সংরক্ষিত বন ঘেঁষে বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, ৩০৭ মেগাওয়াটের এ কেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ কিনতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতিমধ্যে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট বা পিপিএ চুক্তিও করেছে। সেখানে পর্যায়ক্রমে আরও একটি ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ২১ কিলোমিটার দৈর্ঘ্যের বনটি অতীতে সুন্দরবনের অংশ ছিল। আজ থেকে ৫৮ বছর আগে ১৯৬০ সালে বনটিকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা দেয় তৎকালীন সরকার। ২০১০ সালে বন মন্ত্রণালয় এটিকে বন্য প্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। টেংরাগিরি বনে রয়েছে গেওয়া, জাম, ধুন্দুল, কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, গরানগাছের সমারোহ। এখানে বসত গড়েছে কাঠবিড়ালি, বানরসহ প্রায় ৪০ প্রজাতির প্রাণী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলকে সুরক্ষা দিয়ে আসছে বনটি। পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই বনের ভূমিকা অপরিসীম। এমন একটি বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি সরকার কোন বিবেচনায় দেয়?

এমনিতেই জলবায়ু পরিবর্তন ও বনদস্যুদের ছোবলে পড়ে হুমকির মুখে রয়েছে টেংরাগিরি। বনদস্যুরা নির্বিচারে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শ্বাসমূলে বালু জমে ও প্রচণ্ড ঢেউয়ে গাছের গোড়ার মাটি-বালু সরে গিয়ে গাছ মারা যাচ্ছে। এ রকম চলতে থাকলে বনটির অস্তিত্ব বিপন্ন হবে। যেখানে বনটিকে রক্ষায় সরকারের উদ্যোগ নেওয়ার কথা, সেখানে কিনা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বনাঞ্চলটিকে একেবারে ধ্বংসের আয়োজন করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক।

পরিবেশ অধিদপ্তরের উচিত হবে না এ রকম বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ছাড়পত্র দেওয়া। দেশের জন্য বিদ্যুতের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তা কোনোভাবেই প্রাকৃতিক বনের ক্ষতি করে নয়। সরকারকে অবিলম্বে টেংরাগিরি বন ঘেঁষে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন  বাতিল করতে হবে।