ত নেই। সংরক্ষিত আসনের সাংসদের জেলা-উপজেলা পরিষদ—কোথাও কোনো দাম নেই। কোনো কাজ নেই।’ সাধারণ আসনে নির্বাচিত সাংসদদের একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে এবং সেই এলাকার উন্নয়নকাজেও তিনি ভূমিকা রেখে থাকেন। সেখানকার প্রশাসন ও স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিরাও তাঁকে মান্য করেন। কিন্তু সংরক্ষিত আসনের নারী সাংসদকে তাঁরা আমলে নিতে চান না। অনেক সময় সাধারণ আসনের নির্বাচিত সাংসদও সংরক্ষিত আসনের নারী সদস্যকে ‘উপদ্রব’ মনে করেন। যে সংসদের নেতা ও বিরোধী দলের নেতা নারী, সেই সংসদের নারী সাংসদের প্রতি এই আচরণ খুবই দুঃখজনক।

২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এক-তৃতীয়াংশ আসন নারীর জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। অঙ্কের হিসাবে ক্ষমতাসীনেরা সেই প্রতিশ্রুতির অর্ধেক পূরণ করেছে মাত্র, যা তার পূর্বসূরি বিএনপির আমলের চেয়ে মাত্র পাঁচটি বেশি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কতজন প্রতিনিধি আছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তাঁরা পুরুষ সদস্যদের সমান অধিকার ও সুযোগ ভোগ করছেন কি না।

রাজনীতিতে নারীসমাজের কার্যকর ভূমিকার জন্য রাজনৈতিক দলগুলোতে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিকল্প নেই। রাজনৈতিক দলবিধি অনুযায়ী ২০২১ সালের মধ্যে রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে এক-তৃতীয়াংশ পদ নারীদের দেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু সংসদে প্রতিনিধিত্বকারী কিংবা সংসদের বাইরে থাকা কোনো দলই সেই শর্তের কাছাকাছিও আসতে পারেনি। রাজনৈতিক দলের নেতৃত্বে এবং নির্বাচনে নারীর হিস্যা বাড়ানো গেলে সংরক্ষিত আসন নিয়ে টানাটানি করতে হবে না।

অধিকাংশ রাজনৈতিক দল যেখানে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছে, সেখানে তাদের উচিত হবে মনোনয়নের ক্ষেত্রে এমন বিধান রাখা যে নির্দিষ্ট আসনগুলোতে নারী সাংসদেরাই নির্বাচিত হবেন। সংসদের এক-তৃতীয়াংশ আসনে এই ব্যবস্থা করা হলে নারীর জন্য সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না কিংবা তাদের প্রতি বৈষম্যের অভিযোগও উঠবে না।

সংকীর্ণ গোষ্ঠীস্বার্থের বাইরে গিয়ে সত্যিকার নারীর প্রতিনিধিত্ব চাইলে এ রকম একটি বিকল্প পদ্ধতির কথা ভাবতে হবে রাজনৈতিক নেতৃত্বকে।