সংসদে অসংসদীয় ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল যোগ দেওয়ায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন যে প্রাণবন্ত হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। অধিবেশনের প্রতি মানুষের আগ্রহ এবং উৎসাহও বেড়েছে। বিরোধী দলের অনুপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশন প্রতিপক্ষহীন খেলার মাঠে একতরফা গোল করার সঙ্গে তুলনা করা যেতে পারে। এ ক্ষেত্রে গোলের সংখ্যা যত বেশিই হোক না কেন, খেলোয়াড়ের দক্ষতা ও যোগ্যতা প্রমাণিত হয় না।সংসদে এখন ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। স্বভাবতই সবার প্রত্যাশা ছিল, সংসদে বাজেটের চুলচেরা বিশ্লেষণ হবে। বিরোধী দলের সাংসদেরা বাজেটের দুর্বলতা ও ত্রুটিগুলো তুলে ধরবেন, জবাবে সরকারি দলের সাংসদেরা তাঁদের যুক্তি খণ্ডনে সচেষ্ট থাকবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাজেট আলোচনায় এ নিয়েই কথাবার্তা কম। উভয় দলের সাংসদেরা বাজেট বক্তৃতার সুযোগে নিজ নিজ দলের মহিমা প্রচার করছেন এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। কোনো কোনো সাংসদ সংসদীয় রীতিনীতি না মেনে অসংসদীয় ভাষা ব্যবহার করতেও দ্বিধা করছেন না। সাংসদেরা ভুলে যান, ব্যক্তিগত আক্রমণ এবং পরস্পরকে গালাগাল করে তাঁরা যে সময় নষ্ট করছেন, তার পুরো ব্যয় বহন করা হয় জনগণের কষ্টার্জিত অর্থে। জনগণ তাঁদের সংসদে পাঠিয়েছেন আইন প্রণয়নের জন্য, জনগণের অভাব-অভিযোগ ও দুঃখ-কষ্টের কথা বলতে। কিন্তু সাংসদেরা দলীয় স্বার্থে এতটাই অন্ধ যে তাঁদের ওপর অর্পিত সেই দায়িত্ব তাঁরা বেমালুম ভুলে যান।সরকারি দলের সাংসদদের ব্যক্তিগত আক্রমণ বন্ধে বিরোধী দল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছেন। বিরোধী দলের প্রবীণ সাংসদ মওদুদ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখাও করেছে। শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে নবীন হলেও ইতিমধ্যে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বিরোধী দলের সাংসদেরা তাঁকে আশ্বস্ত করে বলেছেন, তাঁরা সংসদীয় রীতিনীতি মেনে চলবেন। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারি দলের পক্ষ থেকেও অনুরূপ প্রতিশ্রুতি আসতে হবে। এ ক্ষেত্রে চিফ হুইপ মুখ্য ভূমিকা পালন করতে পারেন। সংসদকে পল্টন ময়দানের বক্তৃতার মঞ্চ বানানো যাবে না। এখানে সাংসদদের প্রতিটি বক্তব্য হতে হবে তথ্য ও যুক্তিপূর্ণ, শালীন ও ভদ্রোচিত। সাংসদদের মনে রাখতে হবে, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটির পবিত্রতা রক্ষার দায়িত্ব সাংসদদেরই। আশা করি, তাঁরা এমন কিছু করবেন না যাতে সেই পবিত্রতা বিনষ্ট হয়। গত সাড়ে চার বছর নবম জাতীয় সংসদ ভালো চলেছে বলা যাবে না। তবে শেষটা ভালো চলুক—এটাই দেশবাসীর প্রত্যাশা।