সংসদে রাষ্ট্রপতির ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদকে কার্যকর রাখা প্রশ্নে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তাতে গত চার বছর নয়, তারও অনেক আগে থেকে চলে আসা বিরোধী দলের সংসদ বর্জন সমস্যারই প্রতিফলন ঘটেছে। যদিও রাষ্ট্রপতি কেবল বর্তমান বিরোধী দলকেই অভিযুক্ত করেছেন। তাঁর এই দৃষ্টিভঙ্গি যতই খণ্ডিত ও অসম্পূর্ণ হোক না কেন, বিরোধী দলের উচিত হয়নি রাষ্ট্রপতির ভাষণ নাকচ করে দেওয়া।পাকিস্তানের ২৩ বছরে সংসদের প্রতি গণতন্ত্রের প্রতি রাজনৈতিক নেতৃত্বের বৈরী দৃষ্টিভঙ্গি বোধগম্য ছিল। কিন্তু দুঃখজনক যে স্বাধীন বাংলাদেশের নেতারাও সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। সরকারি ও বিরোধী দল একসঙ্গে সংসদীয় ব্যবস্থাকে ধারণ করতে অপারগ থাকছে। এমনকি সেই লক্ষ্যে সামর্থ্য অর্জনেরও তেমন চেষ্টা নেই। সাধারণ নির্বাচন এখন শুধু ক্ষমতার হাতবদলের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। সে কারণে রাজনীতিকেরা দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে—এ ধরনের বিষয় নিয়ে যতটা তৎপর, ততটা সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় ততটাই নিরুৎসাহী। রাষ্ট্রপতির ভাষণে আমরা অভিভাবকসুলভ এমন মনোভঙ্গির প্রতিফলন দেখতে চাই, যা সংবিধান ও সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ। সেই নিরিখে সংসদে রাষ্ট্রপতির সর্বশেষ ভাষণে একটা বড় ঘাটতি রয়ে গেছে। তিনি সংসদকে কার্যকর ও গতিশীল করতে সরকারি দলের ভূমিকা সম্পর্কে মন্তব্যই করেননি। অথচ সংসদ কার্যকর করতে সরকারি দলের পক্ষ থেকেও আমরা কোনো উদ্যোগ লক্ষ করি না। সংসদে যেসব বিষয়ে আলোচনা হয় এবং যে প্রক্রিয়ায় আইন, এমনকি সংবিধানের খোলনলচে বদলে দেওয়া হয়, তা গণতান্ত্রিক ধ্যানধারণার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পূর্বাপর সরকারের আমলে সংসদকে বহুলাংশে ক্ষমতাসীন সরকারের ইচ্ছাপূরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের যে প্রবণতা রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপতির ভাষণে হুঁশিয়ারি ও পরামর্শ থাকা দরকার ছিল। রাষ্ট্রপতি তাঁর ভাষণে এমন কিছুই বলেননি, যাকে আমরা ক্ষমতাসীন দলের নেতাদের রুটিন বক্তব্য থেকে আলাদা করতে পারি।বিরোধী দলের লাগাতার সংসদ বর্জন নিন্দনীয়। রাষ্ট্রপতির সঙ্গে আমরা একমত যে বিরোধী দলের উচিত ছিল সংবিধানসহ প্রতিটি বিষয়ে সংসদে এসে বক্তব্য দেওয়া। আবার অপ্রিয় হলেও সত্য, বিরোধী দলকে সরকারি দল যে আস্থায় নিচ্ছে, সে প্রমাণও দিতে হবে। ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন করা’ এবং তাদেরই ‘প্রাজ্ঞ’ নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন ‘উপহার’ দেওয়ার মতো বক্তব্য চলমান রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখবে না বলেই আমাদের ধারণা।সংসদকে কার্যকর রাখা হবে বলে নির্বাচনের আগে উভয় দল অঙ্গীকার করেছিল। সেই অঙ্গীকারের কথা কেবল বিরোধী দলই যে বিস্মৃত হয়েছে, তা-ই নয়, সরকারি দলও তাদের কর্মকাণ্ডে সংসদকে উপেক্ষা করে চলেছে।