অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন, তা তাঁর পূর্ববর্তী বাজেটগুলো থেকে খুব ভিন্ন বলা যাবে না। এবারের বাজেটে আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে ২ লাখ ৪৮ হাজার ২৬৮ কোটি টাকা ও ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
বাজেটের ক্রমাগত আকার বৃদ্ধি নিয়ে সরকারের মধ্যে একধরনের আত্মসন্তুষ্টি আছে। কিন্তু সেই বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর জোরদার উদ্যোগ দেখা যায় না। অনেক প্রকল্পের কাজ সময়মতো শুরুই হয় না। বছর শেষে বাজেট কাটছাঁট করতে হয়। প্রস্তাবিত বাজেটে যে তা হবে না, সেই নিশ্চয়তা কি অর্থমন্ত্রী দিতে পারবেন? বিগত বছরে যেখানে কর আদায়ের প্রবৃদ্ধি ৩০ শতাংশ ধরেও অর্ধেকের বেশি অর্জন করা যায়নি, সেখানে এবারে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন আলাদিনের চেরাগ ছাড়া সম্ভব নয়।
অর্থমন্ত্রী এবারে প্রবৃদ্ধি উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যয় ব্যক্ত করেছেন বাজেটে তার প্রতিফলন তেমন দেখা যায় না। বরং মোবাইল ফোনের ওপর সারচার্জ বাড়ানো, সংবাদপত্রের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন, রড, শিশুদের বই ও ১২০ টাকা দামের চপ্পলের ওপর মূসক বসানো কতটা সমীচীন হয়েছে, তাও ভেবে দেখা প্রয়োজন।
তবে কারখানায় প্রতিবন্ধীদের কর্মসংস্থান করলে কর রেয়াত, বেসরকারি খাতে পেনশন চালু, শিল্পের অগ্নিনির্বাপণ যন্ত্র, রাবার, পোলট্রি ও গবাদিপশুর খাবার এবং এলইডি বাতির ওপর কর কমানো ভালো পদক্ষেপ বলে মনে করি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোকেও আমরা স্বাগত জানাই।
অর্থমন্ত্রী প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ ধার্য করেছেন। প্রবৃদ্ধি বাড়াতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। আর সেই বিনিয়োগের জন্য অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। অর্থমন্ত্রী ১০টি বড় প্রকল্পে আলাদা বরাদ্দ দিয়ে এগুলোকে প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা বলে অভিহিত করেছেন। তবে সঠিক সময়ে তদারকির মাধ্যমে এগুলোর বাস্তবায়নই তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হবে।