সক্ষম ও স্বাধীন নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিনিধিদলের সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যামবারট স্বীকার করেছেন, বাণিজ্য বিষয়ে তাঁরা কথাবার্তা বলতে এলেও আগামী নির্বাচন ও নির্বাচন কমিশন গঠনের বিষয়টিও আলোচনায় আসে। প্রতিনিধিদলের সদস্যরা সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথাবার্তা বলেছেন।

বাংলাদেশে নির্বাচনটি কেমন হবে, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হবে, সেটি একান্তই বাংলাদেশের নিজস্ব বিষয়। কিন্তু এ বিষয়ে যখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব মতৈক্যে পৌঁছাতে পারেন না, তখনই বাইরের লোকজন পরামর্শ দেওয়ার সুযোগ পান। আমাদের রাজনীতিকেরা বারবার সেই সুযোগটি করে দিচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে এখন তারা বিদেশিদের সদুপদেশ সুনজরে দেখছে না। বিএনপি ক্ষমতায় থাকতেও এ ধরনের পরামর্শকে অযাচিত ভাবত। ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষকে এই স্ববিরোধিতা থেকে বেরিয়ে আসতে হবে।

এই যে ৪৫ বছর ধরে আমরা নির্বাচন নিয়ে ঝগড়া করছি, তাতে রাজনৈতিক নেতৃত্বের গোঁয়ার্তুমি প্রকাশিত হলেও দেশ ও গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষমতাসীনদের বুঝতে হবে, সবার অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য অংশ। যদি মাঠ সমতল না থাকে, জনগণ তাদের পছন্দসই প্রতিনিধি বাছাই করবেন কীভাবে? আগে প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেওয়া হোক। তারপর একসঙ্গে দেশ পরিচালনার কথা ভাবা যাবে।

অতীতে যা-ই হোক না কেন, পরবর্তী নির্বাচন কমিশনটি সবার মতামতের ভিত্তিতে হবে, সেটাই প্রত্যাশিত। একটি সক্ষম, শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না, দেশবাসী তা একাধিকবার প্রত্যক্ষ করেছে। আর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে বলে মনে হয় না। এ ব্যাপারে ক্ষমতাসীনদের দায়িত্বই যে সিংহভাগ, সে কথাটিই ফের স্মরণ করিয়ে দিচ্ছি।