সংসদীয় আসনের সীমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুযায়ী, ‘সংসদের নির্বাচনের জন্য ভোটার–তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকিবে এবং নির্বাচন কমিশন এই সংবিধান ও আইনানুযায়ী সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করিবেন।’ প্রতিবারই জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়টি সামনে আসে। ভোটার তালিকা ছাড়া যেমন নির্বাচন হতে পারে না, তেমনি নির্বাচনী এলাকা নির্ধারণ ছাড়াও সেটি সম্ভব নয়।

শুধু সংসদীয় নয়, স্থানীয় পর্যায়ের নির্বাচনেও সীমানা নির্ধারণ হওয়া অত্যন্ত জরুরি। সীমানাসংক্রান্ত জটিলতার কারণে সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিত হয়ে গেছে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যাতে সে রকম কোনো জটিলতা দেখা না দেয়, সে জন্য নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা। সে ক্ষেত্রে এখনো আট-নয় মাস সময় আছে। ইসির উচিত হবে এরই মধ্যে সংসদীয় আসন বণ্টন বা পুনর্বিন্যাসের কাজ শেষ করা।

সংসদীয় আসন বণ্টন বা পুনর্বিন্যাসের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়, তা হলো জনসংখ্যা, প্রশাসনিক অখণ্ডতা ও ভৌগোলিক অবস্থান। যেহেতু জনগণের প্রতিনিধি বাছাইয়ের জন্য এই নির্বাচন, সেহেতু এক আসন থেকে আরেক আসনের জনসংখ্যার তারতম্য আকাশ-পাতাল হতে পারে না। তবে এ ক্ষেত্রে শহর ও গ্রামের জনসংখ্যার বিন্যাস এবং পার্বত্য চট্টগ্রামের পৃথক বৈশিষ্ট্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। অন্য কোনো এলাকার সঙ্গে পার্বত্য এলাকার কোনো নির্বাচনী আসন যুক্ত করে দেওয়া সমীচীন হবে না।

প্রথম আলোর খবর অনুযায়ী, নির্বাচন কমিশন আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতাকে বেশি গুরুত্ব দেওয়ায় ৬২টি আসন ভারসাম্যহীন হয়ে পড়েছে। কোনো কোনো আসনের জনসংখ্যার তারতম্য ২৫ শতাংশের বেশি। এই আসনগুলোর পরিবর্তন এসেছিল ২০০৮ সালে। পরে আসনের সীমানায় তেমন পরিবর্তন আসেনি। এবার নির্বাচন কমিশন সিটি করপোরেশনগুলোকে একক নির্বাচনী এলাকায় রাখার যে উদ্যোগ নিয়েছে, তাতে বড় সিটি করপোরেশনের ক্ষেত্রে সমস্যা না হলেও কুমিল্লা ও বরিশালের মতো কম জনসংখ্যার সিটি করপোরেশন নিয়ে তারা বিপাকে পড়তে পারে। আসন বণ্টনে জনসংখ্যার ভারসাম্য যেমন থাকতে হবে, তেমনি প্রশাসনিক অখণ্ডতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। কেননা, বাংলাদেশের বাস্তবতা হলো, সাংসদেরা শুধু আইন পাস করেন না, তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়নকাজের সঙ্গেও সংশ্লিষ্ট থাকেন। একই নির্বাচনী এলাকা একাধিক প্রশাসনিক ইউনিটে পড়লে কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক।

২০০৮ সালের আসন বণ্টন নিয়ে একটি বড় রাজনৈতিক দল পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল। নতুন সংসদীয় আসন নির্ধারণের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ যাতে না আসে, সে জন্য ইসির উচিত হবে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আসনের সীমানা চূড়ান্ত করা। ইতিমধ্যে সংসদীয় আসন
নিয়ে অনেকগুলো অভিযোগ ইসিতে জমা পড়েছে। আশা করি, তারা এসব অভিযোগ খতিয়ে দেখবে এবং প্রয়োজনে গণশুনানির আয়োজন করবে।
আর এ ধরনের শুনানি প্রকাশ্য হলে জনগণও অভিযোগকারী ও ইসির অবস্থান জানতে পারবে।

নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী কাজ করলেই হবে না, তাদের প্রতিটি পদক্ষেপে এটাই প্রতীয়মান হতে হবে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি অর্পিত দায়িত্ব শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করছে, কারও প্রতি বিন্দুমাত্র পক্ষপাত দেখাচ্ছে না। ইসি আগামী নির্বাচনের আগে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংসদীয় আসনগুলো পুনর্বিন্যাস করবে, এটাই প্রত্যাশিত।