সখী, নীরবে থাকিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীরব নিঃশব্দ জিকির নিয়ে পড়াশোনা করছি। নজরুল ইসলাম জীবনের শেষ দিকে সপ্তাহে এক দিন বৃহস্পতিবার নীরব থাকতেন। কথা বলতেন না কারও সঙ্গে। জানতে ইচ্ছা করে, আকার-ইঙ্গিতে দিনটি কাটত কেমন করে। রসের ভিয়েন একেকজন সাহিত্য ও সংগীতব্যক্তিত্ব যখন তাঁর দ্বারে উপস্থিত সেই দিনটিতে, কীভাবে ঠেকাবেন কথার জোয়ার?অধমের ক্ষেত্রে কেমনটা, সেটি বলতেই লেখা। যেদিন বৃহস্পতিবার, সেদিনই লন্ডন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া থেকে ফোন বেজে উঠবে। বলা তো যায় না, দৈবাৎ একটি আমন্ত্রণ যদি উড়ে আছে। টেলিফোন বন্ধ। ওরা জানবে কী করে, আজ কথা বলব না। টেলিভিশন চ্যানেল থেকে আমন্ত্রণ আসত বৈকি, এখন কমে গেছে। এলে ওই দিনটিতেই আসবে, যখন আমার নীরবতা।নানাজনে টাকা পাবে, স্বাভাবিক ঘটনা। ওই দিনটি তারা তাগাদা দেওয়ার দিন হিসেবে ঠিক করেছে। ভাবছেন, তাদের ন্যায্য পাওনা মিটিয়ে না দেওয়ার কারণেই আজকের দিনটিতে নীরব। ডিশের, ক্লিনারের, ফলওয়ালার, ধোপার বিল নেওয়ার জন্য ওই দিনই তারা আমার গেটে অপেক্ষমাণ। ক্যাশ দিয়ে দিই, তাতেও সমস্যার সমাধান নেই। একজনের কাপড় আরেকজনকে দিয়ে গেছে। প্যান্টগুলো আমার নয়, তবে সুন্দর একটি হাওয়াই শার্ট পেলাম। এত সুন্দর যে বলার নয়, তবে ওর ভেতরে ঢুকব সেদিন গত। পঁচাত্তর কীভাবে প্রবেশ করবে পঁচিশে।লেকের পাড়ে সকাল। সালাম দিলে ইঙ্গিতে তার প্রত্যুত্তর। একজন বললেন, ‘আপনার লেখা দুবার পড়ি। নতুন কিছু পেয়ে যাই, যা বলতে চান শেষ লাইনে।’ নিরুত্তর আমি। একজন বললেন, ‘আপনার শেষ বইটি পড়ার জন্য উতলা হয়ে আছি।’ তখন প্রায় বলেই ফেলেছিলাম, আমি বাঁচব আরও কয়েক বছর, আরও ১০টি বই হয়তো মুক্তির পথ দেখবে। লালন যাত্রীর পশরা শেষ বই হতে যাবে কেন? পরমুহূর্তে ভাবলাম, আমি তো উত্তর দেব না, তাহলে মনের মধ্যে উত্তর তৈরি হচ্ছে কেন? লেকের পাড়ে যতক্ষণ বেড়ালাম, রাজ্যের প্রশ্নরা এসে ভিড় করল। সদা প্রস্তুত আমি উত্তর নিয়ে।তাহলে আমার মন আজ সবচেয়ে বেশি কথা বলছে। যখন শব্দাবলিকে কণ্ঠ দ্বারা প্রকাশ করতে বাধা দিই, তখনই আমার মন খুলে যায়। প্রবেশ করি নতুন কথার রাজ্যে। অবাক আমি। যার সঙ্গে কথা বলছি, তাকে চিনি না, কোনো দিন দেখিনি; কিন্তু বুঝতে পারছি, তিনি আমার সঙ্গ ভালোবাসেন, সঙ্গ ছাড়ছেন না, নিত্যনতুন কথার জালে জড়িয়ে পড়ছি আমি। জীবন তো একঘেয়ে, ক্লান্তিকর। চারদিকে শুধু ধূলি, শুধু ছাই। যুক্তির পথে যাব, না ভক্তির পথে? ধর্মশিক্ষা বা নীতিশিক্ষার মধ্যে মানুষের পরিচয় নিহিত নয়, পূর্ণ পরিচয় যে জীবন তিনি ধারণ করেন তার প্রকাশে। কাউকে ভালোবাসি কি বাসি না, তা আমার কণ্ঠনিঃসৃত বাণীর মাধ্যমে প্রকাশিত হলেও সেটাই শেষ কথা নয়। শেষ কথা হলো, আমার বাণী অথবা গানের সঙ্গে আমার জীবনের মিল ছিল কি না।ফুলের গাছের পাশ দিয়ে হেঁটে যাই, কী হলো আজ? ওরা কথা বলতে চাইছে। এমনটি হয়েছিল কয়েকবার যুক্তরাষ্ট্রে থাকতে। সাসকাচুয়ান উপত্যকায় লেখা একটি কবিতার সামান্য অংশ:অজস্র কবিতারাশি আছে আমার হূদয়ে/ সততই উপচে পড়ে পথের পাশের তৃণলতার হলুদ ফুলের মতোই/ পাইনের বনে অসংখ্য গাছের কোটি কোটি ফুল এসেছে নতুন বসন্তে/ একটু বৃষ্টিতে তার থেকে বেরোবে সবুজ সবুজ কচি কচি পাতা আর ফুল/ আমার হূদয়ে যে বুদ্বুদের মতো জন্ম কবিতার/ তার শ্রোতা আর যদি না’ও পাওয়া যায়, তুমি হও বনলতা/ বনলতা তোমার দিকে অবাক হয়ে চেয়ে থাকি/ কি আশ্চর্য সহজ সাবলীলতায় অনায়াসে সবার চোখের আড়ালে/ সাসকেহেনা উপত্যকার প্রতিটি গালিচা সহজে বিছিয়ে দিয়েছ তোমার ঘ্রাণ/ আশ্চর্য সুন্দর তুমি বনলতা তোমার বিছানায়/ সবার চোখ ফাঁকি দিয়ে ফুটে চলা অনবরত অবিরাম অসংকোচে/ পথহারা পথিকের গাঢ় বাদামি চোখের বিস্ময়ে চিরদিন ফুটে রইলে/ নীল আকাশে হালকা পালকের মতো মন নিয়ে/ ছুটে চলি বনভূমি থেকে আরেক সবুজ উপত্যকায়/ বিধাতা দিয়েছেন আমায় ডানা/ যা কোনো দিন উড়তে পারেনি আজ উড়ছে, সাসকেহেনা নদীর পানি বড় নির্মল, বড় পবিত্র/ তারই মতো স্ফটিকস্বচ্ছ আমার মন/ অনায়াসেই হলুদ ফুলের সবটুকু ব্যথা সবটুকু রং গেঁথে নি’ আমার হূদয়ে/ তোমার গান যদি কেউ না শোনে বনলতা/ সারাদিন সারাক্ষণ সারা দিনক্ষণ চিরদিন রইব তোমার পাশে/ যখন চলে যাব এই উপত্যকা থেকে/ তখনো জানবে, আছি তোমার পাশেই/ অচঞ্চল, অপলক আঁখি নিয়ে।সাসকেহেনা ভ্যালি, লুইসবার্গ২৪ এপ্রিল, ১৯৯৭দুটি সত্তা। একটি যখন আমি প্রকৃতির সন্তান, প্রকৃতির কোলে লালিত-পালিত সেই নিয়মাবলির অধীন। আরেকটি শক্তি চুম্বকের মতো তাকে টানছে, মানুষের দেহমনোভূমি, যা ঈশ্বরের দিকে টানছে। এই ঈশ্বরকে নিয়ে সদা কথোপকথনের বেড়াজালে আবদ্ধ আমি। জগৎ ছাড়িয়ে জগদীশ্বরের নিরন্তর সত্তা ধর্মপ্রাণ ব্যক্তির চোখের আড়াল। প্রত্যেকের নিজস্ব ঈশ্বর তাকে স্বতন্ত্র করে তৈরি করেছে। প্রকৃতির কোলে লালিত সে এবং সেই প্রকৃতির মাঝেই তার বেড়ে ওঠা। দুটি সত্তাকে এক করেছি, সত্য দিয়ে প্রস্তুত এ ঈশ্বর। তার কাছে সদা নত। তিনি নিত্য নব নব রূপে উদ্ভাসিত। জাগতিক কথা কমিয়ে দিই। নিশ্চুপ হলে তিনি ধরা দেবেন।মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য-সংগীতব্যক্তিত্ব। [email protected]