নির্বাহী বিভাগের জবাবদিহি আদায় করতে বাহাত্তরে বাংলাদেশে যখন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল, তখন ভারতে, এমনকি যুক্তরাজ্যেও এ ধরনের কমিটি ছিল না। আর আজ আমাদের দুর্গতি এমনই যে মন্ত্রীরা সংসদীয় কমিটির বৈঠকে প্রায়ই গরহাজির থাকেন। ১৯ অক্টোবর শিল্পবিষয়ক কমিটি অসন্তোষের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে মন্ত্রীর ব্যস্ততা যেদিন কম থাকবে, সেই তারিখ দেখে তারা বৈঠক ডাকবে। কারণ, ইতিপূর্বে অনুষ্ঠিত কমিটির চারটি বৈঠকের তিনটিতেই মন্ত্রী অনুপস্থিত ছিলেন। সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রীদের গরহাজির থাকার উদাহরণ অন্যান্য মন্ত্রণালয়েও কমবেশি আছে।
সংসদীয় ব্যবস্থায় কমিটি মন্ত্রণালয়সমূহের ব্যয়, নীতি ও প্রশাসন বিষয়ে নজরদারি করে। কমিটির সদস্যরা মনে করেন, মন্ত্রীর অনুপস্থিতিতে কোনো বিষয়ে আলোচনা হলে তা ফলপ্রসূ হবে না। কমিটির সভাপতি পদ থেকে মন্ত্রীদের সরানো হলেও তাঁদের পদাধিকারবলে সদস্য রাখাও সংসদীয় রীতি নয়। প্রথম আলোর খবর অনুযায়ী মন্ত্রণালয়গুলো কমিটির সুপারিশ প্রায় ৫০ শতাংশ আমলে নেয়, যা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। অবশিষ্ট গুরুত্বপূর্ণ সুপারিশই উপেক্ষিত থাকে।
যুক্তরাজ্যের রেওয়াজ হচ্ছে কমিটি তার সুপারিশ প্রকাশের দুই মাসের মধ্যে সরকার লিখিত উত্তর দেবে। বাংলাদেশের নির্বাহী বিভাগ এটা মানতে রাজি নয়। গত সংসদে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এটা নিশ্চিত করতে একটি বিল আনলেও মন্ত্রিসভা নাকচ করে দেয়। নির্বাহী বিভাগের এই মনোভাবের সঙ্গে আমরা অনেক মন্ত্রীর কমিটি-অনীহার পরিষ্কার যোগসূত্র দেখি। তাহলে সংসদের প্রতি কি মন্ত্রীরাও আস্থাশীল নন?
সংসদীয় কমিটির কাছে নাগরিক, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও মন্ত্রী সমমর্যাদার অধিকারী। তারা যে কারও সাক্ষ্য নিতে পারে। তবে মন্ত্রী বৈঠকে উপস্থিত থাকলে আলোচ্য বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের ব্যাখ্যা পাওয়া সম্ভব। ইদানীং অনেক দেশের মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটিতে সাক্ষ্য দিচ্ছেন। কানাডায় ২০১৩ সালে প্রণীত সংসদীয় নীতিমালায় বলা হয়েছে, যেকোনো ব্যক্তির হাজিরা নিশ্চিত করতে কমিটি তলবনামা জারি করতে পারবে। বাংলাদেশের মন্ত্রীদেরও সংসদীয় কমিটিতে হাজির করতে এ ধরনের তলবনামার দরকার হবে কি না, সেই প্রশ্নই সামনে চলে এসেছে।