নির্বাচন কমিশন গত বুধবার দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৮৭টির সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। বাকি আসনগুলোর পুরোনো সীমানাই বহাল থাকবে। আগামী ১০ মার্চের মধ্যে এ ব্যাপারে কারও আপত্তি থাকলে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেও প্রধান বিরোধী দল বিএনপিসহ ৩৩টি দল আসেনি। তবে বিএনপি লিখিতভাবে বেশ কিছু আসনের ব্যাপারে আপত্তি জানিয়ে সীমানা সংশোধনের দাবি জানিয়েছে। সংশোধিত সীমানা পুনর্নির্ধারণের সময় সেসব আপত্তি আমলে নেওয়া হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক দিক।লোকগণনার পর সংসদীয় আসন পুনর্নির্ধারণ বাধ্যতামূলক। নির্বাচনী আইনে জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনগুলো বণ্টনের বিধান থাকলেও প্রশাসনিক সুবিধা, যোগাযোগব্যবস্থা ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। কেবল জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন করা হলে স্বাভাবিকভাবে শহরাঞ্চলে আসনসংখ্যা বেড়ে যাবে এবং বঞ্চিত হবে গ্রামাঞ্চলের মানুষ। নির্বাচন কমিশনের দাবি, আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে তারা প্রশাসনিক সুবিধা ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি অগ্রাধিকার দিয়েছে। জেলাভিত্তিক আসনসংখ্যা আগের মতোই আছে। ২০০৮ সালের নির্বাচনের আগে যে ১৩০টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়, তাতে রাজধানীতে আসনসংখ্যা বাড়লেও কমে যায় পার্শ্ববর্তী এলাকার আসন। কোনো উপজেলাকে দুই বা ততোধিক আসনে ভাগ করা হয়, যা একেবারেই অগ্রহণযোগ্য। মনে রাখা দরকার, বাংলাদেশে সাংসদেরা কেবল আইন প্রণয়ন করেন না, নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনহিতকর কাজেও তাঁরা সক্রিয় ভূমিকা রাখেন। ফলে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাঁদের সমন্বয় থাকা জরুরি। কিন্তু একই উপজেলা দুই বা তিনটি সংসদীয় এলাকায় বণ্টিত হলে নানা রকম প্রশাসনিক সমস্যা হয়। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনিক সুবিধা ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি আমলে নিতে বলেছিল। সংশোধিত তালিকা দেখে মনে হচ্ছে, নির্বাচন কমিশন যথাসাধ্য তাদের আপত্তি ও অনুরোধ উপেক্ষা করেনি। বিরোধী দল ধারণা দেওয়ার চেষ্টা করেছিল, বিগত নির্বাচনের আগে দলবিশেষের প্রার্থীদের সুবিধা করার জন্যই উল্লিখিত আসনের সীমানা পরিবর্তন করা হয়েছিল। এবারে যাতে সে রকম অভিযোগ কেউ তুলতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনের উচিত, চূড়ান্ত সিদ্ধান্তের আগে উত্থাপিত অভিযোগগুলোর সন্তোষজনক নিষ্পত্তি করা।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারেও প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। এই প্রত্যয়ের প্রমাণ দেশবাসী কাজের মাধ্যমেই দেখতে চাইবে। আর নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণই হতে পারে তার প্রথম পরীক্ষা। তারা এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা পাবে বলেও আমাদের বিশ্বাস।