সংরক্ষিত বনে বিদ্যুৎ লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিভাগ চট্টগ্রাম জেলার একমাত্র প্রাকৃতিক ও সংরক্ষিত বন রামগড়-সীতাকুণ্ড বনভূমির ভেতর দিয়ে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ উচ্চমাত্রার বিদ্যুৎবাহী সঞ্চালন লাইন নির্মাণ করতে যাচ্ছে—এটা তেমনই এক উদ্বেগজনক খবর। কারণ, এই সঞ্চালন লাইন বনভূমিকে দুই ভাগে বিভক্ত করবে এবং এর সামগ্রিক বাস্তুতান্ত্রিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত করবে। ৬৩ হেক্টর বনভূমির গাছ কাটা পড়বে, যার আর্থিক মূল্য প্রায় ৭৯ কোটি টাকা। কিন্তু এই ক্ষতির চেয়ে অনেক বড় ক্ষতি হবে বনের ভেতরে বিচিত্র প্রজাতির বিপুলসংখ্যক প্রাণীর। ওই বনের ভেতরে এমন সুউচ্চ বৃক্ষ ও এমন অনেক প্রাণী রয়েছে, যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে।

বিদ্যুৎ বিভাগ বলেছে, সঞ্চালন লাইন নির্মাণ করতে গিয়ে যত গাছ কাটা পড়বে, তার চেয়ে বেশিসংখ্যক গাছ তারা অন্যত্র রোপণ করবে। কিন্তু বনের ক্ষতি এভাবে পূরণ করা যায় না। এ ছাড়া বন্য প্রাণিকুলের স্বাভাবিক চলাফেরায় যে বাধার সৃষ্টি হবে, পাখিদের নিরুপদ্রব জীবন যে মাত্রায় বিঘ্নিত হবে, তা বনের পুরো ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলবে। ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বৃহদাকৃতির মেরুদণ্ডী প্রাণী পর্যন্ত বনভূমির সবাই যে নিবিড় জীবনচক্রে আবদ্ধ, তা অটুট ও নিরুপদ্রব রাখা অত্যন্ত জরুরি। তাদের আবাসভূমির ভেতর দিয়ে উচ্চমাত্রার বিদ্যুৎবাহী সঞ্চালন লাইন নির্মাণ ও পরে সঞ্চালন লাইনটি চালু হলে সে উপদ্রব বিপদ আকারে তাদের জীবনে স্থায়ী হবে। রামগড়-সীতাকুণ্ড বনভূমি একটি সংরক্ষিত প্রাকৃতিক বন—এটা বিদ্যুৎ বিভাগের মনে রাখা উচিত। ওই বনের একটা পাখিও যেন তার স্বাভাবিক জীবনযাপনে বিঘ্নতার শিকার না হয়, আমাদের বরং সেই চেষ্টা করা উচিত।

বন বিভাগ ও পরিবেশ বিশেষজ্ঞরা বনের ভেতর দিয়ে এই সঞ্চালন লাইন নির্মাণের ব্যাপারে আপত্তি তুলেছেন। আমরাও তাঁদের অবস্থান সমর্থন করে বিদ্যুৎ বিভাগকে বলব, বিদ্যুৎ সঞ্চালন করা অবশ্যই প্রয়োজনীয় কাজ। কিন্তু দয়া করে বনভূমিকে রেহাই দিয়ে সঞ্চালন লাইনটি বসানোর বিকল্প পথ খুঁজে নিন।