গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশে কর্মরত ১৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি যৌথ চিঠি লিখেছেন। এরপর তাঁদের কয়েকজন একসঙ্গে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে একটি বিবৃতি দিয়েছেন।
১৬ কূটনীতিক তাঁদের যৌথ চিঠিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা করেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে উত্তেজনাপূর্ণ ভাষা ও সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরও তাঁরা একই কথা বলেছেন। প্রায় দুই মাস ধরে আমরাও এই কথাগুলোই বলে আসছি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের ৫৮ দিনে ১১৪ জনের প্রাণহানি ঘটেছে। তাঁদের মধ্যে ৬১ জনেরই মৃত্যু ঘটেছে পেট্রলবোমা ও আগুনে পুড়ে। হতাহত ব্যক্তিদের অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ, রাজনীতির সঙ্গে যাঁদের কোনো সংস্রব নেই। প্রায় ১ হাজার ৩০০ যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। বিপর্যস্ত হয়েছে পরিবহনব্যবস্থা, ফলে বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে জাতীয় অর্থনীতির। জাতীয় জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, যা অবরোধ-হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
এমন পরিবেশে দেশের উন্নয়ন-অগ্রগতি ঘটতে পারে না, বরং আমরা পিছিয়ে যেতে থাকব।
কূটনীতিকেরা আশা প্রকাশ করেছেন, চলমান ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক অবস্থা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। সহিংসতা বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক সংঘাত কমিয়ে পারস্পরিক আস্থা স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে। কীভাবে সমস্যার সমাধান হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশিরাই নেবে। এটা স্পষ্ট যে বিদেশি কূটনীতিকেরা আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন না, নিজেদের সমস্যা আমাদের নিজেদেরই মেটাতে হবে। সে জন্য বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই উপলব্ধি জাগা জরুরি যে এভাবে আর চলতে পারে না। অবরোধ-হরতাল, সহিংসতা, নাশকতা এই মুহূর্তে বন্ধ করা উচিত। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর পুলিশি দমন-পীড়নও বন্ধ করতে হবে। উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে। আর কালক্ষেপণ করা উচিত নয়।