সংস্কার শেষ না হতেই সড়কে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে দুর্নীতির শিকড় কতখানি গভীরে প্রোথিত তা আরেকবার বোঝা গেল ঢাকা-বরিশাল মহাসড়কের একটি অংশের সংস্কারকাজ পুরোটা শেষ হওয়ার আগেই পিচ ও খোয়া উঠে খানাখন্দ তৈরি হওয়ার ঘটনায়।
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, গৌরনদীর আনোয়ারা হাসপাতাল থেকে ভূরঘাটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ১১ দশমিক ৮ কিলোমিটার সংস্কার এবং এর প্রস্থ ৬ ফুট বাড়ানোর জন্য ২০১৬-১৭ অর্থবছরে ১৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। কাজটি বাস্তবায়নের জন্য রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৬ সালের অক্টোবরে কার্যাদেশ দেয় সড়ক ও জনপথ বিভাগ। ২০১৭ সালের মার্চে কাজটি শেষ করার কথা ছিল। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয়। টাকাও বাড়িয়ে ২২ কোটি করা হয়। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। উল্টো মহাসড়কের গৌরনদীর কটকস্থল থেকে খাঞ্জাপুর পর্যন্ত পৌনে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই অংশে ১১টি স্থানে রাস্তা দেবে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। আর এ কারণে মহাসড়কটি ধরে চলাচলকারী যানচালক ও যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যানচালক ও যাত্রীদের ভাষ্য হচ্ছে অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে কাজ শেষ হওয়ার আগেই সড়ক ভাঙা শুরু হয়েছে। সওজের বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবু হানিফ, স্থানীয় একজন প্রকৌশলী ও একজন ঠিকাদারও একই কথা বলেছেন।

প্রশ্ন হচ্ছে এভাবে দুর্নীতি হচ্ছে কিন্তু তা দেখার কেউ নেই কেন? সড়ক সংস্কারে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি দুঃখজনক। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় সড়ক দুর্ঘটনাও বাড়ছে। কিছু মানুষের লোভের কারণে কত মানুষকে যে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। সড়ক সংস্কারের নামে এভাবে জনগণের কোটি কোটি টাকার অপচয় মেনে নেওয়া যায় না।
অবশ্য এ ধরনের দুর্নীতি এ দেশে নতুন কিছু নয়, হরহামেশাই হচ্ছে। গত মার্চ মাসে প্রকাশিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনেও তার সত্যতা মেলে। দুদকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সড়ক নির্মাণে পদে পদে অনিয়ম হয়। এসব অনিয়মের মধ্যে রয়েছে সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া, বালু, বিটুমিন ব্যবহার করা, ঠিকমতো মাটি ও বালু না ফেলা, সময়মতো কাজ শেষ না করে প্রকল্পের ব্যয় বাড়ানো এবং দরপত্রের মাধ্যমে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া। সওজের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারেরা এসব দুর্নীতি করেন। সওজের দুর্নীতি কমাতে দুদক ২১টি সুপারিশও করেছে। আমরা চাই দুদক যেসব সুপারিশ করেছে সরকার তা আমলে নিক এবং এসব সুপারিশ বাস্তবায়ন করুক। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।