সংসদে রাষ্ট্রপতির ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের শান্তি ও সমৃদ্ধিকে স্থায়ী রূপ দিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ওপর যে গুরুত্ব দিয়েছেন, তা সময়ের দাবি বলেই মনে করি। জাতীয় ঐকমত্য ছাড়া কোনো দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, এ রকম কোনো নজির নেই।

রাষ্ট্রপতি গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশানির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর এ আহ্বানকেও আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।

রাষ্ট্রপতি তাঁর ১৬৩ পৃষ্ঠার ভাষণে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য, কৃষি, পরিবেশ, জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেছেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন, জাতীয় ঐকমত্য ছাড়া শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। বছরের শুরুতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংসদীয় ব্যবস্থার রীতি। এ ভাষণ যেহেতু নির্বাহী বিভাগ তৈরি করে দেয়, সেহেতু সরকারের গুণগান ও উন্নয়নের ফিরিস্তি থাকা অস্বাভাবিক নয়। তবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ এ কারণে বাড়তি গুরুত্ব বহন করে যে সরকারি ও বিরোধী দলের সাংসদেরা এর ওপর আলোচনা করার সুযোগ পান। সরকারি দলের সাংসদেরা যেমন তাঁর ভাষণকে স্বাগত জানান, বিরোধী দলের সাংসদেরা কোথায় গরমিল আছে, সেটি ধরিয়ে দেন।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বেশ কিছু জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক দেশে বিরোধী দলের পক্ষ থেকে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করা হয়। আমাদের দেশে সেই রীতি এখনো চালু হয়নি।

রাষ্ট্রপতির ভাষণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব, স্বচ্ছতা, জবাবদিহি, মানবাধিকার, আইনের শাসনসহ কতিপয় মৌলিক বিষয়ে প্রায় অভিন্ন কথা বলেছেন। এর অর্থ এসব ক্ষেত্রে আমরা খুব বেশি অগ্রসর হতে পারিনি। বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থা সংহত করার জন্য যে পরমতসহিষ্ণুতা প্রয়োজন, তার যথেষ্ট ঘাটতি আছে। অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও দুর্নীতির মাত্রা কমানো যায়নি। সরকারের সাম্প্রতিক শুদ্ধি অভিযানে দুর্নীতির যেসব চিত্র উঠে এসেছিল, তা অত্যন্ত উদ্বেগজনক। ওই অভিযানে বেশ কয়েকজন দুর্নীতিবাজ ধরা পড়ার পরও যে সংশ্লিষ্টদের চৈতন্যোদয় হয়নি, তার প্রমাণ বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বাড়ি থেকে নগদ দুই কোটি টাকা উদ্ধারের ঘটনা।

রাষ্ট্রপতি দেশে শান্তি ও সমৃদ্ধি অর্জনে সরকারের পাশাপাশি বিরোধী দলের কাছে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন। এই মুহূর্তে বা নিকট অতীতে বিরোধী দলের কাছ থেকে শান্তি বিনষ্টের কোনো কারণ ঘটেছে এমন প্রমাণ নেই। তাদের রাজপথে নামতেই দেওয়া হয় না, শান্তি বিনষ্ট করবে কীভাবে? বরং ‘বিরোধী দলের আন্দোলনের মুরোদ নেই’ কিংবা ‘তিন মিনিটও রাজপথ দখল করে রাখতে পারেনি’ ইত্যাদি বলে সরকারি দলের কোনো কোনো নেতা যে উসকানিমূলক কথাবার্তা বলে চলেছেন, তাতেই শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। ভিন্নমত প্রকাশ ও শান্তিপূর্ণ সভা–সমাবেশ করা গণতন্ত্রের পূর্বশর্ত। সংসদীয় গণতন্ত্রে সরকার জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ। সরকার কোনো ভুলত্রুটি করলে সংসদ জবাবদিহি চাইবে, এটাই রীতি। কিন্তু সরকার, ক্ষমতাসীন সরকার ও সংসদ একাকার হলে কিংবা সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ সংকুচিত হলে গণতন্ত্র অধরাই থেকে যাবে।

জাতীয় ঐকমত্য চাইলে এর অন্তরায়গুলো দূর করতে হবে। আর এ ক্ষেত্রে সরকারি দলেরই দায়িত্ব বেশি, সে কথা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না।