সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বললেও এ ব্যাপারে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। রাজনৈতিক বিরোধের মীমাংসা রাজনৈতিক সংলাপের মাধ্যমেই হওয়া উচিত। চলমান সহিংসতায় কেবল মানুষের মধ্যে নিরাপত্তাহীনতাই বাড়েনি, ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে স্থবিরতা। ব্যবসায়ী সংগঠনের নেতা থেকে শুরু করে বিদেশি কূটনীতিকেরাও দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আলোচনার তাগিদ দিয়েছেন।গত এক মাসে সহিংসতায় প্রায় ৭০ জনের মৃত্যু অকল্পনীয় ঘটনা। এসবের সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার অবশ্যই করতে হবে। কিন্তু প্রতিপক্ষের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিলে প্রকৃত অপরাধীদের পার পাওয়ার যেমন আশঙ্কা থাকে, তেমনি রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে।একশ্রেণীর উগ্রপন্থী ব্যক্তি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর আক্রমণ, তাদের ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি তছনছ, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে দেশের ভাবমূর্তি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বলার অপক্ষো রাখে না, হিন্দু সম্প্রদায়ের মানুষ গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের নিরাপত্তা দিতে অনেকাংশে ব্যর্থ হয়েছে। ক্ষেত্র বিশেষে পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন।মাত্র দুই দিনের ব্যবধানে খুন হয়েছে নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মূল সংগঠক ও নাগরিক কমিটির নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকি এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যদাতা সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদ। এ ঘটনাও আইনশৃঙ্খলার অবনতি ও মানুষের নিরাপত্তহীনতার কথাই মনে করিয়ে দেয়। প্রতিটি ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করলে জনগণের উদ্বেগ-উৎকণ্ঠা কাটবে না।এ অবস্থায় সবাইকে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে কাজ করতে হবে। সরকারি দলের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি এবং বিরোধী দলের উদ্যোগে জননিরাপত্তা কমিটি গঠনের উদ্যোগ নিঃসন্দেহে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলবে। বরং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিটি এলাকায় সর্বদলীয় শান্তি কমিটি গঠন করা যেতে পারে, যার অনুকরণীয় দৃষ্টান্ত দেখিয়েছে কানসাট, শিবগঞ্জ, বগুড়া ও সিলেটের মানুষ।আমরা মনে করি, দ্রুত পরিস্থিতির উন্নয়ন সম্ভব, যদি সদিচ্ছা নিয়ে রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে আসে। সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারকে কঠোর হাতে দমন করতে হবে, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে অযথা হয়রানি করা চলবে না। একই সঙ্গে আগামী নির্বাচন নির্দলীয় না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, সে ব্যাপারে সরকারি ও বিরোধী দলকে একটি সমঝোতায় আসতে হবে এবং সে ক্ষেত্রে কার্যকর সংলাপের বিকল্প নেই। লোক দেখানো প্রস্তাব নয়, সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকার অর্থবহ উদ্যোগ নেবে—এটাই সবার প্রত্যাশা।