২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনায় নিরুত্তাপ সংসদ কিছুটা হলেও উত্তাপ ছড়িয়েছে। সরকারি ও বিরোধী দলের সাংসদেরা অর্থ পাচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন তঁারা। সরকারি দলের সাংসদ আলী আশরাফ বলেছেন, বড় চোরদের দুর্নীতিতে মাথা হেঁট হয়ে যায়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিরোধী সাংসদদের কাছে অর্থ পাচারকারীদের নাম দিতে বলেছেন। অর্থমন্ত্রী হিসেবে এটা তাঁর জানার কথা যে কীভাবে ও কাদের সহায়তায় দেশ থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে এবং কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি হচ্ছে। বিদেশে বাড়ি বানানোর জন্য বৈধভাবে কেউ বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারেন না। অর্থাৎ পাচার করে নেওয়া অর্থেই বাংলাদেশিরা সেখানে এসব বাড়ি করেছেন। একশ্রেণির ব্যবসায়ী আমদানি পণ্যের দাম বেশি এবং রপ্তানি পণ্যের দাম কম দেখিয়ে অর্থ পাচার করেন। এ ছাড়া হুন্ডির মাধ্যমেও প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে থাকে।
অর্থমন্ত্রী যখন পাচারকারীদের নাম–ঠিকানা চাইছেন, তখন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পাঁচ বছরে ১ হাজার ২৪টি পাচারের ঘটনার প্রমাণ পেয়েছে। বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ৫৮টি, ২০১৬-১৭ অর্থবছরে ১২১টি, ২০১৭-১৮ অর্থবছরে ৬৭৭টি, ২০১৮-১৯ অর্থবছরে ৫২টি ও ২০১৯-২০ অর্থবছরে ১১৬টি অর্থ পাচারের ঘটনা ঘটে। সংস্থাটির প্রতিবেদনে পাচারকারীরা দেশের বাইরে কোথায় ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন কিংবা বিনিয়োগ করেছেন, সেগুলোর বিবরণও আছে।
দুর্ভাগ্যজনক হলো, এসব তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো হলেও খুব কম ক্ষেত্রে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হয়। ফলে পাচারকারীরা আশকারা পেয়ে যাচ্ছে। সম্প্রতি যে দুই পাচারকারীকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তাঁরা হলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ শহিদ ইসলাম ও পিপলস লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার। মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালত শহিদ ইসলামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি এখন দেশটির কারাগারে আছেন। আর পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়ে গেছেন। অথচ সরকার তাঁর টিকিটিও ধরতে পারল না।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বছরের নভেম্বরে বলেছিলেন, বাংলাদেশ থেকে কানাডায় যাঁরা টাকা পাচার করেছেন, তাঁদের মধ্যে সরকারি কর্মকর্তাই বেশি। ২৮ জনের মধ্যে রাজনীতিক মাত্র ৪ জন। এরপর উচ্চ আদালত দুদকের কাছে পাচারকারীদের হালনাগাদ তথ্য চাইলেও তারা দিতে পারেনি।
বিএনপির আমলে পাচার হওয়া কিছু অর্থ দেশে ফেরত এনে আওয়ামী লীগ সরকার ফলাও প্রচার করেছিল। তাদের সেই উদ্যোগকে দেশবাসী সাধুবাদও জানায়। তারা আশা করেছিল, এরপর সরকার অর্থ পাচারের ফাঁকফোকরগুলো বন্ধ করবে এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু বাস্তবে এর কোনোটি ঘটেনি। ফলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এবং এখনো যাচ্ছে।
চোখ–কান বন্ধ করে কেউ যদি কিছু খুঁজতে চায়, তবে কোনো দিনই তার সন্ধান মিলবে না। অর্থমন্ত্রী যাঁদের ‘খুঁজে’ বেড়াচ্ছেন, তাঁদের নাম-ধাম পেতে হলে শুধু চোখ–কান খুলতে হবে, আর সেই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তাঁর সরকারের সদিচ্ছা লাগবে। প্রশ্ন হচ্ছে, সরকার কি আসলেই অর্থ পাচার রোধ করতে চায়? দুর্ভাগ্যজনকভাবে সরকারের তরফে এমন কোনো পদক্ষেপ আমরা এখনো দেখতে পাচ্ছি না।